Ajker Patrika

লিটন-রিজওয়ানের তর্কের আসল খবর জানালেন পাকিস্তানি কোচ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২১ মে ২০২৬, ১৬: ০০
লিটন-রিজওয়ানের তর্কের আসল খবর জানালেন পাকিস্তানি কোচ
মোহাম্মদ রিজওয়ান-লিটন দাসের স্লেজিং উপভোগ করেছেন মুশতাক আহমেদ। ছবি: ফাইল ছবি

সিলেট টেস্ট শেষ হওয়ার পর ২৪ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেছে। পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে বাংলাদেশ রেকর্ড বই তছনছ করে দিয়েছে। তবে সব ছাপিয়ে আলোচনায় লিটন দাস-মোহাম্মদ রিজওয়ানের ঘটনা। দুজনের তর্কযুদ্ধের ঘটনা সামাজিক মাধ্যমে এতটাই ভাইরাল হয়েছে যে ম্যাচ শেষেও স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকে এই ঘটনা নিয়ে কথা বলতে হয়েছে।

লিটন-রিজওয়ানের ঘটনা মূলত গত পরশু সিলেট টেস্টের চতুর্থ দিনের। সেদিন সাইটস্ক্রিনে এক ব্যক্তি দাঁড়িয়ে থাকায় সমস্যা হচ্ছিল রিজওয়ানের। এ কারণে তিনি তাইজুল ইসলামকে বোলিংয়ের মাঝপথে থামিয়ে দিয়েছিলেন। লিটন বিরক্ত হয়ে জানতে চাইলেন, কেন রিজওয়ান এমনটা বারবার করছেন। দুজনের কথাকাটাকাটি থামাতে এগিয়ে আসতে হয়েছিল মাঠের আম্পায়ার আলাউদ্দিন পালেকারকে।

গতকালের বাংলাদেশের ৭৮ রানে জয়ের পর স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াইকে সাক্ষাৎকার দিয়েছেন। লিটন-রিজওয়ানের ঘটনার বিস্তারিত জানতে চাইলেন উপস্থাপক। মুশতাকের মতে স্লেজিং হলেও লিটন-রিজওয়ান কেউ বেয়াদবি করেননি। বাংলাদেশের স্পিন বোলিং কোচ বলেন, ‘‘আজ (গতকাল) লিটন-রিজওয়ান দুজনের সঙ্গেই কথা বলেছি। এই ঘটনার সমাধান করেছি। সে (লিটন) বলল, ‘রিজওয়ানের কারণে আমরা বিরক্ত হয়েছি।’ করে আমার মেয়ে যে চিৎকার দিতেছে, বুঝতে পারি নাই’। এ রকম করে রিজওয়ান যে প্রতিপক্ষের মনোঃসংযোগ নষ্ট করেছে, সেই কৌশলটার কথা লিটনকে আমি বলেছি। সে (রিজওয়ান) যা করেছে, তুমিও (লিটন) তা-ই করো। কেউ বেয়াদবি করেনি।’’

লিটন-রিজওয়ানের স্লেজিং নিয়ে কথা বলতে গিয়ে মুশতাকের মনে হয়েছে, বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটাররা একে অপরকে অনেক সম্মান করেন। বাংলাদেশের স্পিন বোলিং কোচ বলেন, ‘‘যে স্লেজিং হলো, সেটা টেস্টের সৌন্দর্য।’ এরকম স্লেজিং করে প্রতিপক্ষের মনোঃসংযোগে ব্যাঘাত ঘটানো এক ধরনের কৌশল। অস্ট্রেলিয়ানরা এটা করে থাকে। রিজওয়ানকে আমি জিজ্ঞেস করেছি, আসলে কী হয়েছে? সে বলল, ‘সাইটস্ক্রিনের সামনে যে দাঁড়িয়েছিলেন, তাঁর কারণে আমার সমস্যা হচ্ছিল।’ রিজওয়ানের তো অধিকার আছে কোনো সমস্যা থাকলে সে বলবে। লিটন আসলে রিজওয়ানকে উত্যক্ত করেছে এই চিন্তা করে যাতে সে বাজে শট খেলে আউট হয়ে যায়। রিজওয়ানকে লিটন অনেক সম্মান করে। শুধু তা-ই নয়, বাংলাদেশের ক্রিকেটাররা পাকিস্তানি ক্রিকেটারদের সত্যিই অনেক সম্মান করে।’’

বাংলাদেশ জয়ের পর খুশি হওয়ার কথা থাকলেও মুশতাকের মিশ্র অনুভূতি কাজ করছে। কারণ, যে পাকিস্তানকে ধবলধোলাই করেছে নাজমুল হোসেন শান্তর দল, সেই পাকিস্তানের হয়ে ১৯৬ ম্যাচ খেলেছেন মুশতাক। ম্যাচ শেষে এআরওয়াই নিউজকে মুশতাক বলেন, ‘অবশ্যই মিশ্র অনুভূতি কাজ করছে। সত্যি বলতে আজ (গতকাল) পাকিস্তানের হারের পর অনেক বিষণ্ন ছিলাম। দুই টেস্ট আমরা (বাংলাদেশ) জিতলেও যে পাকিস্তানের হয়ে খেলার কারণে আমি বাংলাদেশে স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করছি, এ কারণেই মন খারাপ (পাকিস্তানের পরাজয়ে)। এই সহজাত অনুভূতি তো অস্বীকার করা যায় না।’

পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারতকে টপকে পাঁচে উঠে এসেছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকেও বাংলাদেশ। দুই ধাপ এগিয়ে শান্তর দল এখন টেস্ট র‍্যাঙ্কিংয়ে সাত নম্বরে অবস্থান করছে। ২৬ বছরের ইতিহাসে টেস্টে এটাই বাংলাদেশের সেরা র‍্যাঙ্কিং। বিপরীতে পাকিস্তান দুই ধাপ পিছিয়ে আট নম্বরে নেমে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত