Ajker Patrika

হঠাৎ কেন কোহলির কথা বললেন হাসান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১৯: ১১
হঠাৎ কেন কোহলির কথা বললেন হাসান
টেস্টে পাঁচবার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। ছবি: বিসিবি

বিরাট কোহলি এখন টেস্ট ক্রিকেটে অতীত। দেড় বছর আগে সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে টেস্টকে বিদায় বলেছেন। তবে ‘রান-মেশিন’ তকমা তো এমনি এমনি পাননি। গড়েছেন একের পর এক রেকর্ড। ভারতের এই তারকা ব্যাটারের কথা আজ উল্লেখ করেছেন হাসান মাহমুদ।

টেস্টে এই নিয়ে পাঁচবার ইনিংসে ৫ উইকেট পেয়েছেন হাসান। ক্রিকেটের রাজকীয় সংস্করণে তাঁর উইকেট ৫৯। কোহলি, রোহিত শর্মা, স্টিভ স্মিথ, শুবমান গিল, ট্রাভিস হেডসহ আরও অনেক ব্যাটারের উইকেট পেয়েছেন হাসান। কার উইকেটের কথা মনে পড়লে আপনার বেশি ভালো লাগে—আজ সিলেটে দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের তারকা পেসারকে করা হয়েছে। উত্তরে হাসান বলেন, ‘অবশ্যই বিরাট কোহলির উইকেট।’

বাংলাদেশের পেসারদের মধ্যে টেস্টে ইনিংসে সবচেয়ে বেশি ৫ উইকেট নেওয়ার কীর্তি এখন হাসানের। তাতে পেছনে পড়ে গেছেন শাহাদাৎ হোসেন। টেস্টে তিনি চারবার ইনিংসে ৫ উইকেট পেয়েছেন। কোন কৌশলে হাসান মুড়ি-মুড়কির মতো উইকেট তুলে নিচ্ছেন—এমন প্রশ্নের জবাবে ২৭ বছর বয়সী পেসার বলেন, ‘টেস্ট ক্রিকেটে ফাইভার তো সবগুলোই বলতে গেলে স্পেশাল। তবে অবশ্যই, যেহেতু সব জায়গায় নিজের সেরাটা দিয়েই চেষ্টা করি। দলের জন্য অবদান রাখতে চেষ্টা করি। আর এখানে (সিলেট) যে কন্ডিশন ছিল, পেস বোলারের জন্য শুরুর এক ঘন্টা-দুই ঘন্টা খুব সহায়তা করেছিল। সুইং মুভমেন্ট ছিল, বলের সুইং ছিল। কিন্তু দুই ঘণ্টা পর উইকেট ফ্ল্যাট হয়ে যায়। ব্যাটিং বান্ধব হয়ে যায়।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গতকাল প্রথম দিনে হাসান নিয়েছেন ২ উইকেট। আজ দিনের ১২তম ওভারে ১৩৩ রান করা আমির জাঙ্গুকে ফিরিয়ে ব্রেকথ্রু এনে দেন হাসান। পঞ্চম উইকেটে জাস্টিন গ্রিভস-জাঙ্গু করেন ১০৬ রানের জুটি। একটা পর্যায়ে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে ৩২৩ রানে পরিণত হয়। তবে দশম উইকেটে জেইডেন সিলস-শামার জোসেফের ৩৩ রানের জুটিতে ক্যারিবীয়রা করে ৩৫৬ রান। সিলেটের উইকেট কতটা ব্যাটিং বান্ধব, সেটা শেষ উইকেটে সিলস-জোসেফের ব্যাটিংয়েই বোঝা গেছে।

ব্যাটিং বান্ধব উইকেটে কীভাবে প্রতিপক্ষের উইকেট তুলে নেওয়া যায়, সেটা নিয়ে সতীর্থদের সঙ্গে আলাপ-আলোচনা হয় বলে উল্লেখ করেন হাসান। আজ দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা আলোচনা করি যে কী পরিকল্পনা, কী প্রক্রিয়া থাকবে আমাদের। পেস বোলাররা যারা আমরা করেছি, প্রত্যেক বোলারই তাদের সেরাটা দিয়ে এখানে দলের জন্য অবদান রাখার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ।’

সিলেটে এখন পর্যন্ত ১৩ উইকেটের ১১টিই পেসারদের। স্পিনারদের মধ্যে একমাত্র মেহেদী হাসান মিরাজ ২ উইকেট নিয়েছেন। বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ বাকি ৮ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। যাঁদের মধ্যে হাসান নিয়েছেন ৬ উইকেট। তাসকিন আহমেদ পেয়েছেন ২ উইকেট। ক্যারিবীয় তিন পেসার সিলস, জোসেফ, গ্রিভস একটা করে উইকেট নিয়েছেন। ৩ উইকেটে ৮৮ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত