Ajker Patrika

পাকিস্তানি ক্রিকেটারকে হটিয়ে রাজার সিংহাসনে জিম্বাবুয়ের রাজা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ৫৪
পাকিস্তানি ক্রিকেটারকে হটিয়ে রাজার সিংহাসনে জিম্বাবুয়ের রাজা
সাইম আইয়ুবকে হটিয়ে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে এখন সিকান্দার রাজা। ছবি: ক্রিকইনফো

ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট—সিকান্দার রাজার সঙ্গে ক্রিকেটের বহুল প্রচলিত প্রবাদ বাক্যটাই যেন মানানসই। এবারের বিশ্বকাপে চমক দেখিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটের টিকিট কেটেছে রাজার নেতৃত্বাধীন জিম্বাবুয়ে। পাকিস্তানি ক্রিকেটারকে হটিয়ে রাজা ফিরে পেলেন তাঁর রাজসিংহাসন।

রাজা ছন্দে থাকলেও পাকিস্তানের সাইম আইয়ুব এই বিশ্বকাপে রীতিমতো ধুঁকছেন। বোলিংয়ে ঘূর্ণিজাদু দেখানো সাইম ব্যাটিংয়ে বলার মতো কিছুই করতে পারছেন না। যার প্রভাব পড়েছে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) হালনাগাদ করা সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে দেখা যায়, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে এখন শীর্ষে রাজা। তাঁর রেটিং পয়েন্ট ২৯৪। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫১ গড় ও ১৬৭.২১ স্ট্রাইকরেটে করেছেন ১০২ রান। বোলিংয়ে ৯.৩৮ ইকোনমিতে নিয়েছেন ১ উইকেট।

রাজা শীর্ষে ওঠায় সিংহাসন খুইয়েছেন সাইম আইয়ুব। এক ধাপ পিছিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এখন দুইয়ে সাইম। পাকিস্তানি অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২৮১। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ গড় ও ১৩৭.২৫ স্ট্রাইকরেটে করেছেন ৭০ রান। ৭.৪ ইকোনমিতে বোলিংয়ে নিয়েছেন ৫ উইকেট। ২৭২ ও ২৪৪ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে তিন ও চারে ভারতের হার্দিক পান্ডিয়া ও নেপালের দীপেন্দ্র সিং ঐরি। নেপাল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে উঠতে না পারলেও দুটি ফিফটি করেছেন।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনবার শূন্য রানে আউট হওয়া অভিষেক শর্মা রানের খাতা খুলেছেন রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচে করেছেন কেবল ১৫ রান। তবু টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। তাঁর রেটিং পয়েন্ট ৮৭৭। ৮১৫ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে দুই নম্বর স্থান ধরে রেখেছেন ফিল সল্ট। দুই ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তিন নম্বরে উঠে এসেছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান। তাঁর রেটিং পয়েন্ট ৮১০। ২৮৩ রান করে এখন পর্যন্ত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহক।

পাতুম নিশাংকা এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় তিনে। ২০৮ রান করেছেন তিনি। একটা সেঞ্চুরিও করেছেন। তবু তাঁর অবনতি রয়েছে। এক ধাপ পিছিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে চার নম্বরে নেমে গেছেন লঙ্কান এই ব্যাটার। তাঁর রেটিং পয়েন্ট ৭৮৯। সেরা দশে থাকা ভারতের ইশান কিষাণ ও দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিসের উন্নতি হয়েছে। তিন ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে উঠে এসেছেন ইশান। তাঁর রেটিং পয়েন্ট ৭৪২। আর দশ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বর ব্যাটার এখন ডেওয়াল্ড ব্রেভিস। তাঁর রেটিং পয়েন্ট ৭২৪।

৭৯০ রেটিং পয়েন্ট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের বরুণ চক্রবর্তী। দুইয়ে থাকা রশিদ খানের রেটিং পয়েন্ট ৭৫৩। তিনি আগের অবস্থানেই আছেন। বড় লাফ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার করবিন বশ। ২১ ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে তিনে বশ। এবারের বিশ্বকাপে চার ম্যাচে ৫.৬৬ ইকোনমিতে নিয়েছেন ৭ উইকেট।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সেরা দশে থাকা আফগানিস্তানের মোহাম্মদ নবি ও ভারতের শিবম দুবের উন্নতি হয়েছে। তিন ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে এখন আট নম্বরে নবি। তাঁর রেটিং পয়েন্ট ২০৯। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চার ম্যাচে ৬.৫২ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। যদিও তিনি ব্যাটিংয়ে আহামরি তেমন কিছু করতে পারেননি এবং তাঁর দল প্রথম পর্ব থেকে বিদায় নিয়েছে।

দুবে দুই ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে সাত নম্বরে উঠে এসেছেন। তাঁর রেটিং পয়েন্ট ২১৬। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ ম্যাচে ৩১.৬০ ও ১৫৪.৯০ স্ট্রাইকরেটে করেছেন ১৫৮ রান। করেছেন এক ফিফটি। ক্যামিও ইনিংস খেলার পাশাপাশি বোলিংয়ে নিয়েছেন ৪ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে

গভর্নর আহসান মনসুর বেরিয়ে যাওয়ার পর বের করে দেওয়া হলো তাঁর উপদেষ্টাকেও

নতুন স্বরাষ্ট্রসচিব মনজুর মোর্শেদ চৌধুরী

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন ঢাবির সেই ভিপি প্রার্থী

আওয়ামী লীগ নেতাকে জামিন দেওয়ায় এজলাসে বিশৃঙ্খলা, বিএনপিপন্থী আইনজীবী নেতা গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত