বাংলাদেশ-জিম্বাবুয়েকে ছাপিয়ে নিজেদেরই চ্যাম্পিয়ন দাবি করছে আফগানরা

সংযুক্ত আরব আমিরাতকে আফগানিস্তান ক্রিকেট দলের দ্বিতীয় বাড়ি বললেও ভুল হবে না। ১৭ বছরে নিজেদের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে না পারলেও আয়োজক হিসেবে আফগানরা খেলে এই মরুর দেশেই। একারণেই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে বাংলাদেশ-জিম্বাবুয়েকে ছাপিয়ে আফগানরা নিজেদের ফেবারিট মানছে।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। গতকাল সিরিজের ট্রফি উন্মোচন করা হয় আবুধাবিতে। তিন দলের তিন অধিনায়ক লিটন দাস, সিকান্দার রাজা, রহমত শাহ সিরিজ শুরুর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন। আফগান অধিনায়ক বলেন, ‘আমার মতে ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানই শিরোপা জয়ের জন্য ফেবারিট। কারণ, বেশির ভাগ ম্যাচই আমিরাতে খেলেছি, যার অধিকাংশ আবুধাবি কিংবা শারজায়।’
বাংলাদেশ-আফগানিস্তান সবশেষ সাদা বলে দ্বিপক্ষীয় সিরিজ খেলেছিল গত বছরের অক্টোবরে। শারজায় অনুষ্ঠিত তিন টি-টোয়েন্টিতে বাংলাদেশ জিতলেও ওয়ানডে সিরিজে প্রতিশোধ নিয়েছিল আফগানরা। বাংলাদেশকে ৩-০ ব্যবধানে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করেছিল আফগানরা। তিনটি ওয়ানডে হয়েছিল আবুধাবিতে। এবার আবুধাবিতে হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে-আফগানিস্তানের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। রহমত বলেন, ‘এখানকার কন্ডিশনের সঙ্গে পরিচিত হওয়ায় আমরা কিছুটা বাড়তি সুবিধা পাব বলে মনে করি।’
আফগানিস্তান নিজেদের ফেবারিট দাবি করলেও বাংলাদেশ-জিম্বাবুয়েকে খাটো করে দেখছে না। রহমতের মতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে। গতকাল সাংবাদিকদের আফগান অধিনায়ক বলেন, ‘আমি বলব না যে অন্য দলগুলো (বাংলাদেশ-জিম্বাবুয়ে) ভালো নয়। তবে হ্যাঁ, সব দলই এই টুর্নামেন্টের জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। দারুণ প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে সিরিজে।’
রহমতের নেতৃত্বেই কদিন আগে আফগানিস্তান আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে হারতে থাকা টেস্ট ড্র করে। এই টেস্টে অধিনায়কত্বের অভিষেকে সেঞ্চুরি-ফিফটি করে রেকর্ড বইয়ে নাম লেখান তিনি। ১৩ অক্টোবর ম্যাচ ড্রয়ের পর রহমত জানিয়েছিলেন, এই ড্র আফগানদের কাছে জয়ের সমান।
সেই রহমত এবার বাংলাদেশ-জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অধিনায়ক। লাল বল থেকে সাদা বলের ক্রিকেট—সংস্করণ ভিন্ন হলেও আফগান অধিনায়কের মতে আবুধাবি টেস্ট ড্র করায় ত্রিদেশীয় সিরিজে দলকে বাড়তি অনুপ্রেরণা দেবে। রহমত গতকাল বলেন, ‘এই টেস্টে যখন বাংলাদেশের অবস্থান বেশ শক্তিশালী ছিল, সেখান থেকে ড্র করাটা আমাদের জন্য বড় অর্জন। এই ম্যাচ ড্র করাটা ওয়ানডে সিরিজে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’
আবুধাবিতে পরশু মুখোমুখি হবে আফগানিস্তান-জিম্বাবুয়ে। একই মাঠে ২১ অক্টোবর বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ত্রিদেশীয় সিরিজে প্রত্যেকে একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। ফাইনাল ২৩ অক্টোবর।











