
কোচিং জগতে একেবারে নতুন নন খালেদ মাহমুদ সুজন। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কোচ ছিলেন তিনি। এবার তিনি বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন।
বাংলাদেশ জাতীয় দলে ভারপ্রাপ্ত বা অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে সুজনের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টিম ডিরেক্টরের দায়িত্বেও একসময় ছিলেন তিনি। ভবিষ্যতে কি জাতীয় দলের কোচ হিসেবে দেখা যেতে পারে সুজনকে—আজ ক্রিকেটার্স একাডেমিতে সাংবাদিকেরা জিজ্ঞেস করেছেন এই প্রশ্ন। ৫৫ বছর বয়সী এই কোচ সাংবাদিকদের বলেন, ‘সেটা তো বলতে পারছি না। যদিও আমার ক্যারিয়ারটাই কোচিংকেন্দ্রিক। বোর্ড যদি যোগ্য মনে করে, প্রস্তাব দেয়, তাহলে অবশ্যই কোচের দায়িত্ব পালন করব।’
তামিম ইকবাল বিসিবি সভাপতি হওয়ার পর গেম ডেভেলপমেন্ট বিভাগের পরামর্শকের দায়িত্ব পেয়েছেন সুজন। আপাতত এই দায়িত্ব সামলানোর চিন্তাই কাজ করছে সুজনের মনে। ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ এই কোচ সাংবাদিকদের বলেন, ‘এখন তো একটা দায়িত্ব (গেম ডেভেলপমেন্টের পরামর্শক) দিয়েছেন বিসিবি সভাপতি। তিনি হয়তো ভেবেছেন, আমি এই পদের যোগ্য। আমি যতটা সম্ভব, দায়িত্ব পালনের চেষ্টা করব।’
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ হয়ে মোহাম্মদ সালাহ উদ্দীন চারবার বিপিএল জিতেছেন। বাংলাদেশ জাতীয় দলেও দীর্ঘ একটা সময় সিনিয়র সহকারী কোচ ছিলেন। তানজিদ হাসান তামিম-লিটন দাসদের ব্যাটিংটাই দেখতেন তিনি। শুধু সালাহ উদ্দীন নন, বাংলাদেশের বেশ কজন সাবেক ক্রিকেটারের জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। মোহাম্মদ আশরাফুল ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন। তালহা জুবায়ের বর্তমানে বোলিং কোচের দায়িত্বে আছেন। সোহেল ইসলাম বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবেও খণ্ডকালীন দায়িত্ব পালন করেছিলেন।
বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা যখন জাতীয় দলের কোচিং প্যানেলে আসছেন, সেটা ইতিবাচক মনে করছেন সুজন। ৫৫ বছর বয়সী কোচ আজ ক্রিকেটার্স একাডেমিতে সাংবাদিকদের বলেন, ‘অবশ্যই। এটাই তো হওয়া উচিত আসলে। মানে ছেলেরা কাজ করছে। আমাদের দেশি কোচ তো অনেক দিন ধরে কাজ করছে। অনেকে লেভেল থ্রি সম্পূর্ণ করেছে। এটা তো অনেক আগেই হওয়া উচিত ছিল। আমি অনেক খুশি যে বর্তমান বাংলাদেশ দলে আশরাফুল, তালহা, সালাহ উদ্দীন, সোহেল অনেককে দেখতে পাচ্ছি। জুনিয়র পর্যায়ে হান্নান আছে।’
২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হয়েছেন ফিল সিমন্স। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া—তাঁর অধীনে বাংলাদেশ টানা চারটি ওয়ানডে সিরিজ জিতেছে। পাকিস্তানকে এ বছর বাংলাদেশ টেস্টে ধবলধোলাই করেছে সিমন্সের সময়ই। ডারউইনে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ই তাঁর বাংলাদেশের হয়ে অন্যতম সেরা সফলতা। অস্ট্রেলিয়ার মাঠে ২৩ বছর পর টেস্ট খেলতে গিয়ে বাংলাদেশ ১-১ সমতায় সিরিজ ড্র করেছে। তবে জাপানে হতে যাওয়া এশিয়ান গেমস ক্রিকেটে সিমন্সের পরিবর্তে সালাহ উদ্দীন থাকছেন প্রধান কোচের দায়িত্বে।

ইমাম-উল-হকের বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই। মিথ্যা চোটের নাটক, ড্রেসিংরুমের তথ্য ফাঁস, শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে। এমন ঘটনায় পাকিস্তানি বাঁহাতি ব্যাটার কঠিন শাস্তি পেতে যাচ্ছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
রাকিবুল হাসান চার মারতেই উদযাপন শুরু বাংলাদেশের। পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে রাকিবুলের বাঁধভাঙা উদযাপনে যোগ দেন শরীফুল ইসলাম, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিমরা। সুদূর পচেফস্ট্রুম থেকে সেই রেশ ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে। ছয় বছর আগের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের কথা বলা হচ্ছে, সেটা অনেকেই বুঝতে পেরেছে
২ ঘণ্টা আগে
বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ভরাডুবি হয়েছে পাকিস্তানের। ৩-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার পর সেটার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। এখন নিচের সারিতে অবস্থান করছে এশিয়ার এই দল।
৩ ঘণ্টা আগে
দুঃসময়ের বাজে চক্রে ঘুরপাক খাচ্ছেন হুলিয়ান আলভারেস। দলবদল ইস্যুতে এমনিতেই আতলেতিকো মাদ্রিদের সঙ্গে তাঁর সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এবার ম্যাচ শুরুর আগমুহূর্তে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নিয়ে দুঃসংবাদ শোনাল আতলেতিকো।
৫ ঘণ্টা আগে