Ajker Patrika

‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই, টিকে থাকাই কঠিন’

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১০: ২৭
‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই, টিকে থাকাই কঠিন’
কাগিসো রাবাদার বলে বোল্ড মুমিনুল হক। প্রথম ইনিংসে ০ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে করেছেন কেবল ১ রান। ছবি: ক্রিকইনফো

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশ যখন স্কোরবোর্ডে ৪০০ রান তোলে, তখন ভক্ত-সমর্থকদের আশা-প্রত্যাশা বেড়ে গিয়েছিল। কিন্তু এখন নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশই বেকায়দায় পড়ে গেছে। হাসান মাহমুদের মতে এমন কোণঠাসা অবস্থা থেকে তাঁদের পক্ষে ড্র করাই অনেক কঠিন হয়ে পড়েছে।

দক্ষিণ আফ্রিকা যখন গতকাল প্রথম ইনিংসে ৯০ ওভারে ৭ উইকেটে ৩৮৬ রানে চতুর্থ দিনের খেলা শুরু করে, তখনো তারা বাংলাদেশের চেয়ে ১৪ রান পিছিয়ে। তবে প্রোটিয়ারা শেষ ৩ উইকেটে ১৭১ রান যোগ করে ৫৫৭ রানে থেমেছে। শুধু ১৫৭ রানের লিড নিয়েই থেমে থাকেনি। নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশের অর্ধেক ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা। ইনিংস হার এড়াতে এখনো ৫৭ রান দরকার শান্তদের।

চতুর্থ দিনের খেলা শেষে গতকাল হাসান সংবাদ সম্মেলনে আসেন, তখন তাঁর কণ্ঠে কেবলই হতাশা ঝরেছে। বাংলাদেশের তারকা পেসার বলেন,

‘আজকের (গতকাল) পুরো দিনের কথা যদি বলি, দিনের শুরুতে সব ধরনের সম্ভাবনাই ছিল। বাংলাদেশের জেতার সম্ভাবনা ছিল, তাদেরও (দক্ষিণ আফ্রিকা) জেতার সম্ভাবনা ছিল, ড্র হওয়ারও সম্ভাবনা ছিল। সব ধরনের ফলই তখন সম্ভব ছিল। কিন্তু এখন বাংলাদেশের জয়ের আর কোনো সম্ভাবনা নেই। এখন টিকে থাকাই কঠিন।’

দুই দফা জীবন পেয়ে রায়ান রিকেলটন করেন ১০২ রান। টেস্টে এটা তাঁর চতুর্থ সেঞ্চুরি। পাঁচটি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের মধ্যে চারটিকেই তিনি সেঞ্চুরিতে পরিণত করেন। তাছাড়া কাগিসো রাবাদা তাঁর টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ৭২ রান করেন বাংলাদেশের বিপক্ষে এই জোহানেসবার্গ টেস্টেই। এমনকি ১১ নম্বরে নামা ডেন প্যাটারসন ২৭ বলে ২৯ রানের ক্যামিও ইনিংস খেলেছেন।

শেষের দিকে ব্যাটারদের বিপক্ষে আরও নিয়ন্ত্রিত বোলিং করা উচিত ছিল বলে মনে করেন হাসান। চতুর্থ দিনের খেলা শেষে ২৭ বছর বয়সী পেসার বলেন, ‘তাদের লোয়ার অর্ডারের ব্যাটাররা যখন ব্যাটিংয়ে আসছিল, তখন আমরা কিছুটা বেশি রান দিয়ে ফেলেছি। আমরা নির্দিষ্ট জায়গায় বোলিং করার চেষ্টা করেছি। কিন্তু কোনোভাবে সেটা কাজে আসেনি। লোয়ার অর্ডারের ব্যাটারদের ওপর আমরা সেই ধরনের চাপ তৈরি করতে পারিনি। এরপর তারা ভালো একটা স্কোর তৈরি করেছে।’

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩১.৫ ওভারে ৫ উইকেটে ৮৭ রানে পরিণত হয় বাংলাদেশ। তবে এরপর কেবল ১৫ বল খেলা সম্ভব হয়েছে। কারণ, বাংলাদেশের স্কোর ৩৪.২ ওভারে ৫ উইকেটে ১০০ রান হওয়ার পরই বৃষ্টির বাগড়ায় খেলা থেমে যাওয়ার পর পুনরায় শুরু করা সম্ভব হয়নি। দলের বাজে অবস্থার পরও হাসান অনুপ্রেরণা খুঁজছেন প্রথম ইনিংস থেকে। ২২ রানে ৩ উইকেট হারানোর পর তাওহীদ হৃদয়ের ১৩৭ ও লিটন দাসের ১২০ রানের ইনিংসের সুবাদে ৪০০ রান তুলেছিল বাংলাদেশ।

চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে হাসান বলেন, ‘আমরা ব্যাটিংয়ে নেমেও শুরুতেই অনেকগুলো উইকেট হারিয়েছি। এখন ম্যাচ বাঁচানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তবে আমরা যদি আরও দুই-তিনটি ভালো জুটি গড়তে পারি কিংবা আগামীকাল (আজ) ভালো একটি দিন কাটাতে পারি, তাহলে অবশ্যই চেষ্টা করব। আমার বিশ্বাস এটা করতে পারব। কারণ, প্রথম ম্যাচে আমরা বাজে অবস্থা থেকে ৪০০ রান করেছিলাম। যদি আমরা একটি ভালো জুটি গড়তে পারি, তাহলে সেটা সম্ভব।’

জোহানেসবার্গে প্রথম দুই দিন স্বাভাবিকভাবে খেলা হলেও পরের দুই দিন ঠিকঠাক হয়নি। বৃষ্টির বাগড়ায় গত পরশু তৃতীয় দিনে কেবল এক সেশন খেলা হয়েছিল। আবহাওয়ার পূর্বাভাস সত্যি করে গতকালও এসেছে বৃষ্টি। এবার খেলা হয়েছে দুই সেশন। মুশফিকুর রহিম ৫ রানে ব্যাটিং করছেন। লিটন দাস অপরাজিত ১২ রানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত