
দুই দিনের ব্যবধানে আবাহনী-বসুন্ধরা কিংস আবারও মুখোমুখি হলো। আবাহনীর সামনে সুযোগ ছিল দারুণ কিছু করে ফেডারেশন কাপের ফাইনালে হারের দুঃখ কিছুটা মোচন করার। সেটি তো সম্ভব হলোই না, উল্টো বসুন্ধরার কাছে ২-০ গোলে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাদৌড়ে কিছুটা পিছিয়েই পড়ল তারা। দুই অর্ধের শুরুতে দুটি গোলই করেন বসুন্ধরার ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম। ম্যাচের একদম শেষ দিকে ফুটবল মাঠ উত্তপ্ত হয়ে ওঠে রেসলিংয়ের আবহে! দুই দলের খেলোয়াড়দের মধ্যে লেগে যায় হাতাহাতি।
লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বসুন্ধরার ডিফেন্ডার মোহাম্মদ সাদ উদ্দিন ও মিডফিল্ডার সোহেল রানা। আবাহনীর সেন্টার ডিফেন্ডার শাহিন আহাম্মদও দেখেন লাল কার্ড। বসুন্ধরার জয়ে লাভ হলো মোহামেডানেরই বেশি। দিনের অন্য ম্যাচে সানডে ইমানুয়্যেলের জোড়া ও মোজাফফর মোজাফফারবের গোলে পুলিশ এফসিকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। মোহামেডান ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শিরোপার পথে মসৃণ করে রাখল। দুই নম্বরে থাকা আবাহনী (২৭) এই হারে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে পিছিয়ে পড়েছে ৭ পয়েন্টের ব্যবধানে। সমানসংখ্যক ম্যাচে তিন নম্বরে থাকা বসুন্ধরার পয়েন্ট ২৪ পয়েন্ট।
বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ আক্রমণ, প্রতি-আক্রমণে শুরু থেকে জমে ওঠা আবাহনী-বসুন্ধরার ম্যাচ। একাদশ মিনিটেই কয়েকজনকে কাটিয়ে একাই চেষ্টা করেন বসুন্ধরার রিমন হোসেন, কিন্তু তাঁর শট পোস্টের অনেক বাইরে দিয়ে অতিক্রম করে। ভালো জায়গায় থেকেও রিমনের কাছ থেকে বল না পেয়ে হতাশা প্রকাশ করেন কিংসের ফরোয়ার্ড রাকিব হোসেন। সেই আক্ষেপ অবশ্য মিনিট পাঁচেক পরই পুষিয়ে নিলেন দারুণ এক গোলে অবদান রেখে। রাকিবের কাছ থেকে পাস ধরে জাল খুঁজে নেন ফাহিম। বিরতি থেকে ফিরেই করেন দ্বিতীয় গোল।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু থেকে মোহামেডান ও পুলিশ এফসি খেলতে থাকে সাবধানী ফুটবল। প্রথামার্ধে কোনো দলই গোলের মুখ দেখেনি। দ্বিতীয়ার্ধেই হলো চার গোল। বিরতি থেকে ফিরে মেহেদী হাসান মিঠুর ক্রসে দূরের পোস্টে থাকা সানডে লাফিয়ে হেডে বল জালে জড়ান। ৬৫ মিনিটে স্পট কিকে পুলিশকে সমতায় ফেরান ব্রাজিলের দানিলো কুইপাপা। খেলা যখন ড্রয়ের ইঙ্গিত দিচ্ছিল তখনই পেনাল্টির আশীর্বাদ পায় মোহামেডান। গোলমুখে দিয়াবাতেকে ফাউল করে বসেন দানিলো। পেনাল্টিতে থেকে গোল করেন মোজাফফারব। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে নিজের দ্বিতীয় লক্ষ্য ভেদ করেন সানডে। আরেক ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে ১-০ গোলে হারিয়েছে ফর্টিস।

নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত নিয়েছেন রাফিনিয়া। চুক্তির মেয়াদ বাড়িয়ে বার্সেলোনাতেই খেলোয়াড়ি জীবনের ইতি টানতে চান ব্রাজিলিয়ান তারকা। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা এই ফরোয়ার্ড জানিয়েছেন, আরও কয়েক বছর সর্বোচ্চ পর্যায়ে খেলার সামর্থ্য রয়েছে তাঁর।
২১ মিনিট আগে
হেডের সেঞ্চুরিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ৩৫৬ রান তোলে অস্ট্রেলিয়া। লক্ষ্য তাড়ায় এসে জিম্বাবুয়ে ৪৮.৩ ওভারে অলআউট হয়েছে ২৭২ রানে।
১ ঘণ্টা আগে
নাইকির সঙ্গে সম্পর্ক শেষ করে নতুন পথচলা শুরু করলেন কিলিয়ান এমবাপ্পে। সুইজারল্যান্ডের ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি ফরোয়ার্ড। নতুন প্রতিষ্ঠানের বৈশ্বিক দূত হওয়ার পাশাপাশি ফুটবলের জন্য পণ্য উন্নয়নেও সরাসরি কাজ করবেন তিনি।
১ ঘণ্টা আগে
লামিনে ইয়ামালের কাছে বর্ণবাদ নতুন কোনো অভিজ্ঞতা নয়। ফুটবলে দ্রুতই তারকাখ্যাতি পাওয়া এই স্প্যানিশ ফুটবলার জানিয়েছেন, জীবনে হাজারবার বর্ণবাদের শিকার হয়েছেন তিনি। তাঁর মতে, অনেকেই নিজেদের মন্তব্য কিংবা আচরণ যে বর্ণবাদী, তা বুঝতেই পারেন না।
২ ঘণ্টা আগে