নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছে ভারত। তবে প্রথম তিন ম্যাচে জয় পেলেও শেষ দুই ম্যাচে হেরেছে দলটি। সিরিজ শেষে খেলোয়াড়দের প্রশংসা করেছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। একই সঙ্গে ভবিষ্যতে কোনো প্রতিপক্ষকে হালকাভাবে না নেওয়ার সতর্কবার্তাও দিয়েছেন তিনি।
হ্যামিল্টনে ভারতীয় দলের ড্রেসিংরুমে খেলোয়াড়দের উদ্দেশে বক্তব্য দেন গম্ভীর। শেষ দুই ম্যাচে হারলেও পুরো সিরিজে দলের প্রচেষ্টায় সন্তুষ্ট তিনি। নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের নিজেদের মাঠে সিরিজ জয়কে বড় অর্জন হিসেবে দেখছেন ভারতীয় কোচ।
গম্ভীর বলেন, ‘পুরো সিরিজে তোমরা যে প্রচেষ্টা চালিয়েছ, তা নিয়ে তোমরা অত্যন্ত গর্বিত হতে পারো। মাত্র এক দিন প্রস্তুতির সুযোগ পেয়েও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের নিজেদের মাঠে সিরিজ জেতা দারুণ এক অর্জন। এ জন্য তোমাদের অত্যন্ত গর্বিত হওয়া উচিত।’
সিরিজের শেষ দুই ম্যাচে জিততে না পারলেও খেলোয়াড়দের মাথা উঁচু করে দেশে ফেরার বার্তা দিয়েছেন গম্ভীর। তাঁর মতে, সফরের শুরুতে টি-টোয়েন্টি দল যে ভিত্তি তৈরি করেছে, এখন ওয়ানডে ও টেস্ট দলের দায়িত্ব সেটিকে এগিয়ে নেওয়া।
এই প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘তোমরা মাথা উঁচু করেই ফিরতে পারো। শেষ দুই ম্যাচও আমরা জিততে চেয়েছিলাম, কিন্তু কখনো কখনো এমনটা হয়। আমার মনে হয়েছে, তোমরা পুরো সফরের জন্য ভালো একটা ভিত তৈরি করে দিয়েছ। সিরিজ শুরুর আগে আমি বলেছিলাম, সফরের শুরুটা ভালো করার দায়িত্ব তোমাদের। এখন ওয়ানডে ও টেস্ট দলের দায়িত্ব, তোমরা যেখান থেকে শেষ করেছ, সেখান থেকেই এগিয়ে যাওয়া।’
আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ থাকায় ভারতের টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা তুলনামূলক কম থাকবে। আগামী ২২ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে পরবর্তী টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ভারত। তার আগে এক মাসের বিরতি পাচ্ছেন খেলোয়াড়েরা। এই সময়ে ফিটনেস ধরে রাখা ও ভালো প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন গম্ভীর।
গম্ভীর বলেন, ‘আমরা জানি, পর্যাপ্ত টি-টোয়েন্টি ক্রিকেট খেলার সুযোগ পাই না। এখন আমাদের এক মাসের বিরতি আছে। তাই নিজেদের ফিট রাখবে এবং শ্রীলঙ্কা সিরিজের জন্য ভালোভাবে প্রস্তুতি নেবে।’
শ্রীলঙ্কা সিরিজের আগে ভারতীয় দলকে আরও সতর্ক থাকতে বলেছেন গম্ভীর। কোনো প্রতিপক্ষকে ছোট করে না দেখা এবং দল হিসেবে ধারাবাহিকভাবে ভালো খেলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি, ‘আমরা কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নিতে পারি না। দল হিসেবে আমাদের ক্রমাগত উন্নতি করতে হবে, দল হিসেবে ভাবতে হবে এবং দল হিসেবেই খেলতে হবে।’










