বাংলাদেশের পর চমক নিয়ে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে ইংল্যান্ড

দক্ষিণ আফ্রিকা সফরের আগে ইংল্যান্ডের টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ডারহামের ওপেনার বেন ম্যাককিনি। চোটের কারণে জ্যাকব বেথেল ছিটকে যাওয়ায় তাঁর বদলি হিসেবে ২২ বছর বয়সী এই ব্যাটারকে দলে নিয়েছে ইংল্যান্ড। দলের টপ অর্ডারে বাড়তি ব্যাটিং বিকল্প হিসেবে থাকবেন এ ব্যাটার।
গত জুলাই থেকে হাঁটুর চোটে ভুগছেন বেথেল। শুরুতে তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকার কথা থাকলেও পরে তাঁর হাঁটুর কার্টিলেজে সমস্যা ধরা পড়ায় অস্ত্রোপচার করাতে হয়েছিল। এরপর চলতি মাসে অস্ট্রেলিয়ায় অনুশীলনের সময় আবারও ব্যথা ও ফোলা দেখা দিলে দ্বিতীয়বার অস্ত্রোপচার করাতে হয়েছে তাঁকে। এতে বাংলাদেশের বিপক্ষে ফেব্রুয়ারিতে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে মার্চে ইংল্যান্ডের টেস্ট সিরিজেও তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বেথেলের স্থলাভিষিক্ত ম্যাককিনি ডারহামের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন। চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগে ৫২.২০ গড়ে ১ হাজার ৪৪ রান করেছেন তিনি। তিনটি সেঞ্চুরিতে ডারহামের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই বাঁহাতি ব্যাটার। তাঁর দলও জিতেছে দ্বিতীয় বিভাগের শিরোপা।
সম্প্রতি ইংল্যান্ড লায়ন্সের হয়ে সেন্ট কিটস সফরে ব্যাট হাতে ঝড় তুলেছেন ম্যাককিনি। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ৬৫ বলে ১৪৫ রান করেন তিনি। ইনিংসে ছিল ১৫টি চার ও ১০টি ছক্কা।
বেথেলের বদলি হিসেবে ম্যাককিনিকে নেওয়ায় দলে জায়গা হারিয়েছেন ওলি পোপ। ১৭ ডিসেম্বর জোহানেসবার্গে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড তিন টেস্টের সিরিজ। দ্বিতীয় টেস্ট ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে এবং তৃতীয় ও শেষ টেস্ট ৩ জানুয়ারি কেপটাউনে শুরু হবে।
ইংল্যান্ডের টেস্ট দল: জো রুট (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার, হ্যারি ব্রুক, স্যাম কুক, জর্ডান কক্স, বেন ডাকেট, এমিলিও গে, ড্যান লরেন্স, বেন ম্যাককিনি, লিয়াম প্যাটারসন-হোয়াইট, অলি রবিনসন, জেমি স্মিথ ও জশ টং।









