Ajker Patrika

‘আরেকটি শিরোপা এনে দিতে পারিনি, এ জন্য আমি দুঃখিত’

ক্রীড়া ডেস্ক    
‘আরেকটি শিরোপা এনে দিতে পারিনি, এ জন্য আমি দুঃখিত’
ফাইনাল হারের দুঃস্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় স্কালোনিকে। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনাল হারের সাত দিন পর সামাজিক মাধ্যমে আবেগঘন এক বার্তা দিয়ে আলোচনায় এসেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। স্পেনের কাছে শিরোপা হাতছাড়া হওয়ায় সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। একই সঙ্গে দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এই বিশ্বকাপজয়ী কোচ।

নিজ শহর পুজাতোতে কয়েক দিন ধরে সংবর্ধনা ও ভালোবাসায় সিক্ত হওয়ার পর ইনস্টাগ্রামে দেওয়া দীর্ঘ পোস্টে স্কালোনি লিখেছেন, ‘তোমাদের জন্য আরেকটি কাপ এনে দিতে পারিনি, এ জন্য আমি দুঃখিত।’

ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। সেই হারের পর মানসিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে তিনি লেখেন, ‘দুঃখ আর আনন্দ এক হয়ে গেছে। অশ্রু আর হাসি, যন্ত্রণা আর প্রশান্তি—সবকিছু যেন একসঙ্গে মিশে আছে।’

আর্জেন্টিনার সমালোচকদের একহাত নিয়েছেন স্কালোনি। পোস্টে বড় হাতের অক্ষরে তিনি লেখেন, ‘যারা আমাদের চেনেই না, তাদের কাছ থেকে বারবার বরফ-ঠান্ডা পানির বালতি সহ্য করতে হয়েছে।’

বার্তার শেষদিকে খেলোয়াড়, কোচিং স্টাফ এবং এএফএর সব কর্মীর প্রতি কৃতজ্ঞতা জানান স্কালোনি। বিশেষ করে পর্দার আড়ালে থেকে দলের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে কাজ করা ব্যক্তিদের আলাদাভাবে ধন্যবাদ দিয়েছেন আর্জেন্টিনার কোচ। ওই পোস্টের শেষ লাইনে তিনি লিখেছেন, ‘যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে একটি অমূল্য সম্পদ আছে।’

স্কালোনির এই পোস্টের পর আবারও তাঁর ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে। আর্জেন্টিনা দলের সঙ্গে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হবে। চুক্তি নবায়ন করবেন কি না, সে বিষয়ে এখনো কিছু জানাননি। তবে নতুন চুক্তিতে ২০৩০ সাল পর্যন্ত স্কালোনিকে ধরে রাখতে চায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত