
রাকিবুল হাসান চার মারতেই উদযাপন শুরু বাংলাদেশের। পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে রাকিবুলের বাঁধভাঙা উদযাপনে যোগ দেন শরীফুল ইসলাম, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিমরা। সুদূর পচেফস্ট্রুম থেকে সেই রেশ ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে। ছয় বছর আগের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের কথা বলা হচ্ছে, সেটা অনেকেই বুঝতে পেরেছেন। খালেদ মাহমুদ সুজনও মনে করিয়ে দিলেন পুরোনো স্মৃতি।
দক্ষিণ আফ্রিকা-নামিবিয়া-জিম্বাবুয়ের যৌথ আয়োজনে আগামী বছরের অক্টোবর-নভেম্বরে হবে ওয়ানডে বিশ্বকাপ। এই দক্ষিণ আফ্রিকাতেই ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ। সে সময় নাভিদ নেওয়াজ প্রধান কোচের দায়িত্ব থাকলেও বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্যের নেপথ্যের কারিগর সুজন।
আজ ক্রিকেটার্স একাডেমিতে সাংবাদিকেরা যখন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের পরিকল্পনা সম্পর্কে জানতে চান, সুজন মনে করিয়ে দিয়েছেন ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কথা। সংবাদমাধ্যমকে ৫৫ বছর বয়সী কোচ বলেন, ‘দক্ষিণ আফ্রিকা তো আসলে পৃথিবীর বাইরে না। মানে বাংলাদেশিরা দক্ষিণ আফ্রিকায় যায়। এটা সম্বন্ধে আমাদের সবার ধারণা আছে। বাংলাদেশের সেরা সাফল্য তো দক্ষিণ আফ্রিকাতেই। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে।’
এবারের এশিয়ান গেমস ক্রিকেটে মোহাম্মদ সালাহ উদ্দীন বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে থাকছেন। তিনি জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে কাজ করেছেন দীর্ঘ এক সময়। ব্যাটিংটাই মূলত দেখভাল করতেন। বর্তমানে তিনি হাইপারফরম্যান্স (এইচপি) প্রধান কোচের দায়িত্বে আছেন।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সময় দেশি কেউ সালাহ উদ্দীনের শূন্যস্থানে বসবেন নাকি দক্ষিণ আফ্রিকা কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত কাউকে সেখানে বসানো হবে—উত্তরে আজ সুজন বলেন, ‘আমি যেটা বললাম, অল্প সময়ের জন্য হয়তো আপনি নিতে পারেন। কিন্তু দীর্ঘমেয়াদে কোচ থাকাটা গুরুত্বপূর্ণ। আমাদের বিদেশি কোচদের ব্যাপারে কী হয়? আগে সফরভিত্তিক ছিল। অনেক সময় আপনারা এটাও দেখেছেন যে সফর শেষে ১৫ দিনের ছুটিতে যায় কোচরা। কেউ হয়তো এক মাস পরে আসে। তো ওই সময়ে ছেলেরা আসলে কার সঙ্গে কাজ করবে? তো আমার মতে এক শিক্ষক থাকাই ভালো।’
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ হয়ে মোহাম্মদ সালাহ উদ্দীন চারবার বিপিএল জিতেছেন। বাংলাদেশ জাতীয় দলেও দীর্ঘ একটা সময় সিনিয়র সহকারী কোচ ছিলেন। তানজিদ হাসান তামিম-লিটন দাসদের ব্যাটিংটাই দেখতেন তিনি। শুধু সালাহ উদ্দীন নন, বাংলাদেশের বেশ কজন সাবেক ক্রিকেটারের জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। মোহাম্মদ আশরাফুল ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন। তালহা জুবায়ের বর্তমানে বোলিং কোচের দায়িত্বে আছেন। সোহেল ইসলাম বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবেও খণ্ডকালীন দায়িত্ব পালন করেছিলেন।
স্থানীয় কোচদের সঙ্গে দেশের ক্রিকেটারদের বোঝাপড়াটা দারুণ বলে মনে করেন সুজন। যদিও তিনি বিদেশি কোচের বিপক্ষে নন। ক্রিকেটার্স একাডেমিতে আজ সাংবাদিকদের ৫৫ বছর বয়সী কোচ বলেন, ‘স্থানীয় কোচরা তো আর সিরিজ শেষে দেশের বাইরে আর কোথাও যায় না। ক্রিকেটাররাও তখন তাদের সঙ্গে সহজে মিশতে পারে। তবে আমি বলছি না যে বিদেশি কোচের বিপক্ষে।’
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরুর ১৪ মাস আগেই বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তিন দেশের ১২ ভেন্যুতে হবে আইসিসির এই ইভেন্ট। গত ৩০ জুলাই বিশ্বকাপের ১২ ভেন্যুর নাম চূড়ান্ত করেছে। যার মধ্যে আটটি দক্ষিণ আফ্রিকায়, জিম্বাবুয়েতে তিনটি ও নামিবিয়ার এক ভেন্যুতে হবে আইসিসির এই ইভেন্ট।

ইমাম-উল-হকের বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই। মিথ্যা চোটের নাটক, ড্রেসিংরুমের তথ্য ফাঁস, শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে। এমন ঘটনায় পাকিস্তানি বাঁহাতি ব্যাটার কঠিন শাস্তি পেতে যাচ্ছেন বলে জানা গেছে।
১ মিনিট আগে
বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ভরাডুবি হয়েছে পাকিস্তানের। ৩-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার পর সেটার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। এখন নিচের সারিতে অবস্থান করছে এশিয়ার এই দল।
২ ঘণ্টা আগে
কোচিং জগতে একেবারে নতুন নন খালেদ মাহমুদ সুজন। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কোচ ছিলেন তিনি। এবার তিনি বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন।
৩ ঘণ্টা আগে
দুঃসময়ের বাজে চক্রে ঘুরপাক খাচ্ছেন হুলিয়ান আলভারেস। দলবদল ইস্যুতে এমনিতেই আতলেতিকো মাদ্রিদের সঙ্গে তাঁর সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এবার ম্যাচ শুরুর আগমুহূর্তে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নিয়ে দুঃসংবাদ শোনাল আতলেতিকো।
৪ ঘণ্টা আগে