Ajker Patrika

বুমরার কোথায় সমস্যা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ২০: ৩৮
বুমরার কোথায় সমস্যা
এবারের আইপিএলে ৫ ম্যাচ খেলে এখনো কোনো উইকেট পাননি জসপ্রীত বুমরা। ছবি: সংগৃহীত

ব্যাটারদের কাছে জসপ্রীত বুমরা সাক্ষাৎ যম। ভারতের সবশেষ দুই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে অসাধারণ অবদান রেখেছেন তিনি। অথচ এই বুমরা কি সেই বুমরা—এবারের আইপিএলে তাঁর পারফরম্যান্স দেখে অনেকেরই এখন এই প্রশ্ন। উইকেট তো দূরে থাক, ব্যাটারদের রান আটকাতেও পারছেন না তিনি।

৫ ম্যাচ খেলে এখন পর্যন্ত কোনো উইকেট পাননি বুমরা। উইকেট না পেলেও ইকোনমিকাল বোলিং করে রান আটকাতে যে বুমরা বিখ্যাত, সেটাও তিনি পারছেন কোথায়! ৮.৬৩ ইকোনমিতে বোলিং করেছেন। তারকা বোলার জ্বলে না ওঠার খেসারত দিচ্ছে মুম্বাই ইন্ডিয়ানস। ৫ ম্যাচে কেবল ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৯ নম্বরে এখন মুম্বাই।

ভারতের তারকা পেসারের হঠাৎ ছন্দপতন দেখে ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠানের মনে হচ্ছে, বোলিং কৌশল বদলালেই ফর্মে ফিরবেন বুমরা। নিজের ইউটিউব চ্যানেলে পাঠান বলেন,‘জসপ্রীত বুমরার উইকেট পাওয়া দলের জন্য অত্যন্ত জরুরি। তার ফর্মে বড় কোনো সমস্যা নেই। কিন্তু এই মৌসুমে তার গড় গতি ঘণ্টায় ১৩০ কিলোমিটারের আশেপাশে। প্রায় ৪৪ শতাংশ স্লোয়ার ডেলিভারি দিচ্ছে। যার অর্থ হলো প্রত্যেক দুই বলের একটিতে সে ধীরগতিতে বোলিং করছে।’

যে পাঁচ ম্যাচ খেলেছেন বুমরা, তার মধ্যে ৪ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ২১ রান খরচ করেন তিনি। বাকি চার ম্যাচেই মুক্ত হস্তে রান বিলিয়েছেন তিনি। যার মধ্যে গতকাল মুম্বাইয়ের ওয়াংখেড়েতে পাঞ্জাব কিংসের বিপক্ষে তাঁর ইকোনমি ছিল ১০.২৫। ছন্দহীন বুমরাকে ফর্মে ফেরার উপায় বাতলে দিলেন পাঠান, ‘যদি সে তার বলে গতি বাড়ায় এবং স্লোয়ার বল কম করে, তাহলে ফল আসবে। এটা খুবই সহজ একটি সমাধান। বুমরার কোচিংয়ের প্রয়োজন নেই। তবে পরিসংখ্যানই বলে দিচ্ছে, সে এখন কী করছে।’

পাঞ্জাব কিংসের বিপক্ষে গতকাল টস হেরে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৬ উইকেটে ১৯৫ রান করে মুম্বাই ইন্ডিয়ানস। এক প্রান্ত আগলে রেখে ৬০ বলে ৮ চার ও ৭ ছক্কায় ১১২ রান করে অপরাজিত থাকেন কুইন্টন ডি কক। তবে তাঁর এই সেঞ্চুরি বিফলে গেছে। ২১ বল হাতে রেখে ৭ উইকেটের সহজ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে পাঞ্জাব কিংস। যেখানে তৃতীয় উইকেটে প্রভসিমরান সিং ও শ্রেয়াস আইয়ারের ৬৭ বলে ১৩৯ রানের জুটিতেই মুম্বাই ম্যাচ থেকে ছিটকে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত