Ajker Patrika

বাজে হারের পর পাকিস্তানকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর খোঁচা

ক্রীড়া ডেস্ক    
বাজে হারের পর পাকিস্তানকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর খোঁচা
পাকিস্তানকে খোঁচা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: সংগৃহীত

ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—ভারত-পাকিস্তান ম্যাচ শেষে প্রত্যেকবারই বলতে হয় এই ক্লিশে কথা। মাঠে গড়ানোর আগেই ম্যাচের যা ফল অনুমান করা হয়, দিন শেষে সেটাই দেখা যায়। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেন তা-ই বোঝাতে চাইলেন। গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ শেষে প্রতিবেশীদের খোঁচা দিয়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতকে সবশেষ পাকিস্তান হারিয়েছে দুবাইয়ে ২০২২ এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে। গত সাড়ে তিন বছরে দুই দল মুখোমুখি হয়েছে ১০ বার। যার মধ্যে ৯টিতেই জিতেছে ভারত। বৃষ্টিতে ভেসে গেছে এক ম্যাচ। কলম্বোর প্রেমাদাসায় গতকাল পাকিস্তানের বিপক্ষে ভারতের ৬১ রানে জয়ের পর সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়েছেন অমিত শাহ। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ‘ভারত দারুণ খেলেছে। সংস্করণ, ভেন্যু, তারিখ বদলাতে পারে। তবে ভারত-পাকিস্তান ম্যাচের ফল একই। পুরো দলকে অভিনন্দন।’

ভারতের বিপক্ষে গতকাল পাকিস্তান ১৮ ওভার স্পিন করিয়েছে। আর একমাত্র পেসার হিসেবে ২ ওভার বোলিং করেছেন শাহিন শাহ আফ্রিদি। ভারতের যে ৭ উইকেট পড়েছে, তার মধ্যে সাইম আইয়ুব একাই নিয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে খরচ করেছেন ২৫ রান। একটি করে উইকেট নিয়েছেন উসমান তারিক ও সালমান আঘা। তবে দুই লেগস্পিনার শাদাব খান ও আবরার আহমেদ বেধড়ক পিটুনি খেয়েছেন। দুজনের সম্মিলিত ৪ ওভারে ভারত নিয়েছে ৫৫ রান। তাঁরা (শাদাব-আবরার) কেউ কোনো উইকেট পাননি।

৬১ রানে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাজে ব্যাটিংকেই দায়ী করেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা। তিনি বলেন, ‘আমরা চার স্পিনার নিয়েছিলাম। তাদের মধ্যে এক জনের দিনটা বাজে গিয়েছিল। ব্যাট হাতে আমাদের শুরুটা ভালো ছিল না। প্রথম ইনিংসে উইকেট একটু কঠিন ছিল এবং বলও থেমে থেমে আসছিল। দ্বিতীয় ইনিংসে পিচ ভালো আচরণ করলেও ব্যাটিংয়ে সুবিধা করতে পারিনি।’

কলম্বোর প্রেমাদাসায় গতকাল ভারত-পাকিস্তান ম্যাচে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা ছিল। তবে একফোঁটাও বৃষ্টি হয়নি। এমনকি পাকিস্তান অধিনায়ক সালমান ও ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব টসের সময় হ্যান্ডশেকও করেননি। পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটের টিকিট কাটল ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ৯ বারের দেখায় ৮ বার জিতেছে ভারত। পাকিস্তান জিতেছে এক ম্যাচ। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। গতকাল ইশান কিশানের ৪০ বলে ৭৭ রানের ইনিংসে ভারত আগে ব্যাটিং করে ২০ ওভারে ৭ উইকেটে করেছে ১৭৫ রান। ভারতের এই ওপেনার ১০ চার ও ৩ ছক্কা মেরেছেন। জবাবে পাকিস্তান ১৮ ওভারে ১১৪ রানে গুটিয়ে গেছে। ম্যাচসেরা হয়েছেন ইশান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত