
অস্ট্রেলিয়া যেন ডেভিড মিলারের প্রিয় প্রতিপক্ষ। ওয়ানডে ক্যারিয়ারের সেরা দুই ইনিংসই মিলার খেলেছেন অজিদের। আজ তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতে এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নিল দক্ষিণ আফ্রিকা।
২০১৮ সালে হোবার্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩৯ রানের ইনিংস খেলেছিলেন মিলার। যেটা এত দিন ছিল তাঁর ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংস। আট বছর পর সেটাকেও ছাড়িয়ে গেলেন তিনি। আজ জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৪২ রানের ইনিংস। মিলারের ওয়ানডে ক্যারিয়ারসেরা ইনিংসের ম্যাচে ৩২ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল প্রোটিয়ারা।
৩৬৬ রানের লক্ষ্যে নেমে অস্ট্রেলিয়া প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়েই করে ৭৭ রান। দুই ওপেনার ট্রাভিস হেড ও মিচেল মার্শ পাওয়ার প্লে শেষে জুটিটা আরও বড় করেছেন। ১০২ বলে ১৩০ রানের উদ্বোধনী জুটি গড়েন তাঁরা (হেড ও মার্শ)। ১৭তম ওভারের শেষ বলে অস্ট্রেলিয়া অধিনায়ক মার্শকে বোল্ড করেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার বিজোর্ন ফরচুইন। ৫৩ বলে ১০ চার ও ৫ ছক্কায় ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অজি অধিনায়ক।
উদ্বোধনী জুটি ভাঙার পর এক দিকে যেমন নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া, তাদের রান তোলার গতিও কমতে থাকে। ৩৯.৩ ওভারে ৬ উইকেটে ২৫১ রানে পরিণত হয় অজিরা। মার্শের মতো হেডও করেন ৮৪ রান। ৭৬ বলে ১২ চার ও ১ ছক্কায় ৮৪ রানের ইনিংস খেলেন হেড। তাঁকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন এইডেন মার্করাম। মাঝে অস্ট্রেলিয়ার দুই বাঁহাতি ব্যাটার অ্যালেক্স ক্যারি (১৭) ও ম্যাট রেনশকে (৩২) ফিরেছেন কেশব মহারাজ। সফরকারীদের এই দুই ব্যাটারকেই এলবিডব্লুর ফাঁদে ফেলেন প্রোটিয়া বাঁহাতি স্পিনার।
শেষ ৬৩ বলে যখন ১১৫ রান দরকার, তখন জুটি বাঁধেন হ্যাভিয়ের বার্টলেট ও জ্যাক এডওয়ার্ডস।রিকোয়ার্ড রান রেট প্রায় ১১ হলেও (১০.৯৫) বার্টলেড-এডওয়ার্ডস আশার আলো জ্বালিয়ে রাখেন। যেখানে বার্টলেট ৪৬তম ওভারের তৃতীয় ও পঞ্চম বলে দুই ছক্কা এবং চতুর্থ বলে চার মারেন। ফরচুইনের সেই ওভার থেকে অস্ট্রেলিয়া নিয়েছে ১৯ রান। তাতে করে ৪ ওভারে ৫৬ রানের সমীকরণের সামনে এসে পড়ে অজিরা।
অস্ট্রেলিয়ার সামান্যতম জয়ের যে আশাটুকু ছিল, তা শেষ হয়ে যায় ৪৭তম ওভারের দ্বিতীয় বলে। মার্কো ইয়ানসেনকে তুলে মারতে যান এডওয়ার্ডস। লং অন থেকে দৌড়ে এসে দুর্দান্ত ক্যাচ ধরেন ম্যাথু ব্রিটজকে। তাতে ভেঙে যায় সপ্তম উইকেটে বার্টলেট-এডওয়ার্ডসের ৪১ বলে ৬১ রানের জুটি। এডওয়ার্ডসকে (৩০) ফেরানোর পরের বলে ইয়ানসেন ফেরান অ্যাডাম জাম্পাকে।
হ্যাটট্রিক করতে না পারলেও টানা দুই বলে দুই উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার জয়ের আশা এক রকম শেষ করে দেন ইয়ানসেন। ৪৮তম ওভারের চতুর্থ বলে বার্টলেটকে এলবিডব্লু করে দক্ষিণ আফ্রিকাকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান পেসার লিজাড উইলিয়ামস। ২৮ বলে ২ চার ও ৫ ছক্কায় ৫০ রান করেন বার্টলেট। ওয়ানডেতে এটা তাঁর দ্বিতীয় ফিফটি। এরপর ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে জশ হ্যাজলউডকে (২) ফিরিয়ে প্রোটিয়াদের জয় নিশ্চিত করেন উইলিয়াম।
৪৯.৫ ওভারে ৩৩৩ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। হেড, মার্শ উভয়ের ব্যাট থেকেই আসে ৮৪ রান। যেটা আজ অজিদের ইনিংসে সর্বোচ্চ। প্রোটিয়া পেসার লিজাড উইলিয়ামস ৭.৩ ওভারে ৫৪ রানে নেন ৩ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন মার্কো ইয়ানসেন, মহারাজ ও ফরচুন।
এর আগে টস হেরে আগে ব্যাটিং পেয়ে দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ৯ উইকেটে করেছে ৩৬৫ রান। মিলার তাঁর ওয়ানডে ক্যারিয়ারসেরা ১৪২ রান করেছেন। ৯৩ বলের ইনিংসে ১২ চার ও ৯ ছক্কা মেরেছেন। এটা তাঁর অষ্টম ওয়ানডে সেঞ্চুরি। ম্যাচসেরা হয়েছেন মিলার। অধিনায়ক টেম্বা বাভুমা ১১৬ বলে ১০ চার ও ২ ছক্কায় করেন ১০২ রান। এটা তাঁর ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার পেসার জ্যাক এডওয়ার্ডস ১০ ওভারে ৬৭ রানে নিয়েছেন ৫ উইকেট।

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে রানের ফোয়ারা ছোটাচ্ছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে যে এক সংস্করণ ওয়ানডে খেলেন, সেই সংস্করণে সবশেষ ১০ ইনিংসের চারটিকে সেঞ্চুরিতে পরিণত করেছেন তিনি। আজ তিরুবনন্তপুরমে সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি।
৪৩ মিনিট আগে
কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
২ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৫ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৬ ঘণ্টা আগে