Ajker Patrika

সাবেক পরিচালকসহ বিপিএল ফিক্সিংয়ে অভিযুক্ত তিনজনকে নিষিদ্ধ করল বিসিবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ২২
সাবেক পরিচালকসহ বিপিএল ফিক্সিংয়ে অভিযুক্ত তিনজনকে নিষিদ্ধ করল বিসিবি
বিপিএল ফিক্সিংয়ে অভিযুক্তদের নাম জানাল বিসিবি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে অভিযোগের যেন শেষ নেই। নেতিবাচক কারণে বারবার খবরের শিরোনাম হওয়া বিপিএলে ফিক্সিং কেলেঙ্কারির ঘটনা দেখা যায় হরহামেশাই। এবার তিন ব্যক্তিকে বিপিএলে ফিক্সিংয়ে জড়ানোর অভিযোগে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যাঁদের মধ্যে আছেন বিসিবির সাবেক পরিচালকও।

বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের (বিসিবিআইইউ) পরিচালিত তদন্তের ভিত্তিতে তিন জনকে অভিযুক্ত করা হয়েছে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশের ক্রিকেট বোর্ড। তদন্তগুলো ছিল ১২তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে। সেই তিন ব্যক্তি হলেন মুহাম্মদ মুখলেসুর রহমান শামীম, জাকির হোসেন ও রাকিবুল ইসলাম সানি। তিন জনের বিরুদ্ধেই আইসিসির ২০২৪ দুর্নীতিবিরোধী বিধিমালা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

শামীম-জাকির-সানির বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে রয়েছে—২০২৬ বিপিএলে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা, দুর্নীতিমূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য গোপন করা, দুর্নীতিবিরোধী তদন্তে সহযোগিতা না করা এবং তদন্তে বাধা দেওয়া বা তদন্ত প্রক্রিয়া বিলম্বিত করা।



১. মুহাম্মদ মুখলেসুর রহমান শামীম

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদে অডিট কমিটির চেয়ারম্যান ছিলেন শামীম। ফিক্সিংয়ের অভিযোগ আসায় ২০২৬ বিপিএল চলার সময়ই পদত্যাগ করেন শামীম। ২০২৬ বিপিএলে ম্যাচ বা ম্যাচগুলোর ফল, অগ্রগতি, পরিচালনা বা অন্য কোনো দিক প্রভাবিত করার জন্য ম্যাচ ফিক্সিং করা, ফিক্সিংয়ের পরিকল্পনা করা, অনৈতিকভাবে প্রভাব বিস্তার করা কিংবা এ ধরনের কোনো চুক্তি বা প্রচেষ্টার অংশ হওয়া—অথবা এমনটি করার চেষ্টা করার অভিযোগ রয়েছে। কাউকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্ররোচিত করা বা উৎসাহিত করা, ফিক্সিং সংশ্লিষ্ট প্রস্তাব পেয়ে সেগুলো যথাসময়ে দুর্নীতিবিরোধী কর্মকর্তাকে জানাতে ব্যর্থ হওয়া, এমনকি দুর্নীতিমূলক কর্মকাণ্ডের প্রমাণ হিসেবে কোনো তথ্য গোপন করা, মুছে ফেলার মতো অভিযোগও রয়েছে।

২. জাকির হোসেন

জাকির ছিলেন বিসিবির সাবেক নিরাপত্তা বিষয়ক লিয়াজোঁ কর্মকর্তা। ২০২৬ বিপিএলে কোনো ম্যাচ বা একাধিক ম্যাচগুলোর ফল, অগ্রগতি, পরিচালনা বা অন্য কোনো দিক প্রভাবিত করতে ম্যাচ ফিক্সিং করা, ফিক্সিংয়ের পরিকল্পনা করা, অনৈতিকভাবে প্রভাব বিস্তার করা কিংবা এ ধরনের কোনো চুক্তি বা প্রচেষ্টার অংশ হওয়া, দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়াতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্ররোচিত, উৎসাহিত করা, যথেষ্ট বা গ্রহণযোগ্য কারণ ছাড়া আইসিসির মনোনীত দুর্নীতিবিরোধী কর্মকর্তা (ড্যাকো) পরিচালিত তদন্তে সহযোগিতা করতে ব্যর্থ বা অস্বীকৃতি জানানো—এসব অভিযোগ রয়েছে। দুর্নীতিবিরোধী নীতিমালার ৪.৩ ধারার অধীনে জারি করা জবাবের নোটিশ মেনে চলতে বিষয়টিও অন্তর্ভুক্ত।

৩. রাকিবুল ইসলাম সানি

সানি ছিলেন বিসিবির অডিট কমিটির সদস্যসচিব। বিসিবির বগুড়া জেলার সাবেক কাউন্সিলরও তিনি। তাঁর বিরুদ্ধে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়ানোর প্রস্তাব বা আমন্ত্রণের পূর্ণাঙ্গ বিবরণ দুর্নীতিবিরোধী কর্মকর্তাকে (ড্যাকো) জানাতে ব্যর্থ হওয়া, যথেষ্ট বা গ্রহণযোগ্য কারণ ছাড়া ড্যাকো পরিচালিত সম্ভাব্য দুর্নীতিমূলক কর্মকাণ্ডের তদন্তে সহযোগিতা করতে ব্যর্থ বা অস্বীকৃতি জানানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। দুর্নীতিবিরোধী নীতিমালার ৪.৩ ধারার অধীনে জারি করা জবাবের নোটিশ মেনে চলতে ব্যর্থ হওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত।

অভিযুক্ত তিনজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। দুর্নীতিবিরোধী বিধিমালার আওতায় চলমান শৃঙ্খলাজনিত প্রক্রিয়ার অংশ হিসেবে অভিযোগের নোটিশ পাওয়ার পর নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগের দিতে ১৪ দিন সময় দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত