Ajker Patrika

নিজ শহরে হাজারো ভক্তের ভালোবাসায় সিক্ত আর্জেন্টাইন ডিফেন্ডার

ক্রীড়া ডেস্ক    
নিজ শহরে হাজারো ভক্তের ভালোবাসায় সিক্ত আর্জেন্টাইন ডিফেন্ডার
ভক্তদের আবদারে সেলফি তুলছেন লিসান্দ্রো মার্তিনেস। ছবি: সংগৃহীত

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতা হয়নি আর্জেন্টিনার। তাতে অবশ্য খেলোয়াড়দের প্রতি সমর্থকদের ভালোবাসায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। তারই আরেকটি প্রমাণ মিলেছে আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসের নিজ শহর গুয়ালেগুয়েতে।

বিশ্বকাপ শেষে নিজ শহরে ফিরতেই আবেগঘন এক গণসংবর্ধনায় সিক্ত হলেন লিসান্দ্রো। হাজারো সমর্থকের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে মঞ্চে উঠে সবার শুভেচ্ছা গ্রহণ করেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা। পরে সমর্থকদের সঙ্গে করমর্দন, আলিঙ্গন, ছবি তোলা এবং অটোগ্রাফ দিয়েও সময় কাটান তিনি।

সংবর্ধনার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শৈশবের শহরে ফিরে আসার অনুভূতি প্রকাশ করেন লিসান্দ্রো। তিনি বলেন, ‘নিজের শিকড়ে ফিরে আসা, যাদের সঙ্গে বড় হয়েছি তাদের সঙ্গে এই সময়টা ভাগ করে নেওয়া—এর চেয়ে বড় অনুভূতি আর কিছু হতে পারে না। আমার জন্য এটি ভীষণ তৃপ্তিদায়ক এবং সত্যিই খুব বিশেষ একটি মুহূর্ত।’

বিশ্বকাপের রোমাঞ্চকর দিনগুলো এখনো যেন অবাস্তব মনে হয় লিসান্দ্রোর কাছে। প্রিয়জনদের মাঝে ফিরে সেই অনুভূতির কথাও তুলে ধরেন তিনি, ‘অবিশ্বাস্য লাগে, সত্যিই মনে হয় যেন কিছুই ঘটেনি। তবে আমি বিশ্বাস করি, জীবনে বড় স্বপ্ন দেখতে হবে, সেই স্বপ্নের পেছনে ছুটতে হবে এবং নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। আত্মবিশ্বাস নিয়ে দৃঢ়ভাবে এগিয়ে যেতে হবে।’

সংবর্ধনা অনুষ্ঠানে লিসান্দ্রোকে এন্ত্রে রিওস প্রদেশের গুয়ালেগুয়ের সম্মানসূচক নাগরিক ঘোষণা করা হয়। ভোর থেকেই হাজারো মানুষ তাঁকে স্বাগত জানাতে অপেক্ষা করছিলেন। শিশু থেকে শুরু করে পুরো পরিবার—অনেকেই আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি ও পতাকা নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিশ্বকাপ ফাইনালের আক্ষেপও উঠে আসে লিসান্দ্রোর কণ্ঠে। আবেগাপ্লুত হয়ে এই ফুটবলার বলেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার পরও আমি এখানে এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এবার আমরা সেটি আবার করতে পারিনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত