Ajker Patrika

কোন কোন ভেন্যুতে হবে বিশ্বকাপ, জানাল আইসিসি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১৩: ১৯
কোন কোন ভেন্যুতে হবে বিশ্বকাপ, জানাল আইসিসি
আগামী বছরের অক্টোবর-নভেম্বরে তিন দেশের ১২ ভেন্যুতে হবে ওয়ানডে বিশ্বকাপ। ছবি: সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো ১৪ মাস বাকি। তার আগেই বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তিন দেশের ১২ ভেন্যুতে হবে আইসিসির এই ইভেন্ট।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া মিলিয়ে ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে হবে ওয়ানডে বিশ্বকাপ। আইসিসি গতকাল নিজেদের ওয়েবসাইটে বিশ্বকাপের ১২ ভেন্যুর নাম চূড়ান্ত করেছে। যার মধ্যে আটটি দক্ষিণ আফ্রিকায়, জিম্বাবুয়েতে তিনটি ও নামিবিয়ার এক ভেন্যুতে হবে আইসিসির এই ইভেন্ট।

জোহানেসবার্গের ওয়ান্ডার্স স্টেডিয়াম, সেঞ্চুরিয়ন, কেপটাউনের নিউল্যান্ডস, ডারবানের কিংসমিড, পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্ক, ব্লুমফন্টেইনের ম্যানগং ওভাল, পার্লের বোল্যান্ড পার্ক, ইস্ট লন্ডনের বাফেলো পার্ক—দক্ষিণ আফ্রিকার এই আট ভেন্যুতে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সিংহভাগ ম্যাচ হবে। জিম্বাবুয়ের দুই ঐতিহ্যবাহী স্টেডিয়াম হারারে স্পোর্টস ক্লাব ও বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবের সঙ্গে যুক্ত হলো ভিক্টোরিয়া ফলসের ফালে মোসি-ওয়া-তুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে গত বছর থেকেই ১০ হাজার আসনবিশিষ্ট ভিক্টোরিয়া ফলস স্টেডিয়াম বানানোর নির্মাণ পরিকল্পনা শুরু হয়। উইন্ডহোকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড তুলনামূলক নতুনই বলা চলে। গত বছরের মার্চ থেকে এ বছরের জুন পর্যন্ত ১৮টি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে এই মাঠে।

আইসিসি গতকাল নিজেদের ওয়েবসাইটে বিশ্বকাপের ভেন্যু নাম ঘোষণা করতে গিয়ে ১ মিনিটের একটি ভিডিও বানিয়েছে। ‘দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় আসছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ’-এই শিরোনামের ভিডিওতে আফ্রিকা মহাদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে ফুটিয়ে তোলা হয়েছে। সাদা মেঘের ভেতর দিয়ে উড়ে যাচ্ছে পাখি, বনে হাতিদের পদচারণা, ঝরণার সুমধুর শব্দ—সবই দেখানো হয়েছে। জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকার দর্শকেরা কতটা ক্রিকেট পাগল, সেটাও দেখা গেছে ভিডিওতে। নামিবিয়ার পতাকা হাতে দর্শকদেরও দেখা গেছে। আফ্রিকার স্থানীয় নৃত্য এবং তাদের পাড়া মহল্লার ক্রিকেটও দেখানো হয়েছে আইসিসির প্রকাশিত ভিডিওতে।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে ১৪ দল। বিশ্বের শীর্ষ ১৪টি দলকে স্বাগত জানাতে প্রস্তুত তিনটি স্বাগতিক দেশ। তিন দেশ, এক হৃৎস্পন্দন—এই স্লোগানের মাধ্যমে তারা বিশ্বকাপের ১৪ দলকে স্বাগত জানাতে প্রস্তুত। পুরো আয়োজনটি আফ্রিকার উবুন্তু দর্শনের চেতনায় অনুপ্রাণিত, যার অর্থ ‘আমি আছি, কারণ আমরা আছি।’ এই দর্শন মানবতা হিসেবে পারস্পরিক সহমর্মিতা, দয়া এবং একে অপরের সঙ্গে গভীর সংযোগের মাধ্যমে একটি বিশ্বাস স্থাপন করে।

২০১১ ও ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের মতো এবারও অংশ নেবে ১৪ দল। সেই দুইবার দুই গ্রুপে সাতটি করে দল খেলেছিল। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালের পর ফাইনাল—এভাবে হয়েছিল টুর্নামেন্ট। তবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সংস্করণ অনেকটা বদলেছে। আগামী বছরের অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া আইসিসির এই ইভেন্টে হবে ৫৪ ম্যাচ।

দক্ষিণ আফ্রিকা

  • ওয়ান্ডারার্স স্টেডিয়াম (জোহানেসবার্গ)
  • সেঞ্চুরিয়ন (শোয়ানে)
  • নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড (কেপ টাউন)
  • কিংসমিড ক্রিকেট গ্রাউন্ড (ডারবান)
  • সেন্ট জর্জেস পার্ক (পোর্ট এলিজাবেথ)
  • ম্যানগং ওভাল (ব্লুমফন্টেইন)
  • বোল্যান্ড পার্ক (পার্ল)
  • বাফেলো পার্ক (কু-গম্পো সিটি, পূর্বের নাম ইস্ট লন্ডন)

জিম্বাবুয়ে

  • হারারে স্পোর্টস ক্লাব (হারারে)
  • কুইন্স স্পোর্টস ক্লাব (বুলাওয়েও)
  • ফালে মোসি-ওয়া-তুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (ভিক্টোরিয়া ফলস)

নামিবিয়া

  • নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড (উইন্ডহোক)
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত