জিম্বাবুয়ের বিপক্ষে নামার আগে মিরাজকে নিয়ে দুশ্চিন্তা

নেতৃত্ব বদলের পর প্রথম ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। তবে মাঠে নামার আগেই দলে দুশ্চিন্তা মেহেদী হাসান মিরাজকে নিয়ে। জ্বরে ভুগছেন এই অলরাউন্ডার। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে তাঁকে পাওয়া যাবে কি না, তা নিশ্চিত করে বলতে পারেননি নতুন অধিনায়ক লিটন দাস। তবে মিরাজের দ্রুত সুস্থ হয়ে ওঠার আশা করছেন তিনি।
জিম্বাবুয়ের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সেই সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন মিরাজ। সিরিজ শেষে ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেন তিনি। তাঁর জায়গায় দায়িত্ব পান লিটন। এবার জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে নতুন অধিনায়কের নেতৃত্বে খেলবে বাংলাদেশ।
মিরাজের অসুস্থতার কথা জানিয়ে লিটন সংবাদ সম্মেলনে বলেন, ‘ম্যাচের বিষয়টি এখনও বলতে পারছি না, তবে যতটুকু আমি জানি ও একটু জ্বরে ভুগছে। তাই আমি আশা করি যে ও সুস্থ হয়ে উঠবে এবং খেলতে পারবে।’
এবারের দলে নতুন মুখ না থাকলেও ওয়ানডেতে নতুন অভিজ্ঞতার সামনে আলিস আল ইসলাম। বাংলাদেশের হয়ে এখনো ওয়ানডে খেলা হয়নি এই রহস্য স্পিনারের। এশিয়ান গেমসে টি-টোয়েন্টি অভিষেকের পর এবার তাঁকে ওয়ানডে দলে নিয়েছে বাংলাদেশ। লিটনের মতে, আলিসকে আন্তর্জাতিক ওয়ানডেতে সুযোগ দেওয়ার উপযুক্ত সময় এখনই।
আলিসের সামর্থ্যের ওপর আস্থার কথা জানিয়ে অধিনায়ক বলেন, ‘আলিস সীমিত ওভারের ক্রিকেটে অনেক ভালো। বিশেষ করে যখন টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলা হয় বাংলাদেশে, সে নিজেকে প্রমাণ করেছে। তো আমার মনে হয় এটাই উপযুক্ত সময় তাকে দলের সাথে যুক্ত করার এবং দলের সাথে থেকে সে যদি এখান থেকে অনেক কিছু করতে পারে এবং বাংলাদেশ দলকে দিতে পারে, তাহলে বাংলাদেশ দলের জন্যই লাভজনক হবে।’
সিরিজে বাংলাদেশের আরেকটি বড় চ্যালেঞ্জ ব্যাটিং। সাম্প্রতিক ওয়ানডে ম্যাচগুলোতে পুরো ৫০ ওভার ব্যাটিং করে ইনিংস শেষ করতে পারেনি দল। জিম্বাবুয়ের বিপক্ষে আগের সিরিজেও এই ঘাটতি ছিল। এবার ব্যাটিংয়ে ওপরের সারির পাশাপাশি নিচের দিকের ব্যাটসম্যানদেরও দায়িত্ব নিতে হবে বলে মনে করেন লিটন।
ব্যাটিং ইউনিটের প্রত্যাশা তুলে ধরে তিনি বলেন, ‘ব্যাটিং ইউনিট হিসেবে, যেহেতু আপনি যে কথাটা বললেন যে আমরা এখানে ৫০ ওভারের খেলা খেলতে পারি নাই, এমনকি জিম্বাবুয়েতেও খেলতে পারি নাই। আমাদের দায়িত্ব থাকবে যারা ব্যাটিং করব আমরা ৬-৭ নম্বর পর্যন্ত, তারা যেন খেলাটা শেষ করে আসতে পারি।’









