
বাংলাদেশ সিরিজের দল ঘোষণার পরই আলোচনায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। আইপিএল, পিএসএলের কারণে নিউজিল্যান্ডের প্রথম সারির কোনো ক্রিকেটার বাংলাদেশে আসেননি। ‘বি’ দল তো বটেই, অনেকে কিউইদের এই দলকে ‘সি’ দল বলছেন। সাইফ হাসান অবশ্য তা মনে করেন না।
জানুয়ারিতে সবশেষ ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডের একাদশের তিন ক্রিকেটার টম লাথাম, উইল ইয়াং ও হেনরি নিকোলস আছেন বাংলাদেশ সিরিজের দলে। যার মধ্যে লাথাম বাংলাদেশ সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন। তিনিই একমাত্র এই সিরিজের দলে থাকা ১০০ বা তার বেশি ওয়ানডে (১৬৩) ম্যাচ খেলা ক্রিকেটার। আর এই অনভিজ্ঞ নিউজিল্যান্ডের কাছে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরেছে বাংলাদেশ।
প্রথম ম্যাচ হারের পর সিরিজ জিততে টানা দুই ম্যাচ জিততে হবে বাংলাদেশকে। আজকের এই হারটা কি ক্রিকেটারদের মানসিকভাবে ধাক্কা দিয়েছে—সংবাদ সম্মেলনে সাইফকে করা হয়েছে এই প্রশ্ন। ২৬ রানে হারের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই ওপেনার বলেন, ‘না (প্রথম ম্যাচ হারের পর ধাক্কা)। আমার মনে হয় ব্যাকআপ দল আসছে না কী আসছে, এটা জানি না। নিউজিল্যান্ডের জাতীয় দল খেলছে। এটা আমরা জানি। তারা অবশ্যই দক্ষ ক্রিকেটার। তবে
ইনশা আল্লাহ আমরা সামনে ম্যাচ আরও ভালো খেলব।’
থিতু হয়ে উইকেট ছুড়ে আসার রোগটা বাংলাদেশের ব্যাটারদের জন্য একেবারে নতুন নয়। যার খেসারত দলকে দিতে হয় বারবার। সমালোচনাও একেবারে কম হয় না। মিরপুরে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সাইফ হাসান উইকেটে জমে যাওয়ার পর দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হয়েছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাইফ জানিয়েছেন, তিনি আর কিছুক্ষণ উইকেটে থাকলে ম্যাচের ফল ভিন্ন কিছু হতে পারত।
২৪৮ রানের লক্ষ্যে নেমে ২১ রানে ২ উইকেট পড়ার পর লিটন দাস ও সাইফের কাঁধে পড়ে ইনিংস বড় করার দায়িত্ব। তৃতীয় উইকেটে ১১৬ বলে ৯৩ রানের জুটি গড়েন তাঁরা (লিটন-সাইফ)। তবে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেওয়ার পর ইনিংস বড় করতে পারেননি। সাবলীল ব্যাটিং করতে থাকা সাইফ ৭৬ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৭ রান করে আউট হয়েছেন। ২৩তম ওভারের তৃতীয় বলে উইলিয়াম ও’রুর্কের শর্ট বলে কী করবেন বুঝে উঠতে না পেরে ক্রস ব্যাটে চালিয়ে দিয়েছেন সাইফ। মিড অনে ক্লার্কসন জশ সহজ ক্যাচ তালুবন্দী করেন।
সাইফের উইকেট পড়ার পরই খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। ১০৭ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ৪৮.৩ ওভারে ২২১ রানে গুটিয়ে যায় স্বাগতিকেরা। ২৬ রানে হারের পর সংবাদ সম্মেলনে এসে সাইফ বলেন, ‘ভুল সময়ে আমাদের উইকেটগুলো পড়েছে। যেমন আমার উইকেটটা। যদি আমি আরেকটু সময় থাকতে পারতাম....সেট ব্যাটারের জন্য কাজ একটু সহজ ছিল। নতুন ব্যাটারের জন্য একটু কঠিন ছিল। আমার মতে আরেকটু থাকতে পারতাম, তাহলে সহজ হতো। তবে এটাই আমাদের মানিয়ে নিতে হবে।’
পাকিস্তান সিরিজের তিন ওয়ানডে মিলিয়ে ৫২ রান করেছেন সাইফ। তবু প্রধান কোচ ফিল সিমন্স ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আস্থা রেখেছেন সাইফের ওপর। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ ব্যাটিংয়ের সময় কি আগের ম্যাচের কোনো চাপ অনুভব করছিলেন—ব্যাখ্যায় সাইফ বলেন,‘চাপ না আসলে। প্র্যাকটিস ম্যাচে আমার ভালো মনে হচ্ছিল। ব্যাটিংটা খুব ভালো মনে হচ্ছিল। সেরকম চাপ ছিল না। তবে এখানে যদি আমি আরেকটু সময় খেলতে পারতাম, তাহলে দলের অনেক উপকার হতো।’
সাইফ হাসানের মতে মিরপুরের আজকের উইকেট একটু চ্যালেঞ্জিং হলেও আহামরি কঠিন ছিল না। অধিনায়ক মেহেদী হাসান মিরাজও তাঁর (সাইফ) সঙ্গে একমত। ২৬ রানে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার মতে বোলিং ভালো হয়েছে। এই উইকেটে রান তাড়া করা কঠিন কিছু নয়।’ ২০ এপ্রিল মিরপুরে হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডে। তৃতীয় ওয়ানডে ২৩ এপ্রিল হবে চট্টগ্রামে।

দিনের অন্য ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে শুরুতে ১০ মিনিটে পিছিয়ে পড়েও দারুণ জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ব্রাদার্সের পাকিস্তানি ফরোয়ার্ড শায়েক দোস্ত ৩৫ মিনিটে সমতা ফেরানোর পর দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোল করে দলের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন। মাঝখানে একটি আত্মঘাতী গোল রহমতগঞ্জকে ম্যাচ থেকে ছিটকে দেয়।
৭ ঘণ্টা আগে
৪১৩ রানকে টেস্টে যেকোনো বিচারেই বড় সংগ্রহ বলতে হয়। তার ওপর সবুজ উইকেট হলে তো কথাই নেই। তবে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের এই সংগ্রহকেই যেন মামুলি বানিয়ে ফেলছে পাকিস্তান। আজান আওয়াইস, ইমাম উল হক, আব্দুল্লাহ ফজলের ব্যাটে বাংলাদেশকে দারুণ জবাবই দিচ্ছি সফরকারী দল।
৮ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এবারের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে বিশ্বকাপের মাসখানেক আগে সব অনিশ্চয়তা দূর করল এশিয়ার দেশটি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নেবে ইরান।
৯ ঘণ্টা আগে
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে লিটন দাস যেভাবে আউট হয়েছেন তাতে ভক্তরা বিরক্ত হয়েছে বৈকি। ভুল শটে প্রতিপক্ষের ফিল্ডারের হাতে সহজ ক্যাচ দিয়ে ফিরলেও দিনটা স্মরণীয় হয়ে থাকল এই উইকেটরক্ষক ব্যাটারের জন্য। সেটা মাইলফলকের জন্য।
১১ ঘণ্টা আগে