Ajker Patrika

‘ভারত ম্যাচের শিক্ষা নিয়ে বাংলাদেশকে ঘায়েল করবে আফগানিস্তান’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
‘ভারত ম্যাচের শিক্ষা নিয়ে বাংলাদেশকে ঘায়েল করবে আফগানিস্তান’
এখন পর্যন্ত দুই টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। দুই দলই একবার করে জিতেছে। ছবি: ক্রিকইনফো

২০১৭ সালে টেস্ট মর্যাদা পেলেও আফগানিস্তান গড়ে বছরে দুটি করে টেস্ট খেলারও সুযোগ পায় না। সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত ম্যাচ খেলা আফগানরা ক্রিকেটের রাজকীয় সংস্করণে খেলে দীর্ঘ বিরতিতে। টেস্টে তাদের পারফরম্যান্সও আশানুরূপ নয়। আফগানিস্তানের প্রধান কোচ রিচার্ড পাইবাস বাংলাদেশের বিপক্ষে ম্যাচটাকেই পাখির চোখ করেছেন।

সবশেষ আফগানিস্তান টেস্ট খেলেছে এ বছরের জুনে ভারতের বিপক্ষে। নিউ চন্ডীগড়ে দুই দিনে শেষ হওয়া টেস্টে আফগানরা ইনিংস ও ৩০০ রানে হেরেছে। চার মাস পর আগামীকাল আবুধাবিতে আফগানরা খেলতে নামছে বাংলাদেশের বিপক্ষে। আজ যখন পাইবাস সংবাদ সংবাদ সম্মেলনে আসেন, তখন ভারত টেস্টের প্রসঙ্গ এনেছেন। আবুধাবিতে সাংবাদিকদের আফগান কোচ বলেন, ‘আমাদের লক্ষ্য প্রত্যেক টেস্ট জেতা। ভারত ম্যাচ থেকে আমাদের যা অভিজ্ঞতা হয়েছে, সেখান থেকে শিখছি। বাংলাদেশের বিপক্ষে খেলতে উন্মুখ হয়ে আছি।’

ভারত সেই ম্যাচে এক ইনিংসে ব্যাটিং করে ৮ উইকেটে ৫৬৪ রানে ইনিংস ঘোষণা করেছে। এই আট উইকেটের ছয়টিই নিয়েছেন মোহাম্মদ সেলিম সাফি। টেস্টে এটা তাঁর প্রথম ফাইফার। তিনি এবার আছেন বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের দলেও। আজ সংবাদ সম্মেলনে আফগান কোচ বলেন, ‘সেলিমসহ অন্য খেলোয়াড়েরা ভারতে একেবারে অসামান্য ছিল। এই শিক্ষাকে কাজে লাগিয়ে সামনে এগিযে যেতে চাই। আমাদের লাল বলের দলকে শক্তিশালী করতে হবে। যতটা সম্ভব খেলতে হবে।’

৯ বছরে কেবল ১৩ টেস্ট খেলে আফগানিস্তান জিতেছে কেবল চারটিতে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে আট হারের মধ্যে তিনটিতেই ইনিংসে হেরেছে আফগানরা। এদিকে আগামী বছরের অক্টোবর-নভেম্বরে হবে ওয়ানডে বিশ্বকাপ। পাইবাসের মতে টেস্ট ও ওয়ানডে বিশ্বকাপের হিসেব করে আইসিসি ভবিষ্যৎ সফরসূচি বানালে সেটা সবার জন্য উপকারী হবে। আজ আফগান কোচ বলেন, ‘টেস্টের দিক থেকে নতুন এফটিপি (ভবিষ্যৎ সফরসূচী কেমন হতে পারে, সেটা দেখতে উন্মুখ হয়ে আছি। আশা করি আমরা ভালো পরিমাণে ম্যাচ পাব। সামনে আমাদের ওয়ানডে বিশ্বকাপ রয়েছে। আমি চাই পরবর্তী বিশ্বকাপের আগে যতটা সম্ভব ওয়ানডে খেলি। আপনারা জানেন এই টেস্ট দলটি ধীরে ধীরে উন্নতি করছে।’

গত বছরের নভেম্বর থেকে হিসেব করলে বাংলাদেশ ৭ টেস্ট খেলে পাঁচটিতে জিতেছে। হেরেছে দুটিতে। নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিমরা যেমন ছন্দে আছেন। বোলিংয়ে তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানারা প্রতিপক্ষকে কাঁপিয়ে দিচ্ছেন। ম্যাকাইতে সবশেষ টেস্টে শরীফুল ৪৮ রানে ৭ উইকেট নিয়ে বিদেশে বাংলাদেশের সেরা বোলিংয়ের কীর্তি গড়েছেন। অস্ট্রেলিয়া সেই ম্যাচ হারলেও শরীফুল বেশ প্রশংসা কুড়িয়েছেন।

পাইবাসের মতে আফগানিস্তান বেশি বেশি টেস্ট পেলে এই সংস্করণে আরও উন্নতি করতে পারবে। বাংলাদেশ টেস্টের আগে আফগান কোচ বলেন, ‘এক বর্ষপঞ্জিকায় ১০টির বেশি টেস্ট খেলতে চাইবেন। কিন্তু আমাদের সেই সৌভাগ্য হয়নি। বাংলাদেশ দুর্দান্ত দল। তারা অনেক বেশি সময় ধরে টেস্ট খেলছে।’

দীর্ঘ ২৬ বছরে ১৬১ টেস্ট খেলে বাংলাদেশ জিতেছে ২৮ ম্যাচ। হেরেছে ১১৪ টেস্ট। ড্র করেছে ১৯ টেস্ট। যার মধ্যে বাংলাদেশ-আফগানিস্তান এখন পর্যন্ত দুই টেস্টে মুখোমুখি হয়েছে। দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। মিরপুরে সবশেষ ২০২৩ সালের জুনে আফগানদের বিপক্ষে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের ৫৪৬ রানের জয়ের সেই ম্যাচে তিনি হয়েছিলেন ম্যাচসেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত