Ajker Patrika

পাকিস্তানের জয়ের দিনে বাবরের নতুন মাইলফলক

ক্রীড়া ডেস্ক    
পাকিস্তানের জয়ের দিনে বাবরের নতুন মাইলফলক
বাবর আজম। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ রানের জয়ের দিনে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাবর আজম। পাকিস্তানের পঞ্চম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। এখন তাঁর সামনে দেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়ার হাতছানি।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমেছিল পাকিস্তান। নামের পাশে ১৫,৯৯৩ রান নিয়ে ব্যাট করতে নামেন বাবর। ১৬ হাজারি ক্লাবে প্রবেশ করতে খুব বেশি সময় লাগেনি তাঁর। ফিফটি থেকে ৫ রান দূরে থাকতে আউট হন বাবর। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর মোট রান এখন ১৬,০৩৮।

পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকার শীর্ষে রয়েছেন ইনজামাম উল হক। ৪৯৫ ম্যাচে তাঁর সংগ্রহ ২০ হাজার ৫৪১ রান। দ্বিতীয় স্থানে ইউনিস খান। ৪০৮ ম্যাচে ১৭ হাজার ৭৯০ রান করেছেন তিনি। মোহাম্মদ ইউসুফের রান ১৭ হাজার ১৩৪ এবং জাভেদ মিয়াঁদাদের ১৬ হাজার ২১৩।

তিন সংস্করণেই ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে এই মাইলফলকে পৌঁছেছেন বাবর। ৬৬ টেস্টে তাঁর রান ৪ হাজার ৭৭১। ১৪৫ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে করেছেন ৪ হাজার ৫৯৬ রান। ওয়ানডেতে তাঁর সংগ্রহ সাড়ে ছয় হাজারের বেশি। আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে তাঁর সেঞ্চুরি ৩২টি এবং ফিফটি ১১১টি।

পাকিস্তানের হয়ে ওয়ানডেতে কিংবদন্তি ওপেনার সাঈদ আনোয়ারের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক বাবর। দুজনেই ২০টি করে সেঞ্চুরি করেছেন। আর একটি শতক করতে পারলেই আনোয়ারকে ছাড়িয়ে রেকর্ডটি এককভাবে নিজের করে নেবেন বাবর।

ওয়ানডেতে ২১টি সেঞ্চুরি করতে দ্রুততম ব্যাটারদের তালিকায় জায়গা করে নেওয়ার সুযোগও রয়েছে বাবরের সামনে। দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ১১৬ ইনিংসে ২১টি সেঞ্চুরি করে এই রেকর্ড গড়েন। ভারতের বিরাট কোহলি এই মাইলফলকে পৌঁছান ১৩৮ ইনিংসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত