বড় কিছু জড়িত, ভারত-পাকিস্তান হ্যান্ডশেক ইস্যুতে এমসিসি

ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে হাত না মেলানোর ঘটনা নিয়ে বিতর্ক চলছেই। এ বিষয়ে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) জানিয়েছে, খেলোয়াড়দের হাত মেলানো দেখতে চাইলেও ওপর থেকে নির্দেশনা এলে তা নিশ্চিত করার ক্ষমতা সংস্থাটির নেই।
গত রোববার (২২ নভেম্বর) দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্সে ভারত এ ও পাকিস্তান এ দলের ম্যাচেও দেখা যায়নি সৌজন্য বিনিময়। ম্যাচের আগে কিংবা পরে দুই দলের খেলোয়াড়েরা হাত মেলাননি। পাকিস্তানের কাছে হারের পর ভারত এ দলের খেলোয়াড়দের শরীরী ভাষাতেও ছিল নির্লিপ্ততা।
গত বছরের এশিয়া কাপ থেকেই ভারতীয় ক্রিকেট দলগুলোর মধ্যে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানোর প্রবণতা দেখা যাচ্ছে। এবারও সেই ধারার ব্যতিক্রম হয়নি। তবে বিষয়টি ক্রিকেটের আইন কিংবা চেতনার পরিপন্থী কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ক্রিকেটের আইন প্রণয়ন ও সংরক্ষণের দায়িত্বে থাকা এমসিসি অবশ্য খেলোয়াড়দের মধ্যে হাত মেলানোর প্রচলন দেখতে চায়। কিন্তু পরিস্থিতি ভিন্ন হলে, বিশেষ করে ওপর থেকে নির্দেশনা এলে, এ বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ তাদের নেই বলে জানিয়েছেন সংস্থাটির ক্রিকেট ও আইনবিষয়ক প্রধান ফ্রেজার স্টুয়ার্ট।
স্টুয়ার্ট বলেন, ‘হাত মেলানো নিয়ে ওপর থেকে কোনো নির্দেশনা এলে সেটি এমসিসির নিয়ন্ত্রণে থাকে না। আমরা খেলোয়াড়দের হাত মেলাতে দেখতে চাই। তবে আমরা বুঝতে পারি, এর চেয়েও বড় কিছু বিষয় এখানে জড়িত এবং সেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে।’
চলমান আইএলটি২০-এর পঞ্চম আসর উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন স্টুয়ার্ট। ভারত ও পাকিস্তানের হাত না মেলানোর প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘কিছু বিষয় ক্রিকেটের গণ্ডি ছাড়িয়ে যায় এবং এমন পর্যায় থেকে আসে, যেখানে মন্তব্য করার অবস্থানে আমি নেই। ভূরাজনৈতিক পরিস্থিতি এর একটি উদাহরণ। মাঠে কী ঘটে, সেটিই কেবল আমাদের নিয়ন্ত্রণে থাকে। খেলোয়াড়েরা একে অপরকে সম্মান করেন, আম্পায়ারদের এবং আম্পায়ারদের কর্তৃত্বকে সম্মান করেন, একই সঙ্গে খেলাটিকেও সম্মান করেন। আমরা কেবল এসব বিষয়ই নিয়ন্ত্রণ করতে পারি।’
এদিকে ক্রিকেট বিশ্বে আলোচিত স্যান্ডপেপার বিতর্ক নিয়েও কথা বলেছেন এমসিসির এই কর্মকর্তা। বলের ওপর স্যান্ডপেপার ব্যবহারকে ক্রিকেটের আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন তিনি। তবে আট বছর পর নতুন করে ওঠা অভিযোগ ও সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে মন্তব্য করতে চাননি স্টুয়ার্ট।
স্টুয়ার্ট বলেন, ‘ক্রিকেটের আইন অনুযায়ী বলের ওপর স্যান্ডপেপার ব্যবহার করা স্পষ্ট লঙ্ঘন। এ বিষয়ে কারও সন্দেহ থাকার কথা নয়। তবে কী ঘটেছিল, কারা জানতেন এবং আট বছর পর নতুন করে কী অভিযোগ উঠছে, এসব বিষয়ে মন্তব্য করা এমসিসির কাজ নয়।’









