Ajker Patrika

সেঞ্চুরিয়ন টেস্টের আগে আরও একটি দুঃসংবাদ পেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৭: ৩৭
সেঞ্চুরিয়ন টেস্টের আগে আরও একটি দুঃসংবাদ পেল বাংলাদেশ
মুশফিকুর রহিম। ছবি: সংগৃহীত

চোটের কারণে দক্ষিণ আফ্রিকার সফরের বাকি অংশ থেকে ছিটকে গেছেন হাসান মাহমুদ। দ্বিতীয় টেস্টের আগে চিন্তা বাড়ল বাংলাদেশের। এবার ছিটকে গেলেন মুশফিকুর রহিম। সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

প্রথম টেস্ট চলাকালে বাম কুঁচকির অংশে তীব্র ব্যথা অনুভব করেন মুশফিক। এমআরআই পরীক্ষায় তাঁর পেলভিসের হাড়ের আশপাশে প্রদাহ ধরা পড়েছে। আপাতত বিশ্রাম ও পুনর্বাসনে থাকতে হবে এই এই উইকেটরক্ষক ব্যাটারকে।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, চোটের অবস্থা সামাল দিতে মুশফিককে বিশ্রামে থাকতে হবে। পাশাপাশি নির্দিষ্ট পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাঁকে, যাতে চোট আরও গুরুতর না হয়।

বায়েজিদুল বলেন, ‘প্রথম টেস্ট চলাকালে মুশফিক বাম কুঁচকির অংশে তীব্র ব্যথার কথা জানান। টেস্ট শেষে তাঁর এমআরআই করা হয়। পরীক্ষার ফলাফলে পেলভিসের হাড়ের আশপাশে প্রদাহ ও জ্বালাপোড়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।’

ফিজিও আরও বলেন, ‘চোটের চাপজনিত প্রতিক্রিয়া সামাল দিতে এবং অবস্থা আরও খারাপ হওয়া ঠেকাতে তাঁকে অবিলম্বে বিশ্রাম ও নির্দিষ্ট পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। ফলে দ্বিতীয় টেস্টে তিনি খেলতে পারবেন না।’

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২৩ নভেম্বর; ভেন্যু সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্ক। মুশফিক ছিটকে যাওয়ায় পরের ম্যাচে ব্যাটিং লাইনে পরিবর্তন আনতে হবে সফরকারীদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত