Ajker Patrika

ভারতকে ২৪৪ রানের লজ্জাজনক হার উপহার দিল নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৫: ২৬
ভারতকে ২৪৪ রানের লজ্জাজনক হার উপহার দিল নিউজিল্যান্ড
ভারতকে ২৪৪ রানে হারাল নিউজিল্যান্ড। ছবি: ক্রিকইনফো

মাউন্ট মঙ্গানুইয়ে চোখে রীতিমতো সর্ষেফুল দেখেছে ভারত। সিরিজের চতুর্থ ওয়ানডেতে নিউজিল্যান্ডের আগুনে বোলিংয়ে পুরো ৫০ ওভার ব্যাটিং করা তো দূরে থাক, ভারত গুটিয়ে গেছে ১০০-এর আগেই। ২৪৪ রানে হেরে বিব্রতকর এক তালিকায় নাম উঠে গেল ভারতের।

নিউজিল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ে যখন ভারতের লন্ডভন্ড অবস্থা, তখন ২৬ বছরের পুরোনো এক পরিসংখ্যান ঘুরেফিরে আসছিল। ওয়ানডেতে নিজেদের ইতিহাসে ২৪৫ রানে হেরেছে ভারত। ২০০০ সালে শারজায় সেবার তাদের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। মাউন্ট মঙ্গানুইয়ে আজ ২৬ বছরের সেই লজ্জাজনক রেকর্ডকেও ভারত ছাড়িয়ে যায় কি না, সেটাই ছিল দেখার। তবে এশিয়ার দলটি অল্পের জন্য বেঁচে গেছে। আর ২৪৪ রানে জিতে ওয়ানডে সিরিজে প্রথম জয় পেল নিউজিল্যান্ড।

৩৩৪ রানের লক্ষ্যে নেমে ০ রানে ৩ উইকেটে পরিণত হয় ভারত। যাঁর মধ্যে ইনিংসের প্রথম বলে রোহিত শর্মাকে ফেরান ম্যাট হেনরি। সেই ওভারের পঞ্চম বলে হেনরি অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন বিরাট কোহলি। আর সেই ওভারের শেষ বলে ভারপ্রাপ্ত ওয়ানডে অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে এলবিডব্লু করেন নিউজিল্যান্ডের তারকা পেসার। আইয়ার উল্টো রিভিউ নষ্ট করে গেছেন।

মুহূর্তেই ভারত ৪ উইকেটে ৯ রানে পরিণত হয়। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে রুতুরাজ গায়কোয়াড়কে (৫) ফেরান কাইল জেমিসন। পাওয়ারপ্লে (১০ ওভার) শেষে ভারতের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ২৬ রান। পঞ্চম উইকেটে ইশান কিষাণ ও অক্ষর প্যাটেল সাবধানী ব্যাটিং করতে থাকেন। সুযোগ বুঝে বাউন্ডারিও মারতে থাকেন তাঁরা। তবে রিকোয়ার্ড রেট ৮-এর ওপরে উঠে যাওয়ায় সেই চাপ আর সামলাতে পারেনি ভারত। ১৮তম ওভারের প্রথম বলে অক্ষরকে (২১) ফেরান ম্যাট ফিশার। তাতে ভেঙে যায় পঞ্চম উইকেটে ৭০ বলে ৪৪ রানের জুটি।

অক্ষর ফেরার পর ভারতের ইনিংসে ধস নামার শুরু। ২৬.৪ ওভারে ৮৯ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ইনিংস সর্বোচ্চ ২৭ রান করেন ইশান কিষাণ। ৫৩ বলের ইনিংসে মেরেছেন ৪ চার। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান আসে অক্ষর ও নামান ধীরের ব্যাট থেকে। আর কোনো ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। নিউজিল্যান্ডের হেনরি ৯.৪ ওভারে ২৭ রানে ৬ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। ওয়ানডেতে এটা তাঁর সেরা বোলিং। এই নিয়ে চারবার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন।

এর আগে টস হেরে আগে ব্যাটিং পেয়ে ৫০ ওভারে ৩৩৩ রানে অলআউট হয়েছে। ইনিংস সর্বোচ্চ ১২৫ রান করেন উইল ইয়াং। ১০৮ বলের ইনিংসে ১৪ চার ও ৪ ছক্কা মেরেছেন। এটা তাঁর ওয়ানডেতে পঞ্চম সেঞ্চুরি। ভারতের আকিব নবি, গুরনুর ব্রার, অক্ষর প্যাটেল নিয়েছেন দুটি করে উইকেট।

ওয়ানডেতে এই নিয়ে আটবার ১০০-এর আগে অলআউট হয়েছে ভারত। যার মধ্যে সর্বনিম্ন ৫৪ রানে গুটিয়ে যাওয়ার বিব্রতকর রেকর্ড রয়েছে দলটির। ২০০০ সালে শারজায় ভারতকে ৫৪ রানে গুটিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচে সনাথ জয়াসুরিয়া ১৬১ বলে ২১ চার ও ৪ ছক্কায় ১৮৯ রান করেছিলেন। মজার বিষয় হলো, সেই ম্যাচে ভারতকে ২৪৫ রানে হারিয়েছিল লঙ্কানরা।

হারের ব্যবধান প্রতিপক্ষ ভেন্যু সাল
 ২৪৫  শ্রীলঙ্কা শারজা ২০০০
 ২৪৪ নিউজিল্যান্ড মাউন্ট মঙ্গানুই ২০২৬
 ২১৪ দক্ষিণ আফ্রিকা মুম্বাই ২০১৫
 ২০৮ অস্ট্রেলিয়া সিডনি ২০০৪
 ২০৪ ইংল্যান্ড লর্ডস ১৯৭৫
 ২০০ নিউজিল্যান্ড ডাম্বুলা ২০১০

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত