Ajker Patrika

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের সূচি প্রকাশ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১: ৪১
বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের সূচি প্রকাশ
২০১৭ সালে নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলেছিল বাংলাদেশ। ফাইল ছবি

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ১৩ থেকে ২৬ আগস্ট পর্যন্ত দুই ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আজ এক বিবৃতিতে সিরিজের সূচি ও ভেন্যুর নাম প্রকাশ করেছে সংস্থাটি।

ডারউইনের মারারা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট। দ্বিতীয় ও শেষ ম্যাচ শুরু হবে ২২ আগস্ট থেকে; ভেন্যু ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা। এর আগে ২০০৩ সালে সবশেষ অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। সে সফরের দুটি ম্যাচ হয়েছিল ডারউইন ও কেয়ার্নসে। তার পরের বছর ডারউইনে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিল অজিরা। দীর্ঘ বিরতির পর আবার লাল বলের ম্যাচ ফিরছে ভেন্যুটিতে। অন্যদিকে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হবে ১০ হাজার দর্শক ধারণ ক্ষমতার রিফ অ্যারেনায়।

২০০৩ সালের সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাই হয়েছিল খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বাধীন বাংলাদেশ। দুটি ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছিল সফরকারীরা। এবার দ্বিতীয়বারের মতো তাসমান পাড়ের দেশটিতে টেস্ট সিরিজ খেলতে যাওয়ার অপেক্ষায় বাংলাদেশ। এই সিরিজটি ২০২৫-২০২৭ চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আট ম্যাচের সাতটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে অস্ট্রেলিয়া।

২০১৭ সালের পর প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। সেবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারীদের হারিয়েছিল সাকিব, তামিম, মুশফিকরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সংস্করণে সেটা বাংলাদেশের একমাত্র জয়। দীর্ঘ বিরতির পর দুই দলের টেস্ট সিরিজ ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, ‘উত্তর অস্ট্রেলিয়ায় আবার টেস্ট ক্রিকেট ফিরিয়ে আনতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশের বিপক্ষে একটি দারুণ সিরিজের অপেক্ষায় আছি। আন্তর্জাতিক সূচি খুবই ব্যস্ত হলেও আগস্ট মাসে বিশ্বমানের ভেন্যু পাওয়ায় আমরা গ্রীষ্মের বাইরেও টেস্ট ক্রিকেট আয়োজন করতে পারছি। মারারা স্টেডিয়াম এবং গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা সাম্প্রতিক মৌসুমগুলোতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ক্ষেত্রে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে।’

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের সূচি :

প্রথম টেস্ট: ১৩-১৭ আগস্ট, ডারউইন

দ্বিতীয় টেস্ট: ২২-২৬ আগস্ট, ম্যাকাই

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত