
নারী এশিয়া কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিলেও টুর্নামেন্টের চার ম্যাচের দুটিতেই জিতেছিল বাংলাদেশ। বাংলাদেশকে বেশি ভুগতে হয়েছে ব্যাটারদের অতিরিক্ত ডট বল খেলার প্রবণতায়। ব্যাটাররা প্রচুর ডট বল খেলায় স্কোরবোর্ডে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানোর মতো রান তুলতে পারছেন না তাঁরা। সেই চিন্তা নিয়ে আরও একটি সেমিফাইনাল খেলতে নামছে নিগার সুলতানা জ্যোতির দল।
কোনো ম্যাচ না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে পা রেখেছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনাল বৃষ্টিতে ভেসে যাওয়ায় চীনের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় শেষ চারের টিকিট হাতে পেয়েছে তারা। এখানেও বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। যাদের কাছে কদিন আগে এশিয়া কাপের সেমিফাইনালে হেরেছে বাংলাদেশ। নিশিনের করোগি স্পোর্টস পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়।
ম্যাচে ফেবারিট ভারত। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তো বটেই, সাম্প্রতিক ফর্মও কথা বলছে তাদের হয়ে। দাপটের সঙ্গে আরব আমিরাতে হওয়া সর্বশেষ এশিয়া কাপ শিরোপা জিতেছে ভারত। ফাইনালে ১৮৩ রান করে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হয় হারমানপ্রীত কৌরের দল।
ভারতের এশিয়ান গেমসের শুরুটাও হয়েছে দারুণ। কোয়ার্টার ফাইনালে আয়োজক জাপানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। গত জুনে সর্বশেষ টি-টোয়েন্টিতে হেরেছিল ভারত; অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর জিতেছে টানা ছয় ম্যাচ। ফাইনালে যেতে চাইলে দারুণ ছন্দে থাকা এই দলের চোখে চোখ রেখে কথা বলতে হবে বাংলাদেশকে।
পরিসংখ্যানও কথা বলছে ভারতের হয়ে। দুই দলের টি-টোয়েন্টি লড়াইয়ে ভারতের দাপট দীর্ঘদিনের। বাংলাদেশের বিপক্ষে ২৫ ম্যাচের ২২টিতেই জিতেছে ভারত। সর্বশেষ ২০২৩ সালে জিতেছিল বাংলাদেশ।
বৃষ্টির কারণে কোনো ম্যাচ খেলার অভিজ্ঞতা ছাড়াই সেমিফাইনালের মঞ্চে নামতে হচ্ছে বাংলাদেশকে। গতকাল চীনের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে মাঠে গেলেও প্রতিপক্ষ মাঠে আসেনি। ব্যাটাররা নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাননি। বোলাররা দারুণ ছন্দে থাকলেও ব্যাটিংয়ে বাংলাদেশ ব্যাটারদের ডট বল দেওয়ার প্রবণতা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারায় গুরুত্বপূর্ণ ম্যাচে পিছিয়ে পড়ছেন জ্যোতিরা।
এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৬৪টি ডট বল খেলেছিল বাংলাদেশ। সোবহানা মোস্তারি, নিগার সুলতানা ও স্বর্ণা আক্তারের মতো কিছুটা সক্ষম হলেও পুরো ব্যাটিং ইউনিট একসঙ্গে জ্বলে উঠতে পারছে না। এই ভুলের পুনরাবৃত্তি আজ হলে বাংলাদেশের পদক জেতা কঠিনই হবে।
আজকের সেমিফাইনাল বাংলাদেশের জন্য এক অর্থে প্রতিশোধের মিশন। এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরে বিদায় নেন জ্যোতিরা। ভারতের করা ১৪৯ রানের জবাবে ১০৯ রানে অলআউট হয় বাংলাদেশ। ভারতের বিপক্ষে আরও একটি ম্যাচের আগে অনুমিতভাবেই আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার বিষয়টি।
ব্যাটারদের একের পর এক ব্যর্থতায় বোলারদের ওপর সবচেয়ে বেশি ভরসা থাকবে, আর সেখানে সবার আগে আসবে মারুফা আক্তারের নাম। নতুন বলে ভারতের ব্যাটারদের কঠিন পরীক্ষা নেওয়ার সামর্থ্য রাখেন এই পেসার। সুইং দিয়ে ব্যাটারদের নিয়মিতই বিপাকে ফেলছেন তিনি।
এশিয়ান গেমসের যে কয়েকটি ডিসিপ্লিনে বাংলাদেশ পদক আশা করছে, ক্রিকেট সেগুলোর একটি। বৃষ্টিবাধায় আজও খেলা না হলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশকে পেছনে ফেলে ফাইনালে উঠে যাবে ভারত।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে ধবলধোলাই করে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ইংল্যান্ড। ম্যানচেস্টারে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে লঙ্কানদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ভারতকে পেছনে ফেলে আবারও এক নম্বরে উঠে এসেছে ইংলিশরা।
৮ মিনিট আগে
আরও একটি সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এশিয়ান গেমসের নারী ক্রিকেটের সেমিফাইনালে টস জিতেছেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
লা লিগায় দুর্দান্ত ছন্দে রয়েছেন রাফিনিয়া। সেভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বার্সেলোনাকে ৩-১ গোলের জয় এনে দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। একই সঙ্গে একুশ শতকে লা লিগার কোনো মৌসুমের প্রথম সাত ম্যাচে গোল করার দিক থেকে লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন তিনি।
১ ঘণ্টা আগে
চীনের বিপক্ষে এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েদের শুরুটা হলো বড় হার দিয়ে। পুল ‘এ’-এর ম্যাচে আজ চীনের কাছে ১৩–০ গোলে হেরেছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে