ভরাডুবির মাঝে বাংলাদেশের আরও বড় দুঃসংবাদ

দোহায় বাংলাদেশ ‘এ’ দলের অবস্থা এমনিতেই খুব খারাপ। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১৪৬ রানেই শেষ বাংলাদেশ ‘এ’। রাইজিং স্টার্স এশিয়া কাপের এমন ভরাডুবির মধ্যে আরও বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ। টুর্নামেন্টই শেষ হয়ে গেল মোহাম্মদ সাইফউদ্দিনের।
রাইজিং স্টার্স এশিয়া কাপ থেকে সাইফউদ্দিনের ছিটকে যাওয়ার কথা আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গ্রেড-২ সাইড স্ট্রেইনের চোটে পড়েছেন তিনি। ৩০ বছর বয়সী বাংলাদেশের অলরাউন্ডারের তাই টুর্নামেন্টই শেষ হয়ে গেল। তাঁর পরিবর্তে দলে এসেছেন এসএম মেহেরব।
শুধু তা-ই নয়। রাইজিং স্টার্স এশিয়া কাপ থেকে দুই পরিবর্তন আনতে হয়েছে বিসিবিকে। ইয়াসির আলী চৌধুরী রাব্বি ও পারভেজ হোসেন ইমনকে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে। বাংলাদেশ ‘এ’ দলে এবার তাঁদের পরিবর্তে সুযোগ পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন ও মাহমুদুল হাসান জয়।
হংকং, আফগানিস্তান ‘এ’—প্রথম দুই ম্যাচের দুটিতে জিতে বাংলাদেশ ‘এ’ দলের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। শ্রীলঙ্কা ‘এ’ দলের অবস্থাও একই রকম। দোহায় আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়ছে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য। জয়ী দল সেমিফাইনালে খেলবে ভারতের বিপক্ষে। ভারত ‘এ’ দল ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়ে সেমিতে উঠেছে। পাকিস্তান ‘এ’ দল উঠেছে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে।







_11zon-620220-256x144.webp)

