Ajker Patrika

এবার নিউজিল্যান্ডের কাছে ধরাশায়ী ভারত

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১৭: ৪৭
এবার নিউজিল্যান্ডের কাছে ধরাশায়ী ভারত
ভারতের বিপক্ষে অবশেষে জিতল নিউজিল্যান্ড। ছবি: ক্রিকইনফো

ওয়েলিংটনে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে যা হয়েছিল, তা বোঝাতে সুনামি, সাইক্লোন শব্দগুলোও যেন কম পড়ে যায়। ভিডিও গেমসের মতো ঝোড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন অভিষেক শর্মা। তিন দিন পর আজ এক রকম প্রতিশোধ নিল নিউজিল্যান্ড। অকল্যান্ডে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ভারতকে হেসেখেলে হারিয়েছে কিউইরা।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে ভারত আগেভাগেই সিরিজ নিশ্চিত করেছে। যার মধ্যে ওয়েলিংটনে ২৭ অক্টোবর তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের দেওয়া ১৯৯ রানের লক্ষ্য তাড়া করে ৪০ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছিল ভারত। এবার ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে নামা নিউজিল্যান্ড চতুর্থ টি-টোয়েন্টিতে পেয়েছে ৮৭ রানের জয়। কিউইরা সহজে জিতলেও চার ম্যাচ শেষে ভারত এগিয়ে ৩-১ ব্যবধানে।

নিউজিল্যান্ডের দেওয়া ২৬৬ রানের লক্ষ্যে নেমে প্রথম ওভারেই ২ উইকেট হারায় ভারত। ইনিংসের প্রথম বলে সঞ্জু স্যামসন চার মারলেও পরের বলেই তাঁকে ফিরিয়েছেন জ্যাকব ডাফি। একই ওভারের পঞ্চম বলে ইশান কিষাণকে ফেরান ডাফি। ঈশান রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন।

০.৫ ওভারে ২ উইকেটে ৪ রানে পরিণত হওয়া ভারতের হাল ধরেন শ্রেয়াস আইয়ার ও অভিষেক শর্মা। তৃতীয় উইকেটে ২২ বলে ৪৬ রানের জুটি গড়েন অভিষেক শর্মা ও শ্রেয়াস আইয়ার। পঞ্চম ওভারের তৃতীয় বলে আইয়ারকে (২২) ফিরিয়ে জুটি ভাঙেন অ্যাডাম মিলনে। এটাই ভারতের ইনিংসে সর্বোচ্চ রানের জুটি।

আইয়ারের নেতৃত্বাধীন ভারত এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। যদিও নিউজিল্যান্ডের ফিল্ডাররা একের পর এক ক্যাচ ছেড়েছেন। বেভান জ্যাকবস দুটি ক্যাচ মিস করেছেন। যার মধ্যে নামান ধীরের ক্যাচ ধরতে গিয়ে জ্যাকবস সেটাকে ছক্কা বানিয়ে দিয়েছেন। আরেক কিউই ফিল্ডার ম্যাট ফিশারও ক্যাচ মিস করেছেন। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ২৬০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ভারত জেতা তো দূরে থাক, কাছাকাছিও যেতে পারেননি। ২০ ওভার ব্যাটিং করেও ৯ উইকেট হারিয়ে ১৭২ রানে থেমে যায় সফরকারীরা। সর্বোচ্চ ৩৫ রান করেন তিলক ভার্মা। খেলেছেন ৩৫ বল। নিউজিল্যান্ডের ডাফি ৪ ওভারে ২৩ রানে নিয়েছেন ৪ উইকেট।

প্রথম তিন টি-টোয়েন্টির মতো আজ চতুর্থ টি-টোয়েন্টিতেও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক শ্রেয়াস আইয়ার। টস হেরে আগে ব্যাটিং পাওয়া নিউজিল্যান্ডের স্কোর একটা পর্যায়ে হয়ে যায় ১০.৪ ওভারে ৪ উইকেটে ১১২ রান। পঞ্চম উইকেটে মাইকেল ব্রেসওয়েল-গ্লেন ফিলিপসের ৪১ বলে ১১৫ রানের জুটিই কিউইদের ২৫০ পেরোতে সহায়তা করে।

জুটি গড়ার পথে ফিলিপস আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন। তবে তিন অঙ্কের ঘরে হয়তো যেতে পারতেন না। ১৪তম ওভারের শেষ বলে অক্ষর প্যাটেলকে সুইচ হিট করতে যান ফিলিপস। নামান ধীর লং অফ থেকে দৌড়ে এসেও নাগাল পাননি। ৫৭ রানে বেঁচে যাওয়া ফিলিপস ১০৭ রান করেছেন। ৪৯ বলের ইনিংসে ৬ চার ও ১০ ছক্কা মেরেছেন। তিনিই হয়েছেন ম্যাচসেরা। নিউজিল্যান্ড ২০ ওভারে ৭ উইকেটে করে ২৫৯ রান। ভারতের মায়াংক যাদব ৪ ওভারে ৪৮ রানে নিয়েছেন ৩ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত