Ajker Patrika

চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন রাফিনিয়া

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২২: ১০
চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন রাফিনিয়া
ফর্মের তুঙ্গে আছেন রাফিনিয়া। লা লিগার সবশেষ ম্যাচে রেসিং সান্তাদারের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন এই ব্রাজিলিয়ান। ছবি: সংগৃহীত

নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন রাফিনিয়া। চুক্তির মেয়াদ বাড়িয়ে বার্সেলোনাতেই খেলোয়াড়ি জীবনের ইতি টানতে চান ব্রাজিলিয়ান তারকা। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা এই ফরোয়ার্ড জানিয়েছেন, আরও কয়েক বছর সর্বোচ্চ পর্যায়ে খেলার সামর্থ্য রয়েছে তাঁর।

লিডস ইউনাইটেড ছেড়ে ২০২২ সালের গ্রীষ্মে বার্সায় যোগ দেন রাফিনিয়া। স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে তাঁর চুক্তি আছে ২০২৮ সাল পর্যন্ত। আপাতত আক্রমণভাগের এই ফুটবলারের ইচ্ছা বার্সার সঙ্গে নতুন চুক্তি করা।

আজ রেডিও স্টেশন আরএসিওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে রাফিনিয়া বলেন, ‘হ্যাঁ, আমি আমার চুক্তির মেয়াদ বাড়াতে চাই। প্রথমবার চুক্তির মেয়াদ বাড়ানোর সময় ২০২৮ সাল পর্যন্ত সই করেছিলাম। তখন ধরে নিয়েছিলাম, ওই সময় আমার বয়স হবে ৩০ কিংবা ৩১ বছর। তখন জানতাম না, সবকিছু কীভাবে এগোবে।’

নিজের বর্তমান ফর্ম নিয়ে সন্তুষ্ট রাফিনিয়া, ‘মৌসুমের শুরুটা যেভাবে করেছি, তাতে আমার মনে হয়, আরও কয়েক বছর খেলে যেতে পারব। চুক্তির মেয়াদ বাড়াতে পারলে আমি খুব খুশি হব। আশা করি, অন্য কোথাও না গিয়ে এখানেই ক্যারিয়ার শেষ করতে পারব।’

হান্সি ফ্লিক বার্সার ডাগআউটে বসার পর রাফিনিয়ার পারফরম্যান্সে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। জাভি হার্নান্দেজের অধীনে ক্রমেই হতাশ হয়ে পড়া এই ফরোয়ার্ড জার্মান কোচের অধীনে নিজেকে নতুনভাবে নিজেকে চেনাচ্ছেন।

বার্সার হয়ে এখন পর্যন্ত ১৮৪ ম্যাচে ৮৬ গোল করেছেন রাফিনিয়া। এর মধ্যে ৬৬ গোল করেছেন ফ্লিকের অধীনে। এই কোচের দায়িত্বে সবশেষ দুই মৌসুমে টানা লা লিগার শিরোপা জিতেছে কাতালানরা।

চলতি মৌসুমেও প্রতিপক্ষের গোল পোস্টের দুর্দান্ত ছন্দে রয়েছেন রাফিনিয়া। রবার্ট লেভানদোভস্কি ও ফেরান তোরেসকে বিক্রি করে দেওয়ার পর আক্রমণভাগে নতুন ভূমিকায় খেলছেন তিনি। এখন পর্যন্ত ৭ ম্যাচে জালের দেখা পেয়েছেন ১১ বার। বুধবার রেসিং সান্তান্দারের বিপক্ষে ৭-২ গোলের জয়ে হ্যাটট্রিক করেন এই ব্রাজিলিয়ান।

মৌসুমে এখন পর্যন্ত ৭ ম্যাচের সবকটিতেই জিতেছে বার্সেলোনা। শনিবার দিবাগত রাত ১টায় লা লিগার পঞ্চম স্থানে থাকা সেভিয়ার মাঠে খেলতে নামবে তারা। রিয়াল মাদ্রিদ ও রিয়াল বেতিসের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বার্সা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত