Ajker Patrika

মিরাজের ব্যর্থতার দিনে ফাইনালের আগেই বিদায় গায়ানার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৪৪
মিরাজের ব্যর্থতার দিনে ফাইনালের আগেই বিদায় গায়ানার
৪ ওভারে ৪৩ রান দিয়েও মেহেদী হাসান মিরাজ কোনো উইকেট পাননি। ফাইনালে উঠতে পারেনি তাঁর দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ছবি: সৌজন্য ছবি

অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনসের কাছে বাজেভাবে হারের পরও ফাইনালের আশা টিকে ছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের। কারণ, ইমরান তাহির-মেহেদী হাসান মিরাজদের সেই ম্যাচটা প্রথম কোয়ালিফায়ারের। তবে দ্বিতীয় সুযোগ পেয়েও যে সেটা কাজে লাগাতে পারলেন না মিরাজরা।

বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ালিফায়ারে মিরাজের ব্যাটিংয়ের সুযোগ মেলেনি। বোলিংয়ে মুক্ত হস্তে রান বিলিয়েছেন। ১০.৭৫ ইকোনমিতে বোলিং করা বাংলাদেশের এই অলরাউন্ডার পাননি কোনো উইকেট। শেষ মুহূর্তে রভমান পাওয়েলের ঝোড়ো ব্যাটিংয়ে ফাইনালে জ্যামাইকা কিংসমেন।

দ্বিতীয় কোয়ালিফায়ারে টস হেরে আগে ব্যাটিং পাওয়া গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ২০ ওভারে ৪ উইকেটে করে ২০৬ রান। শিমরন হেটমায়ারের ৪৫ বলে ৪ চার ও ৮ ছক্কায় ১০২ রানের অপরাজিত ইনিংসেই ২০০-এর বেশি রান করতে পেরেছে গায়ানা। ২০২৬ সিপিএলে এটা তাঁর দ্বিতীয় সেঞ্চুরি। জ্যামাইকা কিংসমেনের হয়ে একটি করে উইকেট পেয়েছেন হুনাইন শাহ, আন্দ্রে রাসেল এবং হাসান খান।

২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পেয়েছে জ্যামাইকা কিংসমেন। অধিনায়ক রভমান পাওয়েলের তাণ্ডবেই তা সম্ভব হয়েছে। পাঁচ নম্বরে নেমে ১৭ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। পাওয়েলই হয়েছেন ম্যাচসেরা। তবে ইনিংস সর্বোচ্চ ৫৬ রান করেন কিসি কার্টি। ৪০ বলের ইনিংসে ৫ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি।

গায়ানার ডোয়াইন প্রিটোরিয়াস নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন অধিনায়ক তাহির ও রোমারিও শেফার্ড। মিরাজ ৪ ওভারে ৪৩ রান খরচ করেও পাননি কোনো উইকেট। পরশু ব্রিজটাউনে ফাইনালে মুখোমুখি হবে অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস-জ্যামাইকা কিংসমেন। বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হচ্ছে শিরোপা নির্ধারণী ম্যাচ। এর আগে সিপিএলে ১৩ মৌসুমের মধ্যে সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে ত্রিনবাগো নাইট রাইডার্স।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত