Ajker Patrika

জাপানে বৃষ্টির জলে কি ভেসে যাবে বাংলাদেশের স্বপ্ন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ১০
জাপানে বৃষ্টির জলে কি ভেসে যাবে বাংলাদেশের স্বপ্ন
বাংলাদেশ পেসার হাসান মাহমুদের হাতে ছাতা দেখে বোঝা যাচ্ছে জাপানে এখন বৃষ্টির মৌসুম। বৃষ্টিতে বিঘ্নিত হচ্ছে এশিয়াডের ক্রিকেট। ছবি : ফেসবুক থেকে নেওয়া

টাইফুনের মৌসুমে জাপানে চলছে এশিয়ান গেমস। মুষলধারে হচ্ছে বৃষ্টি। এই বৃষ্টিতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রিকেট। টানা পরিত্যক্ত হয়ে চলেছে ম্যাচ। নকআউট পর্বের কোনো ম্যাচই মাঠে গড়ায়নি বৃষ্টির বাধায়।

এমনকি নকআউট পর্বের জন্য রাখা হয়নি রিজার্ভ ডেও। র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে দলগুলো উঠে যাচ্ছে পরের ধাপে। পাকিস্তান-হংকং, ভারত-আফগানিস্তান, বাংলাদেশ-মালয়েশিয়া, শ্রীলঙ্কা-নেপাল—এই চার কোয়ার্টার ফাইনালে একটা বলও মাঠে গড়ায়নি। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা। ক্রিকেটাররা নন, খেলছে যেন জাপানের বৃষ্টি।

মালয়েশিয়ার ক্রিকেটার বিরানদ্বীপ সিং জাপানের আবহাওয়া নিয়ে সামাজিক মাধ্যমে নিজের হতাশা প্রকাশ করেছেন এভাবে, ‘বাংলাদেশের বিপক্ষে আমাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বাতিল হওয়ার সময় তোয়ালে জড়িয়েই ছিলাম। দুঃখের বিষয়, মাঠেই যেতে পারলাম না। টেস্ট খেলুড়ে একটা দলের বিপক্ষে খেলার আরেকটা সুযোগের জন্য তিন বছর অপেক্ষা করেছিলাম। কিন্তু সেটা হওয়ার ছিল না। সহযোগী দেশগুলোর ক্রিকেট সত্যিই কঠিন।’

শেষ চার ও ফাইনালেও বৃষ্টির বাধায় যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে ছেলেদের এশিয়ান গেমস ক্রিকেটে সোনা জিতবে ভারতই। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এখন সবার ওপরে ভারত। ৬ নম্বরে আছে পাকিস্তান, আটে বাংলাদেশ, নয়ে শ্রীলঙ্কা ও ১০ নম্বরে আফগানিস্তান। যদি আগামীকাল বৃষ্টিতে সেমিফাইনাল ভেসে যায়, সোনার লড়াইয়ে তখন মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াইটা হবে ব্রোঞ্জ নিয়ে।

তবে স্বস্তির খবর, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী নিশিনে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কম। আজ রৌদ্রজ্জ্বল আইচিতে অনুশীলন করেছেন লিটন দাস-তানজিদ হাসান তামিম-ইয়াসির আলী চৌধুরী রাব্বিরা। টানা বৃষ্টির মধ্যে এমন রোদ ঝলমলে আবহাওয়া পেয়ে খুশি ক্রিকেটাররাও। সংবাদমাধ্যমকে ইয়াসির বলেন, ‘আলহামদুলিল্লাহ। আজ জাপান আসার পর মনে হয় এই প্রথম আমরা রোদ দেখলাম। ভালো লাগছে। আজ ভালোমতো আমরা মাঠে নামতে পেরেছি। কাল ইনশা আল্লাহ আমাদের খেলার জন্য ভালো আবহাওয়া থাকবে।’

নিশিনের কোরোগি স্পোর্টস ক্লাবে কাল আগে হবে বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে এই ম্যাচ। ভারত-শ্রীলঙ্কা সেমিফাইনাল মাঠে গড়াবে বেলা ১১টায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত