Ajker Patrika

সৌম্যকে ৫ বছর পর দলে নেওয়ার ব্যাখ্যা দিলেন বিসিবি প্রধান নির্বাচক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১৬: ৩৮
সৌম্যকে ৫ বছর পর দলে নেওয়ার ব্যাখ্যা দিলেন বিসিবি প্রধান নির্বাচক
পাঁচ বছর পর টেস্টে ফিরছেন সৌম্য সরকার। ছবি: এএফপি

১২ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও জাতীয় দলে থিতুই হতে পারেননি। অফফর্মের কারণে প্রায় সৌম্য সরকার থাকেন আসা-যাওয়ার মধ্যে। সাদা বলের সংস্করণে সম্প্রতি নিয়মিত খেললেও টেস্টে এক রকম ব্রাত্যই বলা চলে। অবশেষে ক্রিকেটের রাজকীয় সংস্করণে তিনি ফিরেছেন পাঁচ বছর পর।

অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন দল ঘোষণার সময় সৌম্যর ফেরা নিয়ে শুরু হয় আলোচনা। সবশেষ ২০২১ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে খেলেছেন তিনি। অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টের দল থেকে মাহমুদুল হাসান জয়কে বাদ দিয়ে ফেরানো হয়েছে সৌম্যকে। যে সৌম্য তাঁর ক্যারিয়ারে টেস্টই খেলেছেন সর্বসাকল্যে ১৬টা। এমনকি প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচের সেঞ্চুরিও তিনি পূর্ণ করতে পারেননি। ৯৮ প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৬ সেঞ্চুরি ও ৩৫ ফিফটিতে করেছেন ৫৪৫৬ রান। গড় ৩৩.৯৭।

আজ বিসিবি প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন যখন সংবাদ সম্মেলনে এলেন, তখন তাঁর কাছে এসেছে সৌম্যকে দীর্ঘ পাঁচ বছর পর টেস্টে ফেরানোর প্রশ্ন। উত্তরে সুমন বলেন,কিছুটা তাড়াহুড়োর জায়গা থেকে বলতে পারেন। সত্যি বলতে আপনি যদি আমাদের এনসিএলটাও দেখেন, এখানে যারা রান করেছে, তারা আসলে একেবারে নতুন ক্রিকেটার। জাকির হাসান আছেন একজন, যিনি টেস্ট ম্যাচ খেলেছেন। তবে আমাদের কাছে মনে হয়েছে সৌম্য অস্ট্রেলিয়ায় এই পেস বোলিংটা সৌম্য সরকার খেলেছে। বাকিরা কেউ খেলেনি। যেটা বললাম যে আমাদের পাইপলাইনে যেসব খেলোয়াড় আছেন, তারা কেউ প্রস্তুত না।’

সবশেষ ২০২৫-২৬ জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ৬৩৩ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন সৌম্য সরকার। ৭ ম্যাচের ১৪ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন। ১ সেঞ্চুরি ও ৪ ফিফটি করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে ১৮৬ রানের ইনিংস খেলেছেন এখানেই। এ ছাড়া তাঁর অস্ট্রেলিয়ার মাঠে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাও রয়েছে। আর সবশেষ এনসিএলে জাকির হাসান দ্বিতীয় সর্বোচ্চ ৬২৮ রান করেছেন। এই টুর্নামেন্টে সৌম্য ও জাকিরের গড় ছিল ৪৫.২১ ও ৫৭.০৯।

জাকিরের চেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা বেশি বলে সৌম্যকে অস্ট্রেলিয়া সিরিজের দলে নেওয়া হয়েছে বলে মনে করেন সুমন। একই সঙ্গে বিসিবি প্রধান নির্বাচক এটাও ইঙ্গিত দিয়েছেন, পাইপলাইনে থাকা আশিকুর রহমান শিবলি-প্রীতম কুমারদেরও ধাপে ধাপে জাতীয় দলে আনা হবে।

অস্ট্রেলিয়া সফরে তাই পাইপলাইনে থাকা ক্রিকেটারদের চেয়ে সৌম্যর ওপর বেশি ভরসা করছে বিসিবি। আজ সংবাদ সম্মেলনে বিসিবি প্রধান নির্বাচক বলেন, ‘আমার মনে হয় তাদেরকে কমপক্ষে বিশেষ করে টেস্টে আসার আগে এক-দুই বছর সময় দিতে চাই। দেওয়া উচিত। সামনে যে সিরিজগুলো আছে, সেগুলো খেলার পরে আমাদের সামনে এনসিএল আছে, বিসিএল আছে, কিছু প্লেয়ার পারফর্ম করেছে। শিবলীর মতো পারফর্মার আছে। প্রীতম কুমারও পারফর্ম করেছে। তবে আমার মনে হয় তাদের এখনো টেস্ট ম্যাচে আসার মতো অবস্থা হয়নি। তাদেরকে আরেকটু সময় নিয়ে আসতে চাই। পাইপলাইনে যারা আছেন, তারা আসলে আমরা মনে করি এই মুহূর্তে অস্ট্রেলিয়ার মতো সিরিজে না নিয়ে আমরা একটা পরীক্ষিত ওপেনার নিতে চেয়েছি।

আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টের ভেন্যু ম্যাকে। এই ম্যাচ মাঠে গড়াবে ২২ আগস্ট। আট ম্যাচে সাত জয়ে ৮৭.৫০ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সবার ওপরে অস্ট্রেলিয়া। এই চক্রে চারে থাকা বাংলাদেশের সফলতার হার ৫৮.৩৩ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত