Ajker Patrika

সাকিব বললেন, ভালোর কোনো শেষ নেই

ক্রীড়া প্রতিবেদক
সাকিব বললেন, ভালোর কোনো শেষ নেই

বোলার সাকিব ছন্দেই ছিলেন, দুশ্চিন্তা ছিল ব্যাটসম্যান সাকিবের ফেরা নিয়ে। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর সাকিবের ব্যাট যেন কথা বলতেই ভুলে গিয়েছিল। ৭ ওয়ানডেতে এ সময়ে সাকিবের রান ছিল ২৫.৫ গড়ে ১৫১। ব্যাটসম্যান সাকিব ফুরিয়ে গেলেন কি না, এমন প্রশ্নও উঠেছিল। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে সাকিব অবশ্য সব প্রশ্নের জবাব দিয়ে দিলেন। ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে অলরাউন্ডার সাকিব জ্বলে উঠলেন এই সিরিজে। পেলেন সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও। তবে সাকিব মনে করেন তাঁর ও দলের আরও ভালো করার সুযোগ ছিল।

এই তিন ম্যাচে সাকিবের রান ৭২.৫০ গড়ে ১৪৫। দ্বিতীয় ম্যাচে দলের বিপর্যয়ে রুখে দাঁড়িয়ে খেলেছেন ৯৬ রানের হার না মানা ইনিংস। সাকিব অবশ্য মনে করছেন আরও ভালো করার সুযোগ ছিল তাঁর। সিরিজ সেরার পুরস্কার হাতে সাকিব বলেছেন, ‘যেভাবে অবদান রাখতে পেরেছি তাতে খুশি। তবে ভালোর তো শেষ নেই, তাই সে দিক থেকে আরও ভালো করতে পারলে আরও ভালো লাগত। কিন্তু যেভাবে সিরিজটা গেল সে দিক থেকে খুশি।’

টি–২০ বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজ কতটা গুরুত্বপূর্ণ জানতে চাইলে সাকিব বলেন, ‘অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। প্রতিটা সিরিজই গুরুত্বপূর্ণ। কারণ এখন হয়তো কিছু পরীক্ষা করার সময় আছে। দলের ভেতরে সেরা সমন্বয়টা কেমন হবে তা খোঁজার চেষ্টা করা যাবে। একই সময়ে দল যখন ভালো ফল দেবে এটা দলের আত্মবিশ্বাস বাড়াবে। সেই দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ সিরিজ (জিম্বাবুয়ে) এটা।’

প্রথম ওয়ানডে বাদ দিলে শেষ দুই ম্যাচে কিছু জায়গা বাংলাদেশকে পরীক্ষায় ফেলেছে জিম্বাবুয়ে। সেই পরীক্ষাগুলোকে কীভাবে দেখছেন সাকিব, ‘বেশ কিছু জায়গায় আমাদের পরীক্ষায় পড়তে হয়েছে। আমরা মনে হয় ভালোভাবেই সেই পরীক্ষাগুলো উতরাতে পেরেছি। যেটা বলছিলাম যে, আসলে ভালো কোনো শেষ নেই কিংবা উন্নতির কোনো শেষ নেই। তাই এখান থেকে আরও যতটা বেশি উন্নতি করা যায় পরবর্তী সিরিজে এবং তার পরের সিরিজে সে চেষ্টা করতে হবে। এভাবে আসলে নিয়মিত উন্নতি করতে পারলে চূড়ান্ত যে লক্ষ্য আছে সেটা অর্জন করা সম্ভব হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত