
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ। সেন্ট কিটসে গত রাতে বাংলাদেশকে প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে হারিয়েছে উইন্ডিজ। ৩০০ ছুঁই ছুঁই স্কোর গড়েও ম্যাচ হারের হতাশা কাজ করছে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
টস জিতে গত রাতে প্রথমে ব্যাটিং নেয় বাংলাদেশ। সফরকারীরা নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৪ রান জমা করে স্কোরবোর্ডে। মিরাজ (৭৪), তানজিদ হাসান তামিম (৬০) ও মাহমুদউল্লাহ রিয়াদ (৫০*) তিন ব্যাটার ফিফটি পেয়েছেন। ২৯৫ রান তাড়া করতে নেমে একটা পর্যায়ে ২১.৪ ওভারে ৩ উইকেটে ৯৪ রানে পরিণত হয় ওয়েস্ট ইন্ডিজ। এখান থেকে ধীরে ধীরে ম্যাচের লাগাম উইন্ডিজ নিজেদের দিকে টানতে শুরু করে। চতুর্থ উইকেটে ৯৩ বলে ৯৯ রানের জুটি গড়েন শাই হোপ ও শারফেন রাদারফোর্ড। পরবর্তীতে আরও একটি ৯০-এর বেশি রানের জুটি গড়তে অবদান রাখেন রাদারফোর্ড।
ব্যাটিংয়ের চেয়েও বোলিং নিয়ে তাই হতাশা ঝরেছে মিরাজের কণ্ঠে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘হ্যাঁ, আমরা আমাদের সংগ্রহ নিয়ে সন্তুষ্ট ছিলাম। এই ধরনের উইকেটে ২৯৪ খুব ভালো স্কোর। কিন্তু তাদের কৃতিত্ব দিতেই হবে, বিশেষ করে শাই হোপ এবং রাদারফোর্ডকে। তারা দারুণ জুটি গড়েছে। আমাদের বোলারদের জন্য দিনটি কঠিন ছিল।’
২৯৫ রানের লক্ষ্যে নেমে উইন্ডিজ ২৭ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে। দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও এভিন লুইসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা। শুরুতে রানের জন্য হাঁসফাঁস করতে থাকা ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি জিতেছে ১৪ বল হাতে রেখে। মিরাজ বলেন, ‘আমরা দারুণ শুরু করেছিলাম। নাহিদ, তাসকিন, এবং তানজিম অসাধারণ বল করেছে। কিন্তু এরপর আমরা মাঝের ওভারগুলোতে ভালো করতে পারিনি। উইকেট নিতে না পারাটাই আমাদের জন্য বড় ক্ষতি। তবে এমনটা হতে পারে।’
ওয়ানডে সিরিজে টিকে থাকতে বাংলাদেশের এখন জয়ের কোনো বিকল্প নেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচের ভুল থেকে তাই শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী মিরাজ। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘উইকেট ভালো ছিল এবং তারা ভালো খেলেছে। আমরা এখান থেকে অনেক কিছু শিখব এবং ভুলগুলো নিয়ে কাজ করব। সামনে আমাদের ভালো সুযোগ রয়েছে। আমরা উন্নতি করার ব্যাপারে মনোযোগ দিচ্ছি। আশা করি, পরের ম্যাচগুলোতে ভালো কিছু করতে পারব।’
বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই এখন দ্বিতীয় ওয়ানডেতে। ঘুরে দাঁড়ানোর দায়িত্ব নিতে হবে ব্যাটিং-বোলিং দুই বিভাগকেই। সেন্ট কিটসে আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। একই ভেন্যুতে ১২ ডিসেম্বর দল দুটি খেলবে সিরিজের তৃতীয় ওয়ানডে।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে