Ajker Patrika

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগমুহূর্তে ধাক্কা খেলে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৮ জুন ২০২৬, ১১: ৪৬
বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগমুহূর্তে ধাক্কা খেলে অস্ট্রেলিয়া
বাদ পড়েছেন হেড ও মার্শ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগেই দল নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে ঘোষিত দলে শেষ মুহূর্তে তিনটি পরিবর্তন এনেছেন সফরকারীরা।

ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ সফর থেকে ছুটি নিয়েছেন ওপেনার ট্রাভিস হেড। আইপিএল শেষ করে জাতীয় দলে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি এই সফরে থাকছেন না। অন্যদিকে গোড়ালির চোট পুরোপুরি না সারায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছেন অধিনায়ক মিচেল মার্শ। একই সঙ্গে পাকিস্তান সফরে পাওয়া হ্যামস্ট্রিং চোটের কারণে দলে জায়গা ধরে রাখতে পারেননি লেগস্পিনার তানভীর সাঙ্ঘা।

এই তিনজন না থাকায় বাংলাদেশ সফরের দলে জায়গা পেয়েছেন ম্যাট শর্ট, ওলি পিক ও টড মারফি। সাদা বলের দলে প্রথমবার ডাক পেয়েছেন লেগস্পিনার মারফি। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্লে-অফ খেলার কারণে পাকিস্তান সফরে ছিলেন না হেড। এরপর বাংলাদেশ সফরের দুই সিরিজের দলে নাম থাকলেও অতিরিক্ত ম্যাচের চাপ বিবেচনায় তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। টি-টোয়েন্টি দলে তাঁর বিকল্প হিসেবে কাকে নেওয়া হবে, সে বিষয়ে পরে সিদ্ধান্ত জানাবে অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে আইপিএলের সময় পাওয়া গোড়ালির চোটের কারণে পাকিস্তান সফর মিস করেছিলেন মার্শ। বাংলাদেশ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সিরিজেই তাঁর ফেরার আশা করা হয়েছিল। তবে আপাতত ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না এই অলরাউন্ডার। এখন তাঁর লক্ষ্য ১৭ জুন শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের আগে ফিট হয়ে ওঠা।

মার্শের অনুপস্থিতিতে এবং নিয়মিত ওয়ানডে অধিনায়ক বিশ্রামে থাকায় পাকিস্তান সফরের মতো বাংলাদেশেও ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিস। মার্শ টি-টোয়েন্টি সিরিজের আগেও সুস্থ হতে না পারলে সেই দায়িত্বও পালন করতে হতে পারে তাঁকে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দল:

ওয়ানডে: জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন দারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস (অধিনায়ক), ম্যাথু কুনেম্যান, মার্নাস লাবুশেন, টড মারফি, ওলি পিক, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।

টি-টোয়েন্টি: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথিউ কুহনেম্যান, রাইলি মেরিডিথ, জশ ফিলিপে, ম্যাথু রেনশ ও অ্যাডাম জাম্পা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত