Ajker Patrika

বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান আসলে কোথায়

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১৭: ৪২
বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান আসলে কোথায়
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ছবি: এএফপি

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি গত রাতে ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এখনো পুরো ১৪ দল ঠিক না হলেও দলগুলো জানে, তাদের ম্যাচ কবে। তবে বিশ্বকাপের এক বছর আগে কয়েকটা দলের অবস্থান নির্ধারিত থাকলেও অনেকের তা নেই।

১৪ দলের মধ্যে ৭টা দলের অবস্থান ঠিক করে দিয়েছে আইসিসি। প্রি সিডিং পদ্ধতিতে ভারত এ১ হিসেবে নির্ধারিত। অস্ট্রেলিয়া এ২, পাকিস্তানের অবস্থান এ৩ হিসেবে বিবেচনা করা হয়েছে। বি গ্রুপে ঠিক হয়ে গেছে চারটা দলের অবস্থান। আয়োজক দক্ষিণ আফ্রিকা বি২। নিউজিল্যান্ডকে ধরা হয়েছে বি১। শ্রীলঙ্কা এখানে বি৩। সপ্তম দল হিসেবে ইংল্যান্ড এখানে এবি৪। অর্থাৎ বাংলাদেশ, আফগানিস্তানের মতো দলের অবস্থান এখানে ঠিক করা নেই।

যে সাত দল সুপার সেভেনে উঠবে, তারা গ্রুপ পর্বে যেমনই খেলুক, সুপার সেভেনে সেই পজিশনের দল হিসেবে বিবেচিত হবে। কিন্তু সাত দলের বাইরে কেউ যদি ওঠে সুপার সেভেনে, তাহলে কি সে পারবে না? অবশ্যই পারবে। আসল খেলাটা এখানেই।

ধরে নেওয়া যাক বি গ্রুপ থেকে শ্রীলঙ্কাকে টপকে সুপার সেভেনে উঠল বাংলাদেশ। তখন বাংলাদেশের অবস্থান ধরা হবে বি৩। একই ভাবে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকাকে টপকে যদি মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, নাহিদ রানারা ওঠেন সুপার সেভেনে, বাংলাদেশের অবস্থান সেভাবেই বিবেচনা করা হবে। অন্যান্য দলগুলোর ক্ষেত্রেও হিসাবটা একই হবে।

অন্যদিকে ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে পড়েছে আফগানিস্তান। এই গ্রুপে আছে ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও। যদি ভারতকে টপকে আফগানিস্তান সুপার সেভেনে চলে যায়, তখন আফগানরা হবে এ১। অস্ট্রেলিয়া, পাকিস্তানকে পেছনে ফেলে আফগানরা উঠলে অবস্থানটা সেভাবেই ধরা হবে। তবে বাংলাদেশ, আফগানিস্তান যেকোনো দলেরও এবি৪ হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি ইংল্যান্ডের পরিবর্তে কেউ ওঠে।

এখানে এবি৪ রাখার আরও এক কারণ রয়েছে। সেটা হলো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সংস্করণের কারণে। ১৪ দলের বিশ্বকাপে প্রথমে রাউন্ড রবিন পদ্ধতিতে হবে তিন দলের সুপার সিরিজ। এখানে খেলবে কোয়ালিফায়ার ১, কোয়ালিফায়ার ২ ও কোয়ালিফায়ার ৩। সরাসরি খেলা ১১ দল এবং প্রথম রাউন্ড (সুপার সিরিজ) থেকে আসা ১ দল—১২ দলকে দুই গ্রুপ ‘এ’ ও ‘বি’তে ভাগ করা হবে। প্রত্যেক গ্রুপে থাকছে ছয়টি করে দল।

দুই গ্রুপের শীর্ষে থাকা প্রথম তিন দল মিলিয়ে ছয় দল তো উঠবেই। সঙ্গে থাকছে দুই গ্রুপ মিলিয়ে এরপরের সর্বোচ্চ পয়েন্ট পাওয়া আরও ১ দল—সব মিলিয়ে ৭ দল খেলবে সুপার সেভেনে। এই সপ্তম দলটাকে আলাদা করতেই এবি৪ অবস্থান ধরা হয়েছে। ‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গে পড়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও কোয়ালিফায়ার ‘এ’। ‘বি’ গ্রুপের বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও কোয়ালিফায়ার ‘বি’।

১৯৯৯ থেকে শুরু করে ২০২৩ পর্যন্ত সাত ওয়ানডে বিশ্বকাপের প্রত্যেকটিতেই খেলেছে বাংলাদেশ। সর্বোচ্চ সফলতা পেয়েছে ২০১৫ বিশ্বকাপে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে উঠেছিল। আগামী বছরের অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়া মিলিয়ে হবে ওয়ানডে বিশ্বকাপ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত