Ajker Patrika

আইসিসির শাস্তি মাথায় নিয়েই খেলছে ভারত

ক্রীড়া ডেস্ক    
আইসিসির শাস্তি মাথায় নিয়েই খেলছে ভারত
নিউজিল্যান্ডের উইকেট নেওয়ার পর ভারতের উদযাপন। ছবি: ক্রিকইনফো

সাদা বলের সিরিজ শেষে আজ টেস্টে খেলতে নেমেছে ভারত-নিউজিল্যান্ড। ওয়েলিংটনে শুরু হওয়া প্রথম টেস্টের প্রথম দিনেরও অর্ধেকের বেশি সময় পেরিয়ে গেছে। আর শুবমান গিলের নেতৃত্বাধীন ভারতকে খেলতে হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) শাস্তি মাথায় নিয়ে।

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই গতকাল আইসিসি ভারতকে শাস্তি দিয়েছে। ধীরগতির বোলিংয়ের কারণে ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফির ৩৫ শতাংশ জরিমানা করা হয়েছে। ১৫ নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা শেষ করতে ভারত সাত ওভার পিছিয়ে ছিল। সময়ের ছাড় হিসাব করার পরও এই ঘাটতি থেকে যায়। আইসিসির খেলোয়াড় ও সাপোর্টিং স্টাফদের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, স্লো ওভার-রেটের শাস্তি হিসেবে প্রত্যেক ওভার কম থাকায় খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়। তবে সর্বোচ্চ জরিমানার পরিমাণ হতে পারে ম্যাচ ফির ৫০ শতাংশ।

ভারতের নিয়মিত ওয়ানডে অধিনায়ক গিল নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে খেলেননি। শ্রেয়াস আইয়ারকে তাই চতুর্থ ও পঞ্চম ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দিতে হয়েছিল। ভারপ্রাপ্ত ওয়ানডে অধিনায়ক আইয়ার ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। একারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ওয়েলিংটনে বাংলাদেশ সময়ে আজ ভোরে শুরু হওয়া প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক গিল। টস হেরে আগে ব্যাটিং পাওয়া নিউজিল্যান্ড ৭০ রানেই হারিয়ে ফেলে ৫ উইকেট। বিপজ্জনক পরিস্থিতিতে দলের হাল ধরেন হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপস। এরই মধ্যে ষষ্ঠ উইকেটে ১০৪ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে ফেলেছেন ফিলিপস-নিকোলস। নিকোলস ব্যাটিং করছেন ৮০ রানে। ফিলিপস অপরাজিত ৬০ রানে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৮.২ ওভারে ৫ উইকেটে ১৭৪ রান করেছে নিউজিল্যান্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত