Ajker Patrika

সিংহাসন থেকে কত দূরে মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৩: ১১
সিংহাসন থেকে কত দূরে মোস্তাফিজ
স্বীকৃত টি-টোয়েন্টিতে মোস্তাফিজের উইকেট ৪২৫। ছবি: ক্রিকইনফো

বাঁ হাতের কাটার স্লোয়ারে ব্যাটারদের বিভ্রান্ত করার কৌশলটা মোস্তাফিজুর রহমানের ভালোই জানা। এক ম্যাচে খারাপ করলেও পরের ম্যাচে সেটা পুষিয়ে নিতে জানেন তিনি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গত রাতে তাঁর পারফরম্যান্সটাই দেখুন। দুবাই ক্যাপিটালসের শুরুর একাদশে সুযোগ না পেলেও পরবর্তীতে দেখিয়েছেন তাঁর ভেলকি।

দুর্দান্ত বোলিংয়ে গত রাতে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ২ উইকেট নিয়ে মোস্তাফিজ ছাড়িয়ে গেছেন অ্যাডাম জাম্পা। স্বীকৃত টি-টোয়েন্টিতে মোস্তাফিজের উইকেট এখন ৪২৫। জাম্পা পেয়েছেন ৪২৪ উইকেট। তবে সিংহাসন থেকে এখনো অনেক দূর তিনি। কারণ, ৪২৫ উইকেট নিয়েও মোস্তাফিজ নেই সেরা দশে। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় তিনি এখন ১২ নম্বরে। সবার ওপরে থাকা রশিদ খানের উইকেট ৭৪৫।

এখন প্রশ্ন হলো, মোস্তাফিজ কি কখনো ছাড়িয়ে যেতে পারবেন রশিদ খানকে? কিংবা আফগান লেগস্পিনারকে ছুঁতে কি পারবেন মোস্তাফিজ? এখানে আসে অনেক সমীকরণ। প্রথমত মোস্তাফিজের চেয়ে রশিদ ৩২০ উইকেট এগোনো। দুজনেই টি-টোয়েন্টিতে নিয়মিত খেলছেন। উইকেটও পাচ্ছেন তাঁরা। সেক্ষেত্রে ৩২০ উইকেটের ঘাটতি পোষানো অসম্ভব। তাছাড়া ইনিংস প্রতি উইকেটের দিক থেকেও মোস্তাফিজের চেয়ে অনেক এগিয়ে রশিদ। ৫৫৫ ম্যাচের ৫৫০ ইনিংসে তিনি পেয়েছেন ৭৪৫ উইকেট। অর্থাৎ ইনিংস প্রতি তাঁর উইকেট ১.৩৫। আর মোস্তাফিজের গড় ইনিংস উইকেট ১.২৩। ৩৩৩ ম্যাচের ৩৩১ ইনিংসে পেয়েছেন ৪২৫ উইকেট।

এবার দেখা যাক মোস্তাফিজ-রশিদের বয়সের হিসাব। মোস্তাফিজের বয়স ৩১ বছর। আর রশিদ এখন ২৮ বছর বয়সী লেগস্পিনার। অর্থাৎ মোস্তাফিজের চেয়ে রশিদ তিন বছরের ছোট। তাছাড়া রশিদ লেগস্পিন, ফ্লিপার, গুগলি—প্রত্যেক ওভারে বোলিংয়ে একের পর এক বৈচিত্র্য আনতে পারেন। একারণে ব্যাটাররাও অনেক সময় ধন্দে পড়ে যান তাঁকে কীভাবে খেললেন। তাছাড়া টি-টোয়েন্টি যেহেতু ‘ধর তক্তা মার পেরেক’-এর খেলা, ব্যাটাররাও বড় শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসেন। আইপিএলে বেধড়ক পিটুনি খেলেও উইকেট নিতে পারেন।

মোস্তাফিজও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পাশাপাশি আইপিএল, পিএসএল, লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেন। আইপিএলে ৬০ ম্যাচে তাঁর উইকেট ৬৫। যেখানে হরহামেশাই আইপিএল ২৩০-২৫০ রান ওঠে, এমনকি ২৬৫ রান তাড়া করে জয়ের ঘটনাও রয়েছে, সেখানে ৮.১৩ ইকোনমি খারাপ নয়। আর পিএসএলে তাঁর ইকোনমি ৬.৮১। সম্প্রতি এখানে যে মহাসড়কের পিচে কেমন রান ওঠে, সেটা অনেকেরই জানার কথা। তবে এই টুর্নামেন্টে ১০ ম্যাচে তাঁর উইকেট ১০। তাছাড়া বিদেশের টুর্নামেন্টে অনেক সময় একাদশেই সুযোগ মেলে না মোস্তাফিজের।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় দুই ও তিনে থাকা সুনীল নারাইন, ডোয়াইন ব্রাভো অনেক এগিয়ে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে নারাইনের উইকেট ৬৫৯। ব্রাভো পেয়েছেন ৬৩১ উইকেট। ব্রাভো সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেও নারাইন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিত খেলছেন। সেক্ষেত্রে মোস্তাফিজের সেরা তিনে ওঠা অনেক কঠিন। তবে সেরা দশে জায়গা করে নেওয়া খুব একটা কাঠখড় পোড়াতে হবে না তাঁকে। ৪৩৭ উইকেট নিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় ৯ নম্বরে মোহাম্মদ নবি। ১০ নম্বরে থাকা আদিল রশিদের উইকেট ৪৩৩।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত