Ajker Patrika

মেয়েদের ক্রিকেটের অদ্ভুতুড়ে নিয়ম নিয়ে পাকিস্তানি ক্রিকেটারের পোস্ট

ক্রীড়া ডেস্ক    
মেয়েদের ক্রিকেটের অদ্ভুতুড়ে নিয়ম নিয়ে পাকিস্তানি ক্রিকেটারের পোস্ট
ফ্রি বলের নিয়মে আউট হয়ে ফিরছেন মেলবোর্ন রেনেগেডসের ডিয়েন্ড্রা ডটিন। ছবি: ক্রিকইনফো

ফ্রি-হিট শব্দটার সঙ্গে ক্রিকেটে অনেকেই পরিচিত। ব্যাটাররা নিশ্চিন্তে সেই বলে শট খেলতে পারেন। কিন্তু এবারের নারী বিগ ব্যাশে দেখা গেল ‘ফ্রি বল’। যেটাতে বাড়তি সুযোগ পান বোলাররা। অদ্ভুতুড়ে এই নিয়ম নিয়ে পোস্ট দিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার জুনায়েদ খান।

নারী বিগ ব্যাশে অদ্ভুতুড়ে এক নিয়মে গত রাতে আউট হয়েছেন মেলবোর্ন রেনেগেডসের ডিয়েন্ড্রা ডটিন। সেক্ষেত্রে দায়টা অবশ্য তাঁরই। কারণ, নিয়ম না মেনে দেরিতে ব্যাটিংয়ে আসায় পিচ থেকে দূরে দাঁড়াতে হয়েছে ডটিনকে। সেই সুযোগে বোল্ড করে দেন ব্রিসবেন হিটের লেগস্পিনার সারাহ গ্লেন। গতকাল থেকে সামাজিক মাধ্যমে এই ঘটনা ভাইরাল।

গত রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ডটিনের অদ্ভুতুড়ে আউট নিয়ে পোস্ট করেছেন জুনায়েদ। পাকিস্তানি বাঁহাতি পেসার লিখেছেন, ‘নারী বিগ ব্যাশে স্টাম্প লক্ষ্য করে ফ্রি বলের নিয়ম। নতুন ব্যাটারদের উইকেটে পৌঁছানোর জন্য ৭৫ সেকেন্ড সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে তারা ক্রিজে পৌঁছাতে না পারলে, তাদের সরে দাঁড়াতে হবে এবং বোলার স্টাম্প লক্ষ্য করে একটি ফ্রি ডেলিভারি করার সুযোগ পাবেন। বোলার যদি সেই বলে স্টাম্পে আঘাত করতে পারেন, তাহলে ব্যাটার বোল্ড আউট হবেন।’

এবার দেখা যাক, মেলবোর্নের জাংশন ওভালে গতকাল কী হয়েছে। ব্রিসবেন হিটের দেওয়া ১৩৮ রানের লক্ষ্য তাড়া করছিল মেলবোর্ন রেনেগেডস। ১৫ ওভারে ৪ উইকেটে ৯৭ রানে যখন পরিণত হয় রেনেগেডস, তখন ড্রেসিংরুম থেকে আসতে থাকেন ডটিন। কিন্তু নির্ধারিত ৭৫ সেকেন্ড পেরিয়ে যাওয়ায় তাঁকে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। ফ্রি বলের সুযোগে তখন গ্লেন ভেঙে দেন স্টাম্প। বল মোকাবিলা করার সুযোগ না পেয়েও গোল্ডেন ডাকে আউট হয়ে যান ডটিন।

২০২১–২২ মৌসুম থেকে বিগ ব্যাশে টাইমড আউটের ‘ফ্রি-বলের’ নিয়ম কার্যকর হয়েছে। সংশোধিত আইন অনুযায়ী কোনো ব্যাটার আউট হওয়ার পর কিংবা অবসর নিলে পরবর্তী ব্যাটারকে ৭৫ সেকেন্ডের মধ্যে প্রথম বল খেলতে প্রস্তুত হতে হবে। সেটা না হলে প্রথম বল খেলার সময় তাঁকে পিচের পাশে লেগ সাইডে স্টাম্পের লাইন থেকে কমপক্ষে ৫ মিটার দূরে দাঁড়াতে হবে। তখন ফাঁকা স্টাম্প লক্ষ্য করে বোলিংয়ের সুযোগ পাবেন বোলার।

ডটিন অদ্ভুতুড়ে আউটের শিকার হলেও তাঁর দল মেলবোর্ন রেনেগেডস জিতেছে। প্রথমে আগে ব্যাটিং করে ব্রিসবেন হিট করে ৮ উইকেটে ১৩৭ রান। একেবারে শেষ বলে ৩ উইকেটের জয় নিশ্চিত করে মেলবোর্ন রেনেগেডস। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন সোফি মোলিনু। ৪ ওভারে ২০ রানে নিয়েছেন ৪ উইকেট। ব্যাটিংয়ে ১৬ বলে করেছেন ১৮ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত