Ajker Patrika

জাতীয় লিগে সোহান-মিঠুনের সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় লিগে সোহান-মিঠুনের সেঞ্চুরি
সেঞ্চুরি করেছেন মোহাম্মদ মিঠুন ও নুরুল হাসান সোহান। ছবি: বিসিবি

৭৩ রানে ৪ উইকেট হারানোর পর খুলনার ইনিংস কোথায় গিয়ে থামে, সেটিই ছিল দেখার বিষয়। সেই অবস্থান থেকে দিন শেষে ২৮০ রান তুলেছে দলটি। ময়মনসিংহের বোলারদের হতাশ করে এই ঘুরে দাঁড়ানোর নায়ক মোহাম্মদ মিঠুন ও নুরুল হাসান সোহান। পঞ্চম উইকেটে ১৬৭ রান যোগ করার পথে দুজনই তুলে নিয়েছেন সেঞ্চুরি।

জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের প্রথম দিনে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে মিঠুনের ব্যাট থেকে এসেছে ১১৯ রান। ১৬৯ বলের ইনিংসে ১২ চার ও ৫ ছক্কা মেরেছেন ৩৫ বছর বয়সী এই ব্যাটার। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তাঁর ১৭তম শতক।

অন্য প্রান্তে সোহান ছিলেন দিনের শেষ পর্যন্ত অটল। ১০৪ রান নিয়ে অপরাজিত থেকে দিন শেষ করেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। ১৮০ বলের ইনিংসে মেরেছেন ৯ চার ও ২ ছক্কা। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তাঁর ১৩তম সেঞ্চুরি। ময়মনসিংহের হয়ে ইয়াসিন আরাফাত ৪০ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।

বগুড়ায় রংপুরের বিপক্ষে রাজশাহীর ইনিংসও শুরু হয়েছিল বিপর্যয় দিয়ে। ৪২ রানের মধ্যে ৫ উইকেট হারানোর পর দলকে টেনে তুলেছেন এস এম মেহেরব হাসান। ১৩ চার ও ১৩২ বলে ৮২ রান নিয়ে অপরাজিত আছেন এই তরুণ অলরাউন্ডার। তাঁর সঙ্গে ২৮ রানে অপরাজিত নিহাদ উজ জামান।

ভেজা আউটফিল্ডের কারণে দেড় ঘণ্টা দেরিতে শুরু হয় ম্যাচটি। হাবিবুর রহমান হংকং সিক্সেস খেলতে যাওয়ায় তাঁর জায়গায় সুযোগ পাওয়া ইমন আলী ফিরেছেন শূন্য রানে। অধিনায়ক প্রীতম হাসানও রানের খাতা খুলতে পারেননি। সাব্বির, নাঈম ও শাকিরের বিদায়ের পর সানজামুল ইসলামকে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়েন মেহেরব। সানজামুল ১১ রান করে ফিরলেও এরপর আর উইকেট পড়তে দেননি মেহেরব ও নিহাদ। ৫৯ ওভারে ৬ উইকেটে ১৫৫ রান নিয়ে দিন শেষ করেছে রাজশাহী। রংপুরের মেহেদী নিয়েছেন ৩ উইকেট।

সিলেটে দিনের সেরা বোলিং করেছেন হাসান মুরাদ। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ৫০তম ম্যাচে নেমে ৭৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন চট্টগ্রামের বাঁহাতি স্পিনার। তাঁর সঙ্গে আশরাফুল হাসানের ৩ উইকেটে ২১৮ রানে গুটিয়ে গেছে সিলেট।

সিলেটের ব্যাটারদের মধ্যে একমাত্র ফিফটি করেছেন আশরাফুল। আগের চার রাউন্ডে দুটি সেঞ্চুরি করা এই ব্যাটার করেন ৫১ রান। শেষ দিকে খালেদ আহমেদ ও ইকবাল হোসেনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে দুই শ পার করে সিলেট। দশম উইকেটে মাত্র ২৩ বলে ৪১ রান যোগ করেন তাঁরা। খালেদের সংগ্রহ ২৪ বলে ২৮, ইকবাল ৮ বলে ১৩ রানে অপরাজিত।

জবাবে ১৫ ওভারে ১ উইকেটে ৬৪ রান করেছে চট্টগ্রাম। ৩৫ রানে অপরাজিত মাহমুদুল হাসান জয়। দিনের শেষ ওভারে ২৮ রান করে ফিরেছেন সাদিকুর রহমান। উইকেটটি নিয়েছেন আসাদুল্লাহ আল গালিব।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ঢাকা ও বরিশালের ম্যাচে অবশ্য বল মাঠে গড়ায়নি। ভেজা আউটফিল্ডের কারণে প্রথম দিন টসই করা সম্ভব হয়নি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত