Ajker Patrika

মিরাজদের তুলোধুনো করে ফাইনালে অ্যান্টিগা, পাকিস্তানি ক্রিকেটারের হ্যাটট্রিক

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৫৮
মিরাজদের তুলোধুনো করে ফাইনালে অ্যান্টিগা, পাকিস্তানি ক্রিকেটারের হ্যাটট্রিক
ব্যাটিং-বোলিংয়ে ব্যর্থ মেহেদী হাসান মিরাজ। তাঁর ব্যর্থতার রাতে হ্যাটট্রিক করেছেন শাদাব খান। ছবি: ক্রিকইনফো

মেহেদী হাসান মিরাজকে কাভারের ওপর দিয়ে উড়িয়ে মারলেন এভিন লুইস। দুই রান নিতেই শেষ খেলা। ২৪০ বলের ম্যাচের ফল এসেছে কেবল ১২২ বলে। মিরাজ-ইমরান তাহিরদের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস।

বার্বাডোজের ব্রিজটাউনে গতকাল স্থানীয় সময় রাতে অনুষ্ঠিত প্রথম কোয়ালিফায়ারে অ্যান্টিগা এন্ড বারবুডার সহজ জয় এসেছে মূলত বোলারদের কল্যাণেই। হ্যাটট্রিক করেছেন অ্যান্টিগার লেগস্পিনার শাদাব খান। ক্যারিবীয় প্রিমিয়ার লিগ ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করার পথে শাদাব পেয়েছেন মিরাজের উইকেটও।

টস জিতে অ্যান্টিগা অধিনায়ক মঈন আলীর ফিল্ডিংয়ের সিদ্ধান্ত যে ভুল ছিল না, সেটা সতীর্থরা দুর্দান্ত বোলিংয়ে বুঝিয়ে দিয়েছেন। ১৫ ওভারে ৭৬ রানে গুটিয়ে যায় গায়ানা। ৪ ওভারে ১৬ রানে ৪ উইকেট নিয়েছেন শাদাব। হ্যাটট্রিকটা করেছেন নবম ওভারের চতুর্থ বলে শিমরন হেটমায়ারকে (২) ফিরিয়ে। শাদাবের ফ্লাইটেড ডেলিভারি তুলে মারতে গিয়ে হেটমায়ার লংঅনে ধরা পড়েন হাসান নাওয়াজের হাতে। পরের বলে মিরাজকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন শাদাব। আর একই ওভারের (নবম) শেষ বলে কোয়েন্টিন স্যাম্পসনকে বোল্ড করে হ্যাটট্রিক তুলে নেন পাকিস্তানি লেগস্পিনার।

গায়ানার মাত্র চার ব্যাটার দুই অঙ্ক পেরোতে পেরেছেন। শাই হোপ ও গ্লেন ফিলিপস উভয়ই ১৬ রান করে আউট হয়েছেন। মাভেন্দ্র দিনদিয়াল করেন ১১ রান। টপ অর্ডারের তিন ব্যাটারের পাশাপাশি টেলএন্ডার ব্যাটার রোমারিও শেফার্ড ১৪ রান করে অপরাজিত থাকেন। আর শাদাবের হ্যাটট্রিকের শিকার মিরাজ, স্যাম্পসন উভয়ই শূন্য রান করেছেন। পাকিস্তানি লেগস্পিনার এরপর ১১তম ওভারের দ্বিতীয় বলে গায়ানা অধিনায়ক তাহিরকে (১) বোল্ড করেন।

রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে শেষ করার আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় অ্যান্টিগা। ৫.২ ওভারে ১ উইকেটে ৭৭ রান করে ফেলে দলটি। ৮৮ বল হাতে রেখে পাওয়া ৯ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন শাদাব। তবে হারলেও ফাইনালে ওঠার আরও একটি সুযোগ রয়েছে মিরাজদের সামনে। বাংলাদেশ সময় আগামীকাল ভোরে দ্বিতীয় কোয়ালিফায়ারে বার্বাডোজে মুখোমুখি হবে গায়ানা-জ্যামাইকা কিংসমেন। এলিমিনেটরে বার্বাডোজ ট্রাইডেন্টসকে ৯ উইকেটে হারিয়ে জ্যামাইকা উঠেছে দ্বিতীয় কোয়ালিফায়ারে।

সিপিএল ইতিহাসে প্রথম হ্যাটট্রিক হয়েছিল ২০১৭ সালে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে হ্যাটট্রিক করেছিলেন রশিদ খান। তাঁর প্রতিপক্ষ ছিল জ্যামাইকা তালাওয়াস। দ্বিতীয় হ্যাটট্রিক দেখা গেছে ২০১৮ সালে। জ্যামাইকা তালাওয়াসের হয়ে আন্দ্রে রাসেল হ্যাটট্রিক করেছিলেন ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে। পরের হ্যাটট্রিক দেখতে অপেক্ষা করতে হয়েছে আট বছর। বাংলাদেশ সময় আজ ভোর রাতে শাদাব করেছেন হ্যাটট্রিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত