Ajker Patrika

হারের পর নিজের গালেই চড় মারলেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার

ক্রীড়া ডেস্ক    
হারের পর নিজের গালেই চড় মারলেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার
ম্যানচেস্টার ইউনাইটেডের হারের পর নিজের গালেই চড় মেরেছেন গ্যারি নেভিল। ছবি: সংগৃহীত

বাজে সময়ের চক্রে ঘুরপাক খাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। কোচ বদলালেও পরিবর্তন হয়নি ইউনাইটেডের ভাগ্য। মরিসিও পচেত্তিনো আসার পর বাজেভাবে হারল ইউনাইটেড। হারের পর নিজের গালে সপাটে চড় মারলেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার গ্যারি নেভিল।

পচেত্তিনো কোচ হওয়ার পর গত রাতে প্রথমবারের মতো খেলতে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যানফিল্ডে গতকাল প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে ৪-০ গোলে হেরে বসে ইউনাইটেড। ম্যাচ শেষে স্কাই স্পোর্টসের স্টুডিওতে খেলা বিশ্লেষণ করছিলেন নেভিল। একপর্যায়ে নিজের ক্ষোভ আর ধরে রাখতে পারেননি। তাঁর অদ্ভুত এক মন্তব্যে পাশে বসা জেমি ক্যারাঘার হেসে ওঠেন। একই সঙ্গে সম্প্রচার প্যানেলের অন্য সদস্যদের মধ্যেও হাসির রোল পড়ে যায়। এই হাসির মধ্যেই নেভিল সজোরে নিজের গালে চড় মেরে বসেন।

স্কাই স্পোর্টসে ইউনাইটেডের এই বিপর্যয় বিশ্লেষণ করতে গিয়ে নেভিল রক্ষণভাগের খেলোয়াড়দের শারীরিক ভাষা নিয়ে তীব্র সমালোচনা করেন। তাঁর দাবি, ম্যাচের সময় ডিফেন্ডারদের কখনোই যথেষ্ট সতর্ক বা সজাগ মনে হয় না। ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার বলেন, ‘তাদের কাউকেই আমি পায়ের আঙুলের ওপর ভর দিয়ে সতর্ক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখিনি। এমনও মনে হয়নি যে তাদের কোনো পরিকল্পনা আছে তাদের কাউকেই কখনো এমন অবস্থায় দেখি না।’

ইউনাইটেডের ডিফেন্ডারদের সমালোচনা করতে গিয়ে নেভিল নিজের মাথার দিকে ইশারা করেন। সাবেক এই রাইট-ব্যাক মুখ হাঁ করে শূন্যে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন এবং বলতে থাকেন, ‘তারা ঠিক এ রকম থাকে।’ স্টুডিওতে সবাইকে চমকে দিয়ে নেভিল নিজের গালে সজোরে চড় মেরে বলেন, ‘জেগে ওঠো।’

লিভারপুলের কাছে ৪-০ গোলে হারায় বোঝাই গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণভাগের কী হতশ্রী অবস্থা। মাত্র ১০ মিনিটেই ১০ জনের দলে পরিণত হয় ইউনাইটেড। লাল কার্ড দেখেন ইউনাইটেড ডিফেন্ডার লেনি ইয়োরো। ইউনাইটেড ডিফেন্ডার ম্যাথিয়াস ডি লিখট এক পর্যায়ে বলের ওপর নিজের নিয়ন্ত্রণ হারিয়ে বলেন। তখন লিভারপুলের ফরোয়ার্ড আলেকজান্ডার ইসাককে ফাউল করে এরপর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইয়োরো।

ইয়োরো, ডি লিখট ও লিসান্দ্রো মার্তিনেজকে নিয়ে গড়া ইউনাইটেডের শুরুর রক্ষণভাগ লিভারপুলের একের পর এক আক্রমণ সামলাতে হিমশিম খায়। এমনকি হ্যারি ম্যাগুয়ারকে মাঠে নামিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। গতকাল লিভারপুলের চার ফুটবলার গোল পেয়েছেন। ডোমিনিক সোবোসলাই, ফ্লোরিয়ান ভাইর্টজ, রিও এনগুমোহা, ভিক্টর মুনোজ গোল করেছেন।

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২১ শিরোপা জিতেছেন নেভিল। যার মধ্যে আটবার প্রিমিয়ার লিগ ও দুইবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন তিনি। এবার দলের শোচনীয় অবস্থা দেখে ক্ষোভ স্টুডিওতেই ঝেড়ে ফেললেন। ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ২০ দলের মধ্যে পয়েন্ট টেবিলের ১৮ নম্বরে ম্যান ইউনাইটেড। ২০২৬-২৭ প্রিমিয়ার লিগে কেবল এক ম্যাচ জিতেছে দলটি। পাঁচটি করে ম্যাচ হেরেছে ও ড্র করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত