Ajker Patrika

ইমরানপুত্রদের সাক্ষাৎকার বিতর্কের পর বাদ দুই ইংলিশ ধারাভাষ্যকার

ক্রীড়া ডেস্ক    
ইমরানপুত্রদের সাক্ষাৎকার বিতর্কের পর বাদ দুই ইংলিশ ধারাভাষ্যকার
আথারটন ও নাসের। ছবি: সংগৃহীত

ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার ঘিরে বিতর্কের পর এবার চলমান ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ধারাভাষ্য প্যানেলে জায়গা পাননি ইংল্যান্ডের সাবেক দুই অধিনায়ক মাইকেল আথারটন ও নাসের হুসেইন। স্কাই স্পোর্টসে সম্প্রচারিত ইমরানের দুই ছেলে কাসিম ও সুলাইমান খানের সেই সাক্ষাৎকারে সম্পৃক্ত ছিলেন নাসের ও আথারটন।

প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সেই আলোচিত সাক্ষাৎকারের জেরে নাসের ও আথারটনকে ছয় সদস্যের ধারাভাষ্য প্যানেলে রাখেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত আগস্টে লর্ডস টেস্ট চলাকালীন স্কাই স্পোর্টসে সম্প্রচারিত ওই সাক্ষাৎকারকে কেন্দ্র করে রীতিমতো হুলস্থুল পড়ে গিয়েছিল।

সাক্ষাৎকারে কাসিম ও সুলেমান অভিযোগ করেন, অবহেলা ও একঘরে করে রাখার মাধ্যমে পাকিস্তানি কর্তৃপক্ষ তাঁদের বাবাকে প্রকাশ্যেই হত্যার চেষ্টা করছে।

কাসিমের দাবি, পাকিস্তানের কারাগারে বেশ কয়েকজন রাজনৈতিক বন্দীর মৃত্যু হয়েছে। তাঁর আশঙ্কা, সরকার ইমরান খানের ক্ষেত্রেও একই পরিণতি ঘটাতে চাইছে। দুই ভাই আরও বলেন, ইমরান প্রতিদিন ২৩ ঘণ্টারও বেশি সময় একটি ছোট কক্ষে একা কাটান। তাঁদের অভিযোগ, কারিগরি কারণ দেখিয়ে পাকিস্তানি কর্তৃপক্ষ তাঁদের ভিসা দিতেও অস্বীকৃতি জানিয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান সরকার। সরকারের দাবি, ইমরানের আত্মীয়স্বজন, আইনজীবী ও চিকিৎসকদের তাঁর সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হয়নি।

সাক্ষাৎকারটি প্রচারের পর পিসিবি প্রতিবাদ জানায়। বিকেলের সেশনে খেলোয়াড়দের মাঠে না নামানোর হুমকি দেওয়ার পাশাপাশি স্কাই স্পোর্টসের কাছে পিসিবি আনুষ্ঠানিক অভিযোগ জানায় বলে খবর প্রকাশ হয়েছিল। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি অবশ্য দেশের অভ্যন্তরে সাক্ষাৎকারটি প্রচার করেনি।

২০২৪ সালে ইংল্যান্ডের সর্বশেষ পাকিস্তান সফরের সময় ধারাভাষ্য প্যানেলে ছিলেন আথারটন ও নাসের দুজনই। এবার তাঁদের বাদ পড়ার সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে, ২০২৩ সাল থেকে কারাবন্দি ইমরান খানের স্বাস্থ্য নিয়েও উদ্বেগ রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, তিনি তাঁর দৃষ্টিশক্তির প্রায় ৭৫ শতাংশ হারিয়েছেন। ইমরানের চিকিৎসা নিশ্চিত করার দাবিতে পাকিস্তান সরকারের কাছে চিঠি লিখেছেন বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত