Ajker Patrika

‘৯১ রানে অলআউটের পর বাংলাদেশের পরের ব্যাটিং কোচ কে’

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১২: ৪৮
‘৯১ রানে অলআউটের পর বাংলাদেশের পরের ব্যাটিং কোচ কে’
দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯১ রানেই শেষ বাংলাদেশ। ছবি: এএফপি

ব্যাটিংয়ে বাংলাদেশের ভরাডুবি নতুন কোনো ঘটনা নয়। বোলাররা নিজেদের সেরাটা দিলেও ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশের হারতে হয় একের পর এক ম্যাচ। এবার দক্ষিণ আফ্রিকা সফরে দক্ষিণ আফ্রিকান ব্যাটিং কোচ ডেল বেনকেনস্টাইনকে নেওয়া হলেও বদলায়নি চিত্র। সাবেক বাংলাদেশি ক্রিকেটার আফতাব আহমেদ তাই এমন অবস্থা দেখে সমালোচনা করতে ছাড়েননি।

ডারউইনে গত আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ৯ উইকেটে জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটে ৯ ম্যাচে জয়হীন বাংলাদেশ। যার মধ্যে দুটি টেস্ট ড্র হয়েছে এবং বাকি সাত ম্যাচ হেরেছে। এমন হতাশাজনক অবস্থার মূল কারণ বাজে ব্যাটিং। গতকাল রাতে বাংলাদেশের লাগাতার ব্যাটিং ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন আফতাব। যেখানে সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ৪৯৪ রান করেছে, অথচ বাংলাদেশের ব্যাট থেকে এসেছে মাত্র ৯৮ রান। বাংলাদেশের বাজে ব্যাটিংকে কাঠগড়ায় তুলে যুক্তরাষ্ট্রপ্রবাসী ক্রিকেটার লিখেছেন, ‘৯১ রানে অলআউট। এখন তাহলে বাংলাদেশের পরবর্তী ব্যাটিং কোচ কে।’ বাক্যটা শেষ করতেই তিনটা প্রশ্নবোধক চিহ্ন জুড়ে দিয়েছেন আফতাব।

গত ২৮ অক্টোবর মিরপুরে শুরু হয়েছিল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ। শেষটা হয়েছিল ৯ নভেম্বর সিলেটে দ্বিতীয় টেস্ট ড্রয়ের মাধ্যমে। তবে টেস্ট সিরিজ শুরুর আগমুহূর্তে ২৪ অক্টোবর বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল মোহাম্মদ আশরাফুলকে। অথচ ২০২৫ সালের নভেম্বর থেকে এ বছরের অক্টোবর পর্যন্ত তাঁর অধীনে বাংলাদেশের ব্যাটিং তুলনামূলক ভালোই ছিল। মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাসের মতো তারকা ক্রিকেটাররা করেছিলেন সেঞ্চুরি।

ব্যাটিং কোচ হিসেবে নিজের অভিজ্ঞতা নিয়ে আশরাফুল ২৫ অক্টোবর সাক্ষাৎকার দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, ‘আলহামদুলিল্লাহ খুবই ভালো। আটটা টেস্ট ম্যাচে কাজ করছি। পাঁচটা জিতেছি, একটা ড্র। ব্যাটারদের প্রায় ৪৫-৫০ গড়। ওয়ানডেতে ১৪ ম্যাচ কাজ করছি। সেখানে ব্যাটাররা শেষ চার-পাঁচ ম্যাচে ভালো করেনি। আগের ৯ ম্যাচ যদি দেখেন, আমরা অস্ট্রেলিয়ার মতো দলকে সিরিজ হারালাম। নিউজিল্যান্ড, পাকিস্তানকেও হারিয়েছি। সেখানেও আপনি ব্যাটারদের গড় দেখেন, ৪৫-৫০ গড়ে খেলেছে।’

বাংলাদেশ ক্রিকেটের সমালোচনা করতে বিন্দুমাত্র পিছু পা হন না আফতাব। কদিন আগে তিনি প্রশ্ন তুলেছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের অধীনে অবকাঠামোগত উন্নয়ন হলেও ক্রিকেটার কি সঠিক প্রক্রিয়ায় তৈরি হচ্ছে। আর দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের কোচিং স্টাফে বেনকেনস্টাইনের সঙ্গে আছেন আরও এক দক্ষিণ আফ্রিকান মালিবংগোয়ে মাকেতা। গত পরশু বাংলাদেশের সহকারী কোচ মাকেতা ৯১ রানে অলআউট হওয়ার পর হতাশা প্রকাশ করেছিলেন। অথচ জোহানেসবার্গে প্রথম টেস্টের প্রথম ইনিংসেই ৪০০ রান করেছিল বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত