Ajker Patrika

অস্বস্তিতে দিন শেষ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১৭: ১৭
অস্বস্তিতে দিন শেষ বাংলাদেশের
মাঠ ছাড়ছেন মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়। কাল তৃতীয় দিনে বাংলাদেশের স্কোরবোর্ডকে টেনে দেওয়ার গুরুদায়িত্বটা নিতে হবে তাঁদেরকেই। ছবি: বিসিবি

হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ের পরও সিলেটে ব্যাকফুটে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রতিপক্ষের পাহাড় সমান রানের জবাবে খেলতে নেমে বাংলাদেশ যে প্রায়ই খেই হারিয়ে ফেলে, সেটা দেখা গেল আবারও। এরই মধ্যে নেই বাংলাদেশের ৩ উইকেট।

সিলেটে আজ দ্বিতীয় দিনের শুরুতেই গোড়ালি মচকে যাওয়ায় মাঠ ছেড়ে চলে যেতে হয় সাদমান ইসলামকে। হাসান মাহমুদও হ্যাটট্রিক পেতে পেতে পাননি। যদিও দুর্দান্ত বোলিংয়ে ৬ উইকেট নিয়েছেন। গড়ে ফেলেছেন রেকর্ড। তবে উইন্ডিজের লেজের ব্যাটারদের দৃঢ়তায় ৩৫৬ রান তুলে ফেলেছে সফরকারীরা। বাংলাদেশ দিনের খেলা শেষ করেছে ৩ উইকেটে ৮৮ রানে। প্রথম ইনিংসে স্বাগতিকেরা খেলেছে ৪০ ওভার।

প্রথম ইনিংসে ৭০ ওভারে ৪ উইকেটে ২৩৫ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। হাসান মাহমুদ একের পর এক উইকেট নিয়ে প্রতিপক্ষকে ৩৫০-এর ভেতরে গুটিয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছেন। তবে দশম উইকেটে জেইডেন সিলস-জোমেল ওয়ারিক্যানের ৬৭ বলে ৩৩ রানের জুটিতে উইন্ডিজ করেছে ৩৫৬ রান। আমির জাঙ্গুর ১৩৩ রানই উইন্ডিজের ইনিংসে সর্বোচ্চ। ২১২ বলের ইনিংসে মেরেছেন ১৩ চার ও ২ ছক্কা।

বাংলাদেশের হাসান মাহমুদ ২৪ ওভারে ৯০ রানে ৬ উইকেট নিয়েছেন। টেস্টে এই নিয়ে পাঁচবার ইনিংসে ৫ উইকেট পেয়েছেন। বাংলাদেশের পেসারদের মধ্যে সর্বোচ্চ। তাতে পেছনে ফেলেছেন শাহাদাৎ হোসেন রাজীবকে। শাহাদাৎ ইনিংসে ৫ উইকেট নিয়েছেন চারবার। যেখানে আজ ৮২তম ওভারের ষষ্ঠ বলে হাসান হ্যাটট্রিক তুলেও নিয়েছিলেন জশুয়া বিশপকে এলবিডব্লু করে। তবে রিভিউতে দেখা গেছে, বল বিশপের ব্যাটের কানায় লেগে যাওয়ায় হ্যাটট্রিকটা হয়নি।

সাদমান ছিটকে যাওয়ায় নাঈম হাসানকে মেকশিফট ওপেনার হিসেবে খেলানো হয়। তবে মাত্র ৫ রান করতে পেরেছেন নাঈম। যে চার মেরেছেন, সেটা তাঁর ব্যাটের কানায় লেগে বোল্ড হওয়ার মতো অবস্থা হয়েছিল। জেইডেন সিলসের বলে নাঈম প্রথম স্লিপে থাকা ব্র্যান্ডন কিংয়ের হাতে ক্যাচ তুলে দিয়েছেন।

আরেক ওপেনার তানজিদ হাসান তামিম যেভাবে আউট হয়েছেন, সেটা রীতিমতো তাজ্জব হওয়ার মতো। নবম ওভারের শেষ বলে গ্রিভসকে কাভারের ওপর দিয়ে তুলে মারতে গেছেন তানজিদ তামিম। উড়ন্ত বাজপাখির মতো ক্যাচ ধরেছেন কেভিন উইকহাম। ২২ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ ১৭ ওভারে ২ উইকেটে ৩৬ রানে দ্বিতীয় সেশনের খেলা শেষ করেছে।

চা পানের বিরতির পর ১৫ রান যোগ করতে বাংলাদেশ হারায় আরও এক উইকেট। ২৩তম ওভারের চতুর্থ বলে শামার জোসেফের ভেতরে ঢোকা বল বুঝতে না পেরে বোল্ড হয়েছেন শান্ত (১৮)। এরপর চতুর্থ উইকেটে ৩৭ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন তাওহীদ হৃদয়-মুশফিকুর রহিম। আজও আলোকস্বল্পতার কারণে দ্বিতীয় দিনের খেলা আগেভাগে শেষ হয়েছে। হৃদয় ২৯ রানে ব্যাটিং করছেন। মুশফিক ১৯ রানে অপরাজিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত