Ajker Patrika

বাংলাদেশ সিরিজে পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্বে এক পুলিশ কর্মকর্তা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৬ মার্চ ২০২৬, ১০: ৫৭
বাংলাদেশ সিরিজে পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্বে এক পুলিশ কর্মকর্তা
বাংলাদেশ সফরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ম্যানেজার ইরতাজা কুমাইল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সফরের আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দায়িত্বে রদবদল হয়েছে। নিয়মিত ম্যানেজার নাভিদ চিমাকে সরিয়ে দিয়েছে পিসিবি। তাঁর পরিবর্তে এক পুলিশ কর্মকর্তা আসছেন বলে জানা গেছে।

চিমার পরিবর্তে ইরতাজা কুমাইল বাংলাদেশ সিরিজে পিসিবির ম্যানেজারের দায়িত্ব পালন করবেন বলে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার গত রাতে এক প্রতিবেদনে জানিয়েছে। ১৮তম গ্রেডের পুলিশ কর্মকর্তা এই ইরতাজা। এ ছাড়া নিরাপত্তা কর্মকর্তা হিসেবে শাহিন শাহ আফ্রিদি-মোহাম্মদ রিজওয়ানদের সঙ্গে সালমান লিয়াকত আসছেন বলে পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

চিমা এর আগে পাকিস্তান দলের ম্যানেজার হিসেবে একাধিক মেয়াদে দায়িত্ব পালন করেছেন। সংযুক্ত আরব আমিরাতে গত বছর অনুষ্ঠিত এশিয়া কাপেও ছিলেন পাকিস্তানের ম্যানেজার। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে রাজনৈতিক ইস্যুতে ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হাত মেলাননি। দুই বছর আগে তিনি পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন। এবার সেই চিমা বাংলাদেশ সফরে আসছেন না।

১১, ১৩ ও ১৫ মার্চ হবে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সব ম্যাচ মিরপুর শেরেবাংলায় বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে শুরু হবে। বাংলাদেশ, পাকিস্তান দুই দলই সিরিজের দল ঘোষণা করেছে। যার মধ্যে পাকিস্তান ছয় নতুন ক্রিকেটার নিয়ে বাংলাদেশ সফরে আসছে।

সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলতে হলে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সেরা আটে থাকতে হবে। ৯ নম্বরে থাকলেও হবে। কারণ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে আগামী বছর হবে ১৪ দলের ওয়ানডে বিশ্বকাপ। প্রোটিয়া ও জিম্বাবুয়ে আয়োজক সূত্রে সরাসরি বিশ্বকাপ খেলবে। ৯৮ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৫ নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। ১১ নম্বরে থাকা জিম্বাবুয়ের রেটিং পয়েন্ট ৫৪। ১০৪ রেটিং পয়েন্ট নিয়ে চারে পাকিস্তান। ১০ নম্বরে অবস্থান করা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৬।

বাংলাদেশ দল

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা

পাকিস্তান দল
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা, শামাইল হোসেন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত