দলের ভাবনা এখন সেঞ্চুরিয়ন

দক্ষিন আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের হতাশা পেছনে ফেলে সেঞ্চুরিয়নে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। আগের ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই এখন দলের ভাবনা বলে জানিয়েছেন পেসার খালেদ আহমেদ। আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর প্রেরিত এক বার্তায় দলের বর্তমান অবস্থা নিয়ে খালেদ বলেন, ‘যা চলে গেছে, তা নিয়ে ভেবে লাভ নেই। কীভাবে সামনে এগিয়ে ভালো ক্রিকেট খেলা যায়, সেটিতেই আমাদের মনোযোগ। কোচ ও অধিনায়কের সঙ্গেও এ নিয়ে কথা হচ্ছে। এই কন্ডিশনে কীভাবে খেলতে হবে, তা নিয়ে দক্ষিণ আফ্রিকান কোচদের সঙ্গেও আলোচনা করছি।’
আগের টেস্টে তিন দিন ভালো ক্রিকেট খেললেও কিছু ভুলের কারণে জয় পাওয়া হয়নি বলে মনে করেন খালেদ। তবে সেই ম্যাচ থেকে ইতিবাচক দিকগুলো নিয়েই সামনে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন কোচ ও অধিনায়ক।
কোচ ও অধিনায়কের বার্তা প্রসঙ্গে খালেদ বলেন, ‘তাঁদের বার্তা ছিল, যা চলে গেছে তা নিয়ে চিন্তা করে লাভ নেই। কীভাবে সামনে এগিয়ে ভালো ক্রিকেট খেলা যায়, সেটিতেই মনোযোগ দিতে হবে। আমরা তিন দিন খুব ভালো ক্রিকেট খেলেছি। কিছু ভুলের কারণে হয়তো ম্যাচটি জিততে পারিনি। তবে ওই ম্যাচ থেকে অনেক ইতিবাচক দিক নেওয়ার চেষ্টা করছি। আমাদের ইতিবাচক বিষয়গুলো নিয়েই সামনে এগিয়ে যেতে বলেছেন কোচ ও অধিনায়ক।’









