Ajker Patrika

মিরাজ-মুশফিকসহ কারা হলেন বিসিবির নতুন টুর্নামেন্টের আইকন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২১: ২১
মিরাজ-মুশফিকসহ কারা হলেন বিসিবির নতুন টুর্নামেন্টের আইকন
ছয় দল নিয়ে হবে বিসিবির নতুন ডি থ্রি টুর্নামেন্ট। ওয়ালটনের আইকনিক ক্রিকেটার হয়ে খেলবেন মেহেদী হাসান মিরাজ। ছবি: এএফপি

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। এই টুর্নামেন্টে মেহেদী হাসান মিরাজ-মুশফিকুর রহিমসহ আছেন ছয় আইকন ক্রিকেটার।

বিসিবির এই নতুন ঘরোয়া ক্রিকেটের নাম ‘ডোমেস্টিক (ডি) থ্রি ট্রফি’। তিন বছরের মেয়াদে ডি থ্রি ট্রফিতে অংশ নেওয়া ছয় দলের স্বত্বাধিকারী হয়েছে একমি ল্যাবেরটরিজ, সিটিজেনস ব্যাংক, ফরচুন গ্রুপ, সেভেন রিংস সিমেন্ট, এইস ব্লু স্টার ও ওয়ালটন হাইস্টেক ইন্ডাস্ট্রিজ। স্বত্বাধিকারীদের অধিকাংশই বিসিবির পরিচালনা পর্ষদের সঙ্গে যুক্ত। দলগুলো একবারই প্লেয়ার্স ড্রাফটের মাধ্যম থেকে ২৩ জনের স্কোয়াড গড়তে পারবে। আগামী ২৬ অক্টোবর হবে প্লেয়ার্স ড্রাফট।

মিরাজকে আইকন ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছে ওয়ালটন। মুশফিকুর রহিম হলেন সেভেন রিংস সিমেন্টের আইকন ক্রিকেটার। আরেক অভিজ্ঞ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত একমির আইকন ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। সিটিজেন্স, ফরচুন ও ব্লু স্টারের আইকন হলেন নাঈম শেখ, তাওহীদ হৃদয় ও নুরুল হাসান সোহান।

ডিসেম্বরে হবে টি-টোয়েন্টি। জানুয়ারিতে প্রথম শ্রেণির ক্রিকেট, মে মাসে ৫০ ওভারের ক্রিকেট খেলবে দলগুলো। প্রতি ঘরোয়া মৌসুমে তিন সংস্করণে মোট ৪২ ম্যাচ খেলবে দলগুলো। টি-টোয়েন্টি শুরুর সম্ভাব্য সময় আগামী ১৫ ডিসেম্বর। খেলা হবে বরিশাল ও ঢাকায়। বরিশালেই বেশি ম্যাচ রাখার কথা জানিয়েছেন তামিম।

বিসিবি সভাপতি টুর্নামেন্টের কাঠামো নিয়ে বলেন, ‘বিসিবি সাধারণত বছরে চারটা টুর্নামেন্ট আয়োজন করে। চার দিনের এনসিএল, চার দিনের বিসিএল, বিসিএল ওয়ানডে এবং এবং এনসিএল টি-টোয়েন্টি। এ বছর থেকে আমরা নতুন এনসিএলের সঙ্গে এনসিএল সেকেন্ড ইলেভেন নিয়ে এসেছি। এনসিএল তাই এনসিএলের মতোই থাকছে। বাকি যে তিনটা টুর্নামেন্ট আছে, সেখানে পরিবর্তন আসছে। এখন (তিন প্রতিযোগিতা) একটা টুর্নামেন্টের অধীনে চলে আসবে।’

তামিম বলেছেন, ‘মৌসুমে একটাই নিলাম করব আমরা। প্রত্যেক দল ২৩ জন করে ক্রিকেটার নেবে। খুবই হিসেব করে নিতে হবে। কারণ, তারা তিন সংস্করণ টি-টোয়েন্টি, ওয়ানডে এবং চার দিনের ক্রিকেট খেলবে। এই খেলাটা প্রায় পাঁচ-ছয় মাস ধরে চলবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত