Ajker Patrika

ত্রুটিপূর্ণ গঠনতন্ত্রেই সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি তামিমদের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০১ মে ২০২৬, ১৯: ১৫
ত্রুটিপূর্ণ গঠনতন্ত্রেই সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি তামিমদের
নির্বাচন করবেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। ছবি : বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান হওয়ার পরই যে দুটি সংবাদ সম্মেলন করেছিলেন তামিম ইকবাল, কোনো প্রশ্ন নেননি। গতকাল সংবাদ সম্মেলনের শুরুতে নিজেই সে প্রসঙ্গ তুললেন। শুরুতে নিজেদের কিছু উদ্যোগ ও পরিকল্পনা তুলে ধরলেন তামিম।

বিসিবির অধীনে আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় নিচের ধাপের ক্রিকেটারদের পর্যাপ্ত ম্যাচ খেলার সুবিধা করে দিতে তামিম ইংলিশ কাউন্টি ক্রিকেটের পদ্ধতি অনুসরণ করতে চান। ফার্স্ট ইলেভেন ও সেকেন্ড ইলেভেন পদ্ধতিতে প্রতিটি বিভাগের দুটি করে দল থাকবে। প্রথম শ্রেণির ক্রিকেট জাতীয় লিগকে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ফিরিয়ে আনতে চান তামিম।

স্টেডিয়ামের সব দর্শক গ্যালারিতে ছাউনি, সৌর প্যানেল বসানোর পরিকল্পনা করেছে তামিমের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি। অ্যাডহক কমিটির মূল কাজ স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। আর দেশের সব স্টেডিয়ামের মালিকানা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি)। স্টেডিয়ামে কোনো স্থাপনা নির্মাণ ও পরিকল্পনা বাস্তবায়নের মূল দায়িত্ব যেহেতু এনএসসির, অ্যাডহক কমিটি কীভাবে অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা করছে? এ প্রশ্নে তামিমের ব্যাখ্যা, ‘আমরা প্রক্রিয়া শুরু করেছি। হ্যাঁ, আপনি ঠিক, আমাদের প্রতিটি মাঠের মালিক এনএসসি। এনসসির সঙ্গে আলোচনা করে যদি তারা অনুমতি দেয়, তবেই করতে পারবেন। অ্যাডহক কমিটি বড় কোনো প্রক্রিয়ায় যেতে চায় না, ঠিক আছে। তবে এটা বাধ্যতা নেই যে আমরা করতে পারব না। যেসব স্থাপনের বিষয়ে বলা হচ্ছে, তা এক-দুই মাসে করা সম্ভব না। আমরা প্রক্রিয়া শুরু করে দিয়ে যাচ্ছি। এটা নির্বাচনের পরে হলে হবে। কিন্তু কোথাও তো এক জায়গায় শুরু করতে হবে। আমাদের শুরু করতে দেন। আমি যদি না থাকি, আরেকজন যদি আসে, সে যদি মনে করে দরকার নেই, সিদ্ধান্ত নিতে পারে। যারাই আসবে, তারাই এ কাজ করবে।’

নির্বাচনের আগে তামিমের পদত্যাগের খবর ছড়িয়েছিল। নিজের পদত্যাগ ও নির্বাচনের তারিখ নিয়ে তামিম বলেছেন, ‘৩ মে বোর্ড মিটিং করে নির্বাচনী প্রক্রিয়া শুরু করার চেষ্টা করব। সাধারণত প্রক্রিয়া শুরুর ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে নির্বাচন হয়ে যায়, যা আমাদের ডেডলাইনের (৬ জুলাই) অন্তত দুই-তিন সপ্তাহ আগেই সম্ভব। পদত্যাগের ব্যাপারে আমি কিছুই ভাবিনি। প্রথম দিন থেকেই বলেছি যে আমি নির্বাচনে অংশগ্রহণ করব এবং গঠনতন্ত্র অনুযায়ী এগিয়ে যাব।’

গত মাসের শুরুতে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া যে তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে, সেই কমিটির প্রধান সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, বিসিবির বিদ্যমান গঠনতন্ত্রের ত্রুটিবিচ্যুতি তাঁদের নজরে এসেছে। গঠনতন্ত্র সংশোধন না করলে বিসিবির নির্বাচন ভবিষ্যতেও হস্তক্ষেপমুক্ত করা সম্ভব নয়। স্বাধীন তদন্ত কমিটির সুপারিশমালায় গঠনতন্ত্র সংশোধনের কথা বলা আছে বলে জানিয়েছিলেন ওই কমিটি প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।

ত্রুটিপূর্ণ গঠনতন্ত্রে নির্বাচন আয়োজন নিয়ে তামিমের যুক্তি, ‘এটা ইলেক্টেড বডির জন্য ছিল। আমাদের কোনো অধিকার নেই গঠনতন্ত্র পরিবর্তন করার।’ যদিও অতীতে বিসিবির একাধিক অ্যাডহক কমিটির (২০০৫, ২০০৮, ২০১৩) গঠনতন্ত্র সংশোধন করার উদাহরণ আছে। ত্রুটিপূর্ণ গঠনতন্ত্রেই সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার তামিমের, ‘নির্বাচন আয়োজনে অনেক আইনগত মতামত নিতে হয়। এরই মধ্যে কিছু নিয়েছি। সামনে আরও নেব। আগে যে নিয়মে হয়েছে, সেটা রক্ষা করে নির্বাচন যেভাবে হওয়া উচিত, সেভাবেই করব। পোস্টাল ব্যালট সব সময় ছিল। এটা নির্ভর করছে আপনার ওপর, কীভাবে ক্ষমতার ব্যবহার করছেন। আমাদের অধীনে ইনশা আল্লাহ সুষ্ঠু নির্বাচন করতে পারব।’

আইসিসি থেকে পাওয়া অর্থে অনেক আগেই আর্থিকভাবে বিসিবি শক্তিশালী হলেও রাজস্ব বৃদ্ধি বা বাণিজ্যিক ক্ষেত্রে বোর্ডে সিন্ডিকেটের অভিযোগ আছে। কাউকে বাড়তি সুবিধা না দেওয়ার প্রতিশ্রুতি তামিমের, ‘এখানে কোনো সিন্ডিকেট থাকতে পারবে না। আমার সুবিধা হলো বিসিবিতে আমার কোনো নিজস্ব লোক নেই। আমাদের রাজস্ব বাড়াতে হবে। গত এক-দুই বছরে রাজস্বের অবস্থা খুবই খারাপ। পুরো দায়িত্বে এলে এসব আমাদের কাজে অগ্রাধিকার পাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

ঘরে ঢুকে বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ, ৮ দিন পরে মামলা

ব্যাচেলর পয়েন্টে যুক্ত হলেন নেপালি অভিনেত্রী

একটি দেশ বাদে পুরো আফ্রিকার জন্য চীনের ‘শূন্য শুল্ক’, কার কী লাভ

বোনের ক্যারিয়ার বাঁচাতে তদবির করেছেন প্রিয়াঙ্কা, তাঁর পরামর্শেই বিজেপিতে রাঘব!

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত