বাংলাদেশের ক্লাব ছাড়তে চান শুকি ইতোফুসা

ফর্টিস এফসির সঙ্গে চুক্তির মেয়াদ এখনো বাকি। তবে জাপানের লিগে খেলার প্রস্তাব পাওয়ায় আগেভাগেই ক্লাব ছাড়তে চান বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসা। এ জন্য চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ফর্টিসের কাছে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র চেয়েছেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। তাঁর আবেদনটি এখনো বিবেচনা করছে ক্লাব কর্তৃপক্ষ।
উন্নত লিগে খেলার সুযোগ পেলে দেশের ফুটবলারদের আটকে রাখতে চায় না ফর্টিস। বিশেষ করে জাতীয় দলের স্বার্থ বিবেচনায় নিয়ে শুকির আবেদন ইতিবাচকভাবে দেখছে ক্লাবটি। এ বিষয়ে ফর্টিস এফসির ম্যানেজার রাশেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শুকি আমাদের কাছে আবেদন করেছে। এক বছরের চুক্তি থাকলেও ভালো লিগে খেলার সুযোগ পেলে আমরা বিষয়টি বিবেচনা করতে চাই। আমাদের দেশি ফুটবলারদের সামনে উন্নত লিগে খেলার সুযোগ এলে অবশ্যই সেটি দিতে চাই। এতে শুধু ক্লাব নয়, জাতীয় দলও উপকৃত হবে। তবে বিষয়টি এখনো প্রক্রিয়াধীন।’
বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার লক্ষ্য নিয়েই গত ২ সেপ্টেম্বর লাওসের ক্লাব সাভানাখেত জেলোস ছেড়ে ফর্টিস এফসিতে যোগ দিয়েছিলেন জাপানে বেড়ে ওঠা শুকি। ফর্টিসের জার্সিতে অভিষেক মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগের পাশাপাশি এএফসি চ্যালেঞ্জ লিগেও খেলেছেন তিনি। এ প্রতিযোগিতায় রেগার-তাদাজ তুরসুনজোদার বিপক্ষে একটি গোলও করেছেন এই লেফট উইঙ্গার।
জাতীয় দলের হয়েও নিয়মিত খেলছেন শুকি। গত সেপ্টেম্বরে ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় তাঁর। এরপর থেকে জাতীয় দলের হয়ে মাঠে দেখা গেছে তাঁকে। খেলেছেন ৫ ম্যাচ।
আগামীকাল জাতীয় স্টেডিয়ামে নিজেদের প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলতে নামবে ফর্টিস এফসি। নতুন ভেন্যুতে খেলতে দলের ফুটবলাররা মুখিয়ে আছেন বলে জানিয়েছেন রাশেদুল ইসলাম। বসুন্ধরা কিংস অ্যারেনার পর জাতীয় স্টেডিয়ামের মতো উন্নত মানের মাঠে খেলার সুযোগ পাওয়ায় নিজেদের স্বাভাবিক ছন্দে ফুটবল খেলা সহজ হবে বলেও মনে করেন ফর্টিস ম্যানেজার।









